রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭

ভক্তবলি

(বাংলাদেশের ঝিলাইদহে আরো একজন পূজারী খুন হলেন - সংবাদ )

জনপদ হতে দূরে 
শান্ত শীর্ন নদীতীরে 
শতাব্দী প্রাচীন রাধাকৃষ্ণের দেউল। 
ভক্ত , কীর্তনীয়া , সুফী , সাঁই , দরবেশ , বাউল 
আসে তারা সকাল সন্ধ্যায় ,
ভজে যে যার নিজের ঠাকুর , আর গান গায়। 


সেবাইত বনমালী দাস 
মন্দিরেই থাকে বারোমাস 
চল্লিশবছর ধরে একটানা। 
সদা হাসি মুখে তার। সহজ সরলমনা 
নিরীহ এ সেবকের সুমিষ্ট কথায় 
সবাকার প্রাণ ভরে যায়। 


রোগে , শোকে , দুঃখে , যন্ত্রনায় 
শান্তনা পাবার ভরসায় 
কত নরনারী এসে বসে যে এখানে -
মাধবী মালতী ঘেরা মন্দির প্রাঙ্গনে। 

সবার মঙ্গল চেয়ে বারবার 
ঠাকুরের কাছে দরবার 
করে বনমালী -
পরনে থানের ধুতি গায়ে নামাবলী। 

অকস্মাৎ অন্ধকারে ডুবে গেল সব। 
বিদীর্ন কন্ঠের ক্ষীণ দীন আর্তরব
একপল শোনা গেল ! তারপর নাই !
হায় , হায় ! একি রূপে এলে শ্যামরায় !

নিজ হাতে নিকানো অঙ্গনে 
ভক্তের শেষ কথা লেখা  হল রক্ত আলিম্পনে 
'শুন রে মানুষ ভাই 
সবার ওপরে মানুষ সত্য তাহার উপরে নাই। '

-----------------------------------------------

1 টি মন্তব্য:

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...