ভাই আমার , সহোদর , আত্মার আত্মীয়
ছেড়ে গেছে মনে হয় অগুন্তি বছর।
ভেসে আসে কণ্ঠস্বর - সে আকাশবাণী
কানে ভাসে কিছুক্ষন পশে না মরমে
পাইনা গায়ের গন্ধ, হাতের পরশ।
ভালো আছে এই টুকু জানি। সুখে আছে
মানি। সান্ত্বনা বুকে নিয়ে বাঁচি। তবুও
জল -ঝরা দিনশেষে ভিজা আঙ্গিনায়
শান্ত সন্ধ্যার এই অলস প্রহরে -
মনে পড়ে সেই চোখ , সেই কচিমুখ ,
অসহায় সেই ডাক , "দিদি , তুই কই ?"
চমকে আপনা ভুলি , ডাকি , "ওরে ভাই ,
এই আমি , আয় , খেয়ে নিবি , আয়। ওই
নামল আঁধার ঘোর ঘন বরষায়। "
সম্বিৎ ফিরে আসে বিদ্যুৎ শিখায় -
ভরা-জল চোখ মুছে দেখি কেউ নাই।
------------------------------------------------