রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

O Liberty, let the bird fly.

O Liberty, let the bird live

I fly above the sky, over the mounds and hills,
The oceans, rivers, cities, meadows and fields.
None but the dark or sombre clouds or mists,
Tempests, showers or hails hinder my sail.
But I fear not, neither furl my wings ever ;
Nor l throttle my voice of beauty and joyous life.
But I fear you, the man bereft of mercy,
With fiery fierce gun in hand aiming at me
Lurking nowhere, to strip of my liberty,
To call upon Hell to my being, my existence !

O humanity, what benignity you've bestowed,
Brought upon the frail? but what did Prometheus  
To save Life and Civilization that you boast of,
And by that eternal damnation suffers nature
Is fire, in thousand form --  hatred, animosity,
Malice, hostality, detestation -- such and so on
Are flameless but more Infernal than the fire
That burns the corpse in the crematorium pyre.

Dulal Chandra Bandyopadhyay
16-08-2024
(Republished 29/12/2024)
Bangalore.
_______________________________________________





শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

O Liberty, let the bird live

O Liberty, let the bird live

I fly above the sky, over the mounds and hills,
The oceans, rivers, cities, meadows and fields.
None but the dark or sombre clouds or mists,
Tempests, showers or hails hinder my sail.
But I fear not, neither furl my wings ever ;
Nor l throttle my voice of beauty and joyous life.
But I fear you, the man, bereft of mercy,

With fiery fierce gun in hand aiming at me
Lurking nowhere, to strip of my liberty,
To call upon Hell to my being, my existence !

O humanity, what benignity you've bestowed,
Brought upon the frail? but what did Prometheus  
To save Life and Civilization that you boast of,
And by that eternal damnation suffers nature
Is fire, in thousand form --  hatred, animosity,
Malice, hostality, detestation -- such and so on
Are flameless but more Infernal than the fire
That burns the corpse in the crematorium pyre.

Dulal Chandra Bandyopadhyay
16-08-2024
Bangalore.
_______________________________________________





বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

Birth Day writes down the night of the Last Supper.

The Birth Day writes down the night of the 

Last Supper. 


Oh ! My running is now slowing down ;
For yonder I see a lightless world.
A waveless sea of gloom invisible,
And irresistible for me to plunge In.
The worrisome path of life, burdened with
Illusions, my soul finds redemption at last.
Sufferings I love more than the joyous Heaven.
Ask not why, as you know, my sweet heart,
For the whole humanity knows for sure
That the God Himself seeks assuagement
When His loving creature man holds out
His hands for a cup of blood nor of His'
But of his brother for the Last Supper.

Dulal Chandra Bandyopadhyay
December 25, 2o24
Kolkata.

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

বাঙলা ও বাঙালীর দুর্গতি --- পর্ব তিন।

বাঙলা ও বাঙালীর দুর্গতি --- পর্ব তিন, 

মানুষের ধর্ম ও আমরা বাঙলী। 


দ্বিতীয় পর্বে আলোচনা করেছি, বাঙালী কি 'সনাতনী' ?

সেই সূত্র ধরেই তৃতীয় পর্বের আরম্ভ এবং এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের ভাবনা কি ছিল, সেটিও খোঁজার চেষ্টা করব আমরা। অবশ্য সমসাময়িক কালের রবিকরসমুজ্বল আরো কিছু বিদগ্ধ ব্যক্তিত্বের চিন্তার কথাও‌ অবধারিতভাবে এসেই যাবে।
বাংলা (অখণ্ড বাঙলা) শুধুমাত্র মুষ্টিমেয় কুলগর্বে উন্নাসিক কুলীন ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য সম্প্রদায়ের ভদ্রাসন ছিল এমন তো নয়। বর্তমানে 'বাঙালী' নামে  সামগ্রিকভাবে যে জনগোষ্ঠীকে আমরা চিনি সকলেই এক নরগোষ্ঠির লোক যে নয় তার সাক্ষী আছে বাঙালীর ইতিহাস। বিচিত্র ও বিভিন্ন নরগোষ্ঠীর লোক নিয়েই বৃহত্তর বাঙালী-জনের গঠন, যে জনসমষ্টি বহুদিন পর্যন্ত  আলাদা আলাদা কোমে বিভক্ত ছিল এবং শতাব্দীর পর শতাব্দী ধরে তারা কৌম জীবনেই অভ্যস্ত ছিল। নির্দিষ্ট একটি কোম এক একটি বিশেষ স্থান দখল করে স্ব-স্বতন্ত্রপরায়ণ স্ব-সম্পূর্ণ জীবন যাপন করত। অন্য কোমের সঙ্গে যোগাযোগ ছিল অত্যন্ত ক্ষীণ বা ছিলই না একেবারে। বিধি নিষেধও ছিল কঠোর। যার ফলে বিচিত্র সব কোমের মধ্যে বৃহত্তর, ঐক্যবদ্ধ জনচেতনা গড়ে ওঠেনি  কখনোই। অতীত বাঙলার সেই বিচ্ছিন্ন, বহুধা বিভক্ত কৌমচেতনা আজও বিদ্যমান। আজও বঙ্গ জনসমাজ শতধা বিভাজিত। যে বাঙালী জাতিসত্তার কল্পমূর্তি অঙ্কন করে আমরা গর্ব বোধ করি তা আসলে তথাকথিত উচ্চবর্ণের বর্ণাভিমানের রক্ষণশীলপন্থী বিপ্লবসঞ্জাত কল্পনাবিলাস। 


বঙ্গ জনসমাজের এই যে বিষম কৌম বিভাজন তাইই বাঙালীকে কখনো সম্পূর্ণরূপে সুসংগঠিত হতে দেয় নি। দ্বাদশ শতাব্দীতে তুর্কীদের সর্বধংসী আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ছিল না। কেননা উন্নাসিক ব্রাহ্মণ্যগর্বী সমাজের বাইরে যে বিশাল অব্রাহ্মণ জনগোষ্ঠী ছিল তাদের সঙ্গে ঐ উচ্চবর্ণের রাজা ও রাজন্যবর্গের কোনরূপ একাত্মতা ছিল না। আজও তা নেই। সেদিনও এই সামাজিকভাবে অবহেলিত, অস্পৃশ্য, উচ্চবর্ণের পঙক্তি-ভোজনে ব্রাত্য প্রান্তিক মানুষদের কাছে ইসলামধর্মকে বরণ করতে দ্বিধা জাগেনি এবং ইসলাম পরবর্তী খ্রীষ্টান পাদ্রীদের উপদেশ গ্রহণ করতেও সঙ্কোচ হয় নি। বরং নিজের দেশের উচ্চবর্ণের উপেক্ষার, ঘৃণার আঘাত থেকে বাঁচার ও পরবর্তী প্রজন্মকে বাচাঁনোর জন্য তারা 'একগোষ্ঠী'-মানসিকতা-বিশিষ্ঠ ইসলামধর্মের শরণাপন্ন হয়েছিল। পরে 'ইসলাম' যখন 'রাজার-ধর্ম' হোল  তখন ধর্মান্তরিতদের 'ঐহিক ও পারলৌকিক' সুখের পর্যাপ্ত প্রতিশ্রুতি। তাই উমাপতি ধরের ন্যায় কবিকেও যবন প্রশস্তি লিখতে হয়েছিল। দ্বাদশ শতাব্দীতে সেন বংশ ধ্বংসকারী 'যবনবীরদের' বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা বঙ্গজনপদে না থাকার কারণ ছিল ঐ পূর্ব-উল্লেখিত জাতি বা বর্ণগত বিভাজন। উচ্চ বর্ণাভিমানীরা তখন কবি জয়দেবের দশাবতার স্তোত্রের বাহানা দিয়ে ভেবেছিলেন বা ভাবিয়েছিলেন যে ঘোড়সওয়ার তুর্কী আক্রমণকারীরা ঈশ্বরের কল্কি  অবতার।
উমাপতি ধর ছাড়াও তুর্কীবিজয়ের অব্যবহিত পরেকার লেখা রামাই পণ্ডিতের শূন্য পুরাণে বাঙালী 'হিন্দু'র মনোভাবের সামান্য পরিচয় পাওয়া যায়। 


"ধর্ম হৈলা যবনরূপী    শিরে পরে কাল টুপী
           হাতে ধরে ত্রিচক কামান
ব্রহ্ম হৈলা  মহম্মদ     বিষ্ণু হৈলা পেগম্বর
           মহেশ হৈলা বাবা আদম
দেখিয়া চণ্ডিকা দেবী    তেঁহ হৈলা হায়া বিবি।" 


এইরূপে ভয়ঙ্কর এক বিপর্যয় বাঙলার ভাগ্যাকাশে উল্কাপিণ্ডের আকস্মিকতায় নেমে এল। তুর্কীদের  আক্রমণে বাঙলার পুরাতন ধর্মধারণা, সংস্কার, যুগ যুগ আচরিত রীতি নীতি যখন বিধ্বস্ত তখন বিহ্বল বিক্ষিপ্ত  জনচিত্তকে দূরদৃষ্টিহীন সংকীর্ণবুদ্ধি ভাগ্যনির্ভর ধর্মোপদেষ্টারা স্তোকবাক্য দিলেন যে 'এ যে বিধাতার অমোঘ বিধান।'
ইংরেজদের আগমনকালেও সেই একই সমাজ-সংকট এবং ধর্মসংকট। এমন সব আধিভৌতিক, আধিদৈবিক (প্লাবন, অনাবৃষ্টি, মন্বন্তর) এবং  আধ্যাত্মিক (ধর্মান্তরণ) মহাবিপন্নতা, (যা সুদূর অতীতে নয়, দ্বাদশ শতাব্দী থেকে বিংশ শতাব্দী) প্রায় হাজার বছর ধরে ভোগ করার পর একটি স্খলিত, বহুধা বিভক্ত জাতির কাছ থেকে ঐক্যবদ্ধ একটি জাতিসত্তা আশা করা যায় কি ? 

"কাজেই মধ্য-পর্বের সুদীর্ঘ শতাব্দীর পর শতাব্দী জুড়িয়া বাঙালীর ভাগ্য বা দৈব নির্ভরতা ঘুচিল না, আত্মশক্তিতে বিশ্বাস ও ফিরিয়া আসিল না।"
উদ্ধৃত অংশটি বাঙালীর ইতিহাস রচয়িতা ও গবেষক নীহার রঞ্জন রায় মহাশয়ের। 


বঙ্গাব্দ ১৩৫৬ সাল নাগাদ এই পুস্তক যখন প্রকাশিত হয় তখনও এই বঙ্গভূমি অতীতের পর্যায়ক্রমিক বিড়ম্বনা থেকে মুক্তি পায়নি। লেখককে তখনও (ভূমিকায়) লিখতে হয়েছিল, "আজ গ্রন্থরচনা যখন শেষ হইল, রাষ্ট্রবিধাতার ইচ্ছা ও কূটকৌশলে দেশ তখন দ্বিখণ্ডিত এবং ভারতবর্ষের সঙ্গে তাহার অনাদিকালের নাড়ীর সম্মন্ধ বিচ্ছিন্ন। দুই হাজার বছরের ইতিহাসে বাঙলাদেশ কখনও এত গভীর এত ব্যাপক দুর্ঘটনার সম্মুখীন হয় নাই। ....... দুর্ভিক্ষ, রাষ্ট্রবিপ্লব,দেশচ্ছেদ, প্রান্তীয় দ্বেষ ও হিংসা, চারিত্রদৈন্য, আর্থিক দুর্গতি প্রভৃতি সকল শত্রু মিলিয়া আজ বাঙলা দেশকে এবং মূঢ় আশাহত বাঙালী জাতিকে চরম দুর্গতির মধ্যে আনিয়া ফেলিয়াছে।"
বাঙলা ও বাঙালীর ইতিহাস রচনা করে সমাপ্তির প্রান্তে দাঁড়িয়ে ঐতিহাসিকের বিষাদময় আর্তনাদ। বাঙলার  ১৯৪০-'৫০-য়ের এমন ঘনঘোর সঙ্কটের নিরাশার নিরালোক কী এড়ানো যেতো না ?
ঊনবিংশ শতক জুড়ে মুক্ত উদার মানসিকতার মানবিক আলো জ্বালানোর প্রয়াস হয়নি কি ?
হয়েছিল। বাঙলার নবজাগরণ মিথ্যা ছিল না। রাজা রামমোহন রায় (১৭৭২-১৮৩৩), ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) থেকে শুরু করে ১৯৪১সালে বাঙলার শেষ রবি ভাগীরথীর কূলে অস্তমিত হওয়া পর্যন্ত যে কালখণ্ড তা ছিল এই বঙ্গভূমির নবচেতনার যজ্ঞাগ্নিশিখা প্রজ্বলনের যুগ, ক্রান্তিকাল (transition period). এই সময়কালে সমাজ সংস্কার, শিক্ষা-সংস্কৃতির বিস্তার, ইয়োরোপীয় জ্ঞানবিজ্ঞানের প্রচার ও অনুশীলন,  ধর্মধারণায় মানবতাবাদের সংযোজন, নারীশিক্ষার‌, নারী স্বাধীনতার প্রবর্তনা, কৃষিনির্ভরতার বাইরে শ্রমবাজার সৃষ্টি ও শ্রমবিপননের উদ্যোগ, জলপথ-স্থলপথ, রেলপথের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার ক্রমোন্নন -- সমগ্র ভারতবর্ষের সঙ্গে বঙ্গদেশেও নবযুগের সূচনা যে করেছিল সেকথা অস্বীকার করবে কে ?
তা'হলে চল্লিশ-পঞ্চাশের দশকের ঐরূপ বিভীষিকাময় সামাজিক ও সাম্রদায়িক উপপ্লবের সৃষ্টি হোলই বা কেন ?  
১৯৪৬ - '৪৭ কবিতায় জীবনান্দ দাশ লিখছেন,
"বাঙলার লক্ষ গ্রাম নিরাশার আলোহীনতায় ডুবে
নিস্তব্দ নিস্তেল।
সূর্য অস্তে চলে গেলে কেমন সুকেশী অন্ধকার
খোঁপা বেঁধে নিতে আসে --- কিন্তু কার হাতে  ?
আলুলায়িত হয়ে চেয়ে থাকে -- কিন্তু কার তরে ?
হাত নেই --- কোথাও মানুষ নেই  ;
বাঙলার লক্ষ গ্রামরাত্রি একদিন
আলপনার, পটের ছবির মতো সুহাস্যা
পটলচেরা চোখের মানুষী হতে পেরেছিল প্রায়  ;
নিভে গেছে সব। ...........
সৃষ্টির মনের কথা মনে হয় দ্বেষ।" 


কিন্তু কেন ? এই প্রশ্নের মীমাংসা হয় নি, হয় না, হবেও না। অনাদ্যন্ত কাল থেকে বিশ্বসংসারে দুইটি বিশেষ  শিল্পকর্ম সমান্তরাল ভাবে ক্রিয়াশীল। একটি সৃজন, অন্যটি বিনাশ। বিজ্ঞানীরা বলেন একটি মহাসঙ্কোচ (আধুনিক বিজ্ঞানীদেরকে ভাষায় black hole বা কৃষ্ণ গহ্বর) তার চরমতম অবস্থায় মহাবিস্ফোরণের মধ্য দিয়ে বিনাশ পায়। এই বিনষ্টি শূন্যে লীন হয়ে যাওয়ার বিনাশ নয়। সে বিস্ফোরণ থেকে অনন্ত অসংখ্য জ্যোতির্কণা বা নক্ষত্রের জন্ম, নক্ষত্রের দেহাংশ ছিন্ন হয়ে গ্রহ, উপগ্রহ উল্কাপিন্ড, ধূমকেতুরা নাচতে থাকেন, তাঁদের স্রষ্টাকেই পরিক্রমণ করেন। একই সাথে ধংস আর সৃষ্টির দেবতা নটরাজের তাণ্ডবনৃত্যে উতরোল, উন্মত্ত এই অসীম, অপরিমেয় ব্রহ্মাণ্ড। 

ঋষিকবি রবীন্দ্রনাথ তাঁর একটি অতুলনীয় সঙ্গীতে  স্রষ্টার এই সৃজনরঙ্গের ছন্দটি ধরেছেন,
"তব নৃত্যের প্রাণ বেদনায়  বিবশ বিশ্ব জাগে চেতনায়
যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে,
সুখে দুখে হয় তরঙ্গময় তোমার পরমানন্দ হে ..।"

স্রষ্টার নৃত্যলীলার সুরে তালে ছন্দে বিবশ (অচেতন) বিশ্বে সঞ্চারিত হোল চেতনা। বিষয়টি আমাদের প্রাসঙ্গিক আলোচনার আলোকবর্ষ দূরের ; তবুও এই কথাটি বলার যে বিশ্বলোকের উৎসস্রোতের তরঙ্গছন্দে জাগ্রত সেই 'চেতনার' আশীর্বাদ নিয়ে আবির্ভূত হয়েছে মানুষ। কিন্তু কোন্ জ্ঞানবৃক্ষের ফল খেয়ে তার সত্তার এমন আত্মবিস্মরণ, এবং একই সাথে আলোক পিপাসা আর তমসাভিসার ! কেন সৃষ্টি ও ধংসসাধনের যুগল প্রবনতা ?
এক দিকে মানবের অবিশ্বাস্য, অপরূপ সব সৃষ্টি ; আর অপরদিকে রক্তপিপাসায় আত্মহনন, ভ্রাতৃহনন। নারীঘাতী, শিশুঘাতী, কৃষ্টি-সংস্কৃতি-ধংসকারী, কুৎসিৎ বীভৎসা। কেন এহেন বৈপরিত্য ?
এই বৈপরীত্যের কারণ অনুসন্ধান করেছেন, করে চলেছেন কত না মহামানব, হাজার হাজার বছর ধরে আজ পর্যন্ত। কিন্তু জীবধর্ম ও জীবনধর্মের মূলের যে সূক্ষ্মতম ভিন্নতা আছে সেটি আমাদের উপলব্ধির অগোচরেই রয়ে গেল আজও। জীব ধর্মের যে দুটি প্রবনতায় মনুষত্ববোধ মোহগ্রস্ত তাদের একটি লালসা এবং অন্যটি  নৃশংসতা। এই প্রবনতা দুটি মানুষের জীবনধর্মের পরিপন্থী। সকল মানবের একত্বের ধারণার বিপরীতে দাঁড়িয়ে রয়েছে লুব্ধতা। লোভ সঞ্জাত করে মোহ এবং মোহভঙ্গে শোক।
বাঙালী জাতির একাত্মতাবোধের অভাবের জন্যই বাঙালী-জাতিসত্তা গড়ে ওঠেনি। ভবিষ্যতে গড়ে উঠবে এমন আশা করাও বৃথা। 

এবার বাঙলা ছাড়িয়ে সমগ্র বিশ্বের মানবতাহীন মানবসভ্যতার দিকে দৃষ্টি নিবদ্ধ করে কি বলা যায় ---- দীর্ঘ দীর্ঘ কাল অতিবাহিত হলে পর এমন এক যুগ আসবে এই পৃথিবীর বক্ষের উপর যখন সব ভুল সব ভ্রান্তি মূঢ়তা ইতরতা ও হিংস্রতা ধুয়ে মুছে যাবে, সব মানুষের বোধবুদ্ধি আলোকোজ্জ্বল, হৃদয় পবিত্র‌ এবং নিষ্কলুষ হবে ?
এমন এক আশাবাদে বিশ্বাস রেখেছিলেন রবীন্দ্রনাথ  ১৯১৬-'১৭ সালের সময়কালে, যখন প্রথম বিশ্বযুদ্ধের নারকীয় অমানবিকতার দৃষ্টান্ত তাঁর গোচরে আসেনি।
তখন তিনি Personality শীর্ষক একটি বক্তৃতায় বলেছিলেন,
"The spiritual world which is being built of men's life and that of God, will pass its infancy of helpless falls and bruises, and one day will stand firm in its vigour of youth, glad in its own beauty and freedom of movement." 


তারপর তো দু' দুটো বিশ্বযুদ্ধ ! এবং আজও পৃথিবীর বুকজুড়ে নররক্তস্রোত অব্যাহত। আর বাঙলা ? এক কিম্ভুত ধর্মমোহে বাঙালী জাতিসত্ত্বা আজও 'হিন্দু' নামধারী একটি গোষ্ঠী এবং 'মুসলিম' পরিচয়ের অপর একটি সম্প্রদায়, বহুদিন একত্ববোধের তপস্যা করেও ছলনাশ্রয়ী রাষ্ট্র ব্যবস্থার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রশ্রয়ে আবার দুটি  যুযুধান পক্ষে বিভক্ত।
১৩১১ বঙ্গাব্দে এই সাম্প্রদায়িক বিভেদের আসন্ন অমঙ্গলের ইঙ্গিত পেয়েছিলেন রবীন্দ্রনাথ।  বিশ্বৈকানুভূতির বার্তা দিয়েছিলেন 'স্বদেশী সমাজ' রচনায়। 

"ইহাই নিশ্চয় জানা চাই, প্রত্যেক জাতিই বিশ্বমানবের অঙ্গ। বিশ্বমানবকে দান করিবার, সহায়তা করিবার সামগ্রী কী উদ্ভাবন করিতেছে, ইহারই সদুত্তর দিয়া প্রত্যেক জাতি প্রতিষ্ঠা লাভ করে। যখন হইতে সেই উদ্ভাবনের প্রাণশক্তি কোন জাতি হারায়, তখন হইতেই সেই বিরাট মানবকলেবরে পক্ষাঘাতগ্রস্ত অঙ্গের ন্যায় সে ভারস্বরূপ বিরাজ করে।"

আজ বাঙালীর জাতিসত্ত্বা একাধিক হিংসাশ্রয়ী  বিবদমান গোষ্ঠীতে ঘণ্ডে খণ্ডে বিচ্ছিন্ন। আধুনিকতার, আধুনিক সভ্যতার, উদার নিখিলভূবন-পরিব্যপ্ত মানবীয় ধর্মবোধের পরিবর্তে আজ বঙ্গবাসী হয় হিন্দু, নয় অ-হিন্দু। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করি, তুমি কি 'সনাতনী' ? একই শব্দ প্রতিধ্বনিত হয়।
পাই না উত্তর।।

     (প্রবন্ধটি অসম্পূর্ণ রেখে দিয়েই প্রকাশ করা হোল। এটি এতখানিই গবেষণার দাবি রাখে যে সম্পূর্ণটি পুস্তকাকারে প্রকাশের বাসনা রইল।)
ঋণ স্বীকার
নীহার রঞ্জন রায় (বাঙালীর ইতিহাস),
রবীন্দ্রনাথ ঠাকুর,
জীবনান্দ দাশ,
আবু সৈয়দ আইয়ুব (পান্থ জনের সখা) এবং
অপরাপর গবেষকবৃন্দ।
দুলাল চন্দ্র বন্দোপাধ্যায়
৭ই পৌষ, ১৩৩১বঙ্গাব্দ।
২২শে ডিসেম্বর, ২০২৪। 

পরিমার্জিত 

২৪/৫/২০২৬ 

কলকাতা।

______________________________________________










শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

বাঙলা ও বাঙালীর চিরন্তন দুর্গতি। ---- পর্ব দুই। বাঙালী কি সনাতনী ?


বাঙলা ও বাঙালীর চিরন্তন দুর্গতি ---পর্ব দুই। 

বাঙালী কি 'সনাতনী' ? 

(পরিমার্জিত সংস্করণ)

বঙ্গবধূ, পোড়ামাটির ফলক, চন্দ্রকেতুগড়। 
সৌঃ বাঙালীর ইতিহাস/ নীহার রঞ্জন রায়।

সমগ্র হিন্দুধর্মকে সনাতন বলা যায় কি ?
এই প্রশ্নের উত্তরে প্রথমে আমরা দেখি সনাতন শব্দের আভিধানিক অর্থ। সনাতন শব্দের অর্থ যা চিরন্তন, শাশ্বত, নিত্য, চিরস্থায়ী, অক্ষয় বা অপরিবর্তণীয়। এই শব্দার্থের নিরিখে বিচার করলে দেখা যাবে হিন্দুধর্ম শাশ্বতও নয়, অপরিবর্তনীয়ও নয়। কাজেই সামগ্রিকভাবে হিন্দুধর্মকে সনাতন ধর্ম বলার মধ্যে অনেকখানি ভ্রান্তি আছে।
বাবরি মসজিদ ধ্বংসের (৬ ডিসেম্বর, ১৯৯২) পরে পরেই তৎকালীন দেশ পত্রিকার একটি বিশেষ সংখ্যায় সুপণ্ডিত অমলেশ ত্রিপাঠী মহাশয় লিখেছিলেন, 

"সমগ্র হিন্দুধর্মকে সনাতন বলা অনৈতিহাসিক।‌ তা দীর্ঘদিনের, চিরকালের নয়। অনার্য, প্রাগার্য্য, আর্য, বাহ্লিক, গ্রীক, মধ্য এশিয়ার যাযাবরদের নানা জাতিগোষ্ঠি, নানা ভাষাভাষী, নানা প্রগতিশীল এবং অনগ্রসর সংস্কৃতির যে মিলনের ছবি রবীন্দ্রনাথ দেখেছেন, তা গভীর ঐতিহাসিক দৃষ্টির পরিচায়ক।"
ঐতিহাসিক সমাজবিবর্তনের ফলেই গড়ে উঠেছে জাতিভেদ, জন্মান্তরবাদ, কর্মতত্ব ---- বৃক্ষ, যক্ষ, নাগ থেকে বিষ্ণু, শিব, শক্তি। এসেছে গৌতম বুদ্ধের ধর্মধারণার নিরীশ্বরবাদী তত্ত্ব। প্রচলিত হয়েছে নানা দেবতার পূজা, তন্ত্রমন্ত্র ? উপনয়ন, বিবাহ, শ্রাদ্ধের মত মন্ত্রপুত, আচারসর্বস্ব অনুষ্ঠান। পরবর্তীকালে সেই বিধি বিধান নিয়ন্ত্রিত অনুষ্ঠানগুলি লোকাচারে কৌলিক ও সামাজিক হয়ে দাঁড়ালো। ধর্মীয় অনুষ্ঠানগুলি যেমন যাগযজ্ঞ, পূজা, উপাসনা, ব্রত, পার্বণ, বিধিবিধান পালন। অনার্য বা মূল দ্রাবিড়ীয় ধর্মধারণার সঙ্গে মিলন ও মিশ্রণের (assimilation) ফলে বিভিন্ন দেব দেবীর বিগ্রহ --- মূর্তি, প্রতিমার সৃষ্টি হোল। সে সকল বিগ্রহ প্রতিষ্ঠা, রক্ষা, ধর্মালোচন পূজার্চনার জন্য গড়ে উঠল মন্দির, আশ্রম, আখড়া। ইসলামের মসজিদ, খ্রীষ্টানদের গীর্জা এবং বৌদ্ধ-জৈনদের স্তুপ, প্যাগোডা, মঠের কাহিনী অন্যরকম ; অন্য সময় সে কাহিনী বিস্তারে আলোচনা করা যাবে। 


এবার ধর্ম নিয়ে দু'কথা বলে আমরা হিন্দুধর্মে ফিরে যাব। বুৎপত্তিগতভাবে ধর্ম হোল তাই যা ধারণ করে। কাকে ধারণ করে, ব্যক্তি মানুষকে না মনুষ্য সমাজকে ? শুধুমাত্র তাদেরকে, যারা ধর্ম শব্দটির প্রথম আমদানি করেছে, অর্থাৎ ভারতবর্ষের প্রাচীন আর্যদের, নাকি সমগ্র বিশ্বচরাচরকে ? প্রাচীন আর্যদের শ্রুতি বলে, ধর্ম হোল 'ঋত', শাশ্বত সত্য, (পরমাত্মা বা ব্রহ্ম) যা বিশ্বকে --- ভূতরূপ ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ যা বিশ্ববিধান, যা চিরসত্য। যাকে লাভ করতে হলে তপস্যা ও ধ্যানের পথ অবলম্বন করতে হবে এবং যাকে লাভ করলে অন্তরাত্মা একাধারে  চিদানন্দ ভোগ করবে ও মোক্ষ লাভ করবে। জীবাত্মার তাইই শেষ উদ্দিষ্ট ও পরম গতি। প্রথমত তার উপলব্ধির মধ্যে এই সত্য প্রতিভাত হবে যে প্রাণের উৎসে আছে সৃষ্টির আনন্দ এবং শেষ সঙ্গমেও আছে আনন্দ। 


"আনন্দাদ্ধেব খল্বিমানি ভূতানি জায়ন্তে
আনন্দেন জাতানি জীবন্তি
আনন্দং প্রয়ন্তাভিসংবিশন্তি।।"
                   -----তৈত্তিরীয় উপনিষদ। 

এই আনন্দই জীব চৈতন্যের উ্যৎস, আনন্দেই তার স্থিতি এবং আনন্দেই তার বিলয়।
ধর্মের এই সংজ্ঞা (defininition) কি খ্রীষ্টান, মুসলিম বা ইহুদীদের মত বড় বড় ধর্মপ্রতিষ্ঠানগুলি মানবেন? হিন্দুরাই(?) মানবেন কি ? বেদবাদী মীমাংসকরা তো বেদে নির্দেশিত ক্রিয়াকর্ম মানে, ঈশ্বরে বিশ্বাস করে না। এদিকে গীতা-প্রবক্তা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন ধর্ম লোকহিতে, ধর্ম বেদে নেই। 
এবারে পাশ্চাত্য পণ্ডিত দার্শনিকদের কাছে ধর্মের সংজ্ঞা তো বিচিত্র, বিভিন্ন। স্পিনোজা ঈশ্বরে ব্যক্তিত্ব-আরোপন মানেন না কিন্তু ঈশ্বরে নিবেদিতপ্রাণ। এইভাবে কান্ট বললেন ধর্ম হোল 'লক্ষ্যস্থল' (জীবনের চরিতার্থতার চুড়ান্ত স্থান) ; কিছু নীতি (principles) এবং নৈতিকতাবোধ (morality), যেগুলি মানুষকে ঐ লক্ষ্যস্থলে পৌঁছে দিতে সাহায্য করে। এইরপর ফ্রয়েড, রুডলফ অটো, ব্রাডন, আঁদ্রে মনরো, সার্ত্রে, কার্ল মার্কস প্রভৃতি দার্শনিকরা ধর্মের নানাবিধ ব্যাখ্যা দিয়েছেন।  সকলেই শেষ সিদ্ধান্তে নীতিবাদী। তারই মধ্যে ফ্রয়েড মহাশয়, মার্কস মহোদয় এবং ব্রাডন স্যারের সিদ্ধান্ত একটু আলাদা আলাদা।
"ধর্ম হচ্ছে একটা কাল্পনিক আশ্বাস, একটা যৌথ বিকার, মরীচিকার ছলনা।"---সিগমুন্ড ফ্রয়েড।
"ধর্ম হোল বিচ্ছিন্ন মানুষের (alienated) জাতিসত্তার  কল্পনা, আফিং জাতীয় নেশার বস্তু।" ----কার্ল মার্কস।
(আফিংয়ের সঙ্গে, এই লেখকের  মতে, গাঁজা বা hashis যোগ করলে ভালো হোত কেননা এই পোড়া দেশে আমার মতো বাউলবাবা ও আমার বন্ধুর মতো ভষ্মমাখা সাধুবাবারা তাহলে বেজাই খুশী হোতাম)। 

"ধর্ম হচ্ছে মানুষের শঙ্কিত মৃত্যুচেতনার প্রতিক্রিয়া।"
                               ---এস জি এফ ব্রাডন। 


মহান অস্তিত্ববাদী গ্রীক দার্শনিক, পিথাগোরাসের গুরু থেলিস আমাদের উপনিষদের ঋষিদের মতই বলেছেন,
"ধর্ম হোল মানুষের নিজেকে অতিক্রম করে পরমের  (ultimate) অভিমুখে যাত্রার আকুতি।"  

এগুলি তো হোল ধর্ম নামক একটি বিমূর্ত আদর্শের দিক। কিন্তু ধর্ম বলতে আমরা ঐ বিমূর্ত আদর্শকে পালন করি না। পালন করি, লালন করি কিছু অনুষ্ঠান, কিছু  প্রচলিত সংস্কার, কিছু অভ্যস্ত রীতি। হিন্দুদের যাগযজ্ঞ পূজা উপাসনা ব্রত পার্বণ, জন্ম বিবাহ শ্রাদ্ধের সময়ে কিছু কৌলিক ও সামাজিক সংস্কার। তেত্রিশ কোটি না হলেও অন্তত গোটা তেত্রিশটি বা গোটা পঞ্চাশেক দেব দেবীর ভিন্ন ভিন্ন মন্ত্র-তন্ত্র উচ্চারণ করা, দেব দেবীদের পছন্দ মাফিক (individual choice) নৈবেদ্য নির্মাল্য জোগাড় করাও ধর্মাচরণের মধ্যে পড়ে। সমস্ত অনুষ্ঠান, সামাজিক কৌলিক এবং কখনো কখনো ব্যক্তিক যেগুলি ভারতের অ-মুসলমান, অ-খ্রীষ্টানরা পালন করেন -- সমস্তই ধর্ম। সমবেতভাবে দুর্গাপূজার অঞ্জলি দেওয়া যেমন ধর্ম তেমনি একজন পৈতেধারীর (স্বঘোষিত ব্রাহ্মণ) একান্তে গায়ত্রীমন্ত্র জপ করাও ধর্ম। (মুসলমান, খ্রীষ্টান, বৌদ্ধ বা আদিবাসী সম্প্রদায়ের ধর্মাচরণ ভিন্ন প্রসঙ্গ)। 

বাঙলার লোকায়ত ধর্মের সঙ্গে মৌলিক আর্য-ধর্মের, (যে পুরাতন ধর্মধারণা ও ধর্মাচরণ বেদ-বিহিত, ব্রাহ্মণ-উপনিষদ গ্রন্থ এবং সাংখ্য-মীমাংসা-স্মৃতিশাস্ত্র  অনুমোদিত) কোন সাদৃশ্য নাই। মনসা মঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদা মঙ্গলের দেবতারা আর যাই হোন আর্যদের দেবদেবী নন। 

পৌরাণিক কাল থেকে আরেকটি ধর্মধারণার চিন্তা প্রাধাণ্য লাভ করে এবং শ্রেষ্ঠতম ধর্ম বলে বিবেচিত হয়। সেটি সর্বমানবের ধর্ম---মনুষ্যধর্ম বা মানবধর্ম। এই ধর্ম সম্পূর্ণ অ-প্রাতিষ্ঠানিক, অসাম্প্রদায়িক এবং অনুষ্ঠান বর্জিত। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধারম্ভের প্রাককালে জয়াকাঙ্ক্ষী দুর্যোধন মাতা গান্ধারীর নিকট আশীর্বাদ প্রার্থনা করলে দেবী গান্ধারী বলেছিলেন, "যতো ধর্মস্ততোজয়ঃ।" ব্যাসদেব তাঁর ঔরসপুত্র ধৃতরাষ্ট্রকে যুদ্ধ থেকে নিবৃত্ত করার বিফল চেষ্টায় হতাশ হয়ে শেষে ঐ একই কথা বলেছিলেন। এ কোন গ্রন্থনির্ধারিত ধর্ম নয়। কোন religion নয়। গীতায় শ্রীকৃষ্ণের বাণীর প্রতিধ্বনি করে বঙ্কিমচন্দ্রও বলেছেন, ধর্ম লোকহিতায়--লোকের হিতসাধনই ধর্ম। এই ধর্ম কোন শাস্ত্রীয় ধর্ম নয়। মানুষের, সমাজের হিতসাধন ধর্ম না হোক্, অহিতসাধন যে অধর্ম তা কোন ধর্মধারণাই অস্বীকার করতে পারে না। 

 মিথ্যাচার, হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা, শঠতা --- এই সব অপগুণগুলি নৈতিকতার পরিপন্থী এবং অবশ্যই 'অধর্ম'। একই প্রকারে হনন, লুণ্ঠন, নারী নির্যাতন, শিশুনিধন, ধর্ষণ -- এগুলিকেও তো মানবিক বিবেক, মানব সমাজের বিচার অনুমোদন করে না। তা হলে এই সিদ্ধান্তে উপনিত হওয়া যায় যে ধর্ম হোল তাই যা বিশ্ব-মানবজাতির মঙ্গল বিধান করবার জন্যে আচরণীয় সংস্কার। যে সংস্কার বা সংস্কারগুলি আচরণীয় তা হোল কর্ম। এই কর্মের নিরিখে ধর্মের বিচার হোক্ সমাজবিবেক তথা বিশ্ববিবেকের আদালতে।‌ সেই বিচার নরবলি, নারীঘাতী শিশুঘাতী, কৃষ্টি-সংস্কৃতি-ধংসকারী যুদ্ধ, দাঙ্গার মত বীভৎসাকে অনুমোদন করবে না। পরিবর্তে প্রেম, অহিংসা মৈত্রী করুণার মত মানবোচিত সদ্গুণের পক্ষেই রায় দান করবে --  (deliverance of supreme Verdict)। এটিকেই 'মানব সভ্যতার ধর্ম' রূপে গ্রহণ ও লালন করার মধ্যে দ্বন্দ্ব থাকবার কথা নয়।

                                দুই 

বাঙলার জাতিতত্ত্ব ও মিশ্রিত জাতিসত্তা।


"বাঙালী জাতির যুগে যুগে আগত সুদীর্ঘ জাতিপ্রবাহের ইতিহাস আলোচনায় একটি সুস্পষ্ট তথ্য‌ ধরা পড়ে। সেটি এই : নরত্ত্বের দিক হইতে বাঙলার জনসমষ্টি মোটামুটি দীর্ঘমুণ্ড, দীর্ঘ ও মধ্যোন্নতনাস মিশর-এশীয় বা মেলানিড, বিশেষভাবে গোলমুণ্ড, উন্নতনাস আলপাইন বা পূর্ব-ব্রাকিড, এই তিন জনের সমন্বয়ে গঠিত। নিগ্রবটু রক্তের স্বল্প প্রভাবও উপস্থিত, কিন্তু তাহারা সমাজের খুব নিম্নস্তরে এবং সংকীর্ণ স্থান- গণ্ডির মধ্যেই আবদ্ধ। মঙ্গোলীয় রক্তের কিছুটা প্রভাব আছে, কিন্তু তাহাও উত্তর ও পূর্বদিকে সংকীর্ণ স্থানগণ্ডির সীমা অতিক্রম করে নাই। আদি-নর্ডিক বা খাঁটি 'ইণ্ডিড্' রক্ত প্রভাবও অস্বীকার্য, কিন্তু সে ধারা অত্যন্ত শীর্ণ ও ক্ষীণ। মোটামুটিভাবে ইহাই বাঙলা ভাষাভাষী জনসৌধের চেহারা এবং এই জনসৌধের উপরই বাঙালীর ইতিহাস গড়িয়া উঠিয়াছে। এই বিচিত্র সংকর-জন লইয়াই বাঙলার ও বাঙালীর ইতিহাসের সূত্রপাত।"

       - 'বাঙলার ইতিহাস'-- নীহার রঞ্জন রায়। 


গবেষক নীহার রঞ্জন রায় আরো একটি সাহসী ও সত্যকথা লিখেছেন যে, বস্তুত বাঙালী ব্রাহ্মণ- বৈদ্য-কায়স্থ জনতত্ত্বের দিক হইতে একই (বর্ণসংকর)গোষ্ঠীর লোক বলিলে কিছু অবৈজ্ঞানিক কথা বলা হয় না।
বাংলায় সেন রাজাদের আগে প্রায় তিন'শ বছর পাল রাজবংশ রাজত্ব করে। পাল রাজারা ছিলেন বৌদ্ধধর্মের পৃষ্টপোষক। বেদবাদী, ব্রাহ্মণ্যবাদী উত্তর ভারতের উন্নাসিক উচ্চবর্ণের লোকেরা বৌদ্ধ ধর্মকে 'সনাতন' আখ্যা দিতে চায়না। কারণ বৌদ্ধধর্ম বর্ণবিভেদ স্বীকার করে না। কাজেই সেন রাজত্বের আগে বঙ্গদেশে 'সনাতনী' ধারণার অস্তিত্বই ছিল না। এবং সেই জন্যই সেন বংশের (দক্ষিণ ভারতীয় দ্বিজরাজ ওষধিনাথ বংশের উত্তরাধিকারী) দ্বিতীয় রাজা বল্লাল সেন উত্তর ভারতের 'উপাধ্যায়' গোষ্ঠীর কিছু লোককে এনে ব্রাহ্মণ্য সংস্কারের  প্রচলন করেন এবং পরবর্তী সময়ে কৌলিণ্য প্রথা প্রচলিত হয়। 


"আচারো বিনয়ো বিদ্যা প্রতিষ্ঠা তীর্থদর্শনম। 

নিষ্ঠা বৃত্তি তপো দানম্ নবধা কুললক্ষণম্।।" 


এই গুণভিত্তিক কৌলিণ্য প্রথা পরে বংশভিত্তিক হয়ে যায় এবং কিছু অমানবিক, নিষ্ঠুর সামাজিক সংস্কারের জন্ম দেয়। তারি ফলস্বরূপ বাল্য বিবাহ, বহুবিবাহ,‌ সহমরণ, অনুমরণ এবং অন্তর্জলী যাত্রার মত নারকীয় ও বীভৎস সামাজিক অবশ্যকৃত্যগুলির প্রবর্তন হয়েছিল। কাজেই এমনতর একটি ব্রাহ্মণ সমাজকে সনাতনী হিন্দু সমাজ বললে 'সনাতন' শব্দটির কোন গরিমা থাকে কি ? 

আবার বর্তমানে সনাতনপন্থী 'হিন্দু' -- এরূপ একটি সাম্প্রদায়িক ধারণার উদ্ভব ঘটেছে এবং সেটির প্রচার চলেছে আগ্রাসী তৎপরতায়। প্রথমত হিন্দু শব্দটি বৈদিক বা সংস্কৃত শব্দ নয়। যদিও পণ্ডিতদের মতে এটি সিন্ধু শব্দের অপভ্রংশ। শব্দটি, গ্যাভিন ফ্লাডের মতে ফার্সী উচ্চারণ ( অর্থ -- বৃহৎ জলের আধার, অর্থাৎ সিন্ধু নদের পারে যারা থাকে)। এবারে 'হিন্দু' বলতে আমরা যদি ধরেও‌ নি 'প্রাচীন, পরিশুদ্ধ, অবিমিশ্র আর্য জাতি', তবে তারা এখন কোথায় ? সুদূর অতীতের, প্রায় পাঁচ থেকে দশ হাজার বছর পুর্বেকার একটি জাতিগোষ্ঠি যারা মধ্য এশিয়া থেকে দলে উপদলে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়েছিল ইউরোপে, এশিয়াখণ্ডের বিভিন্ন স্থানে --- যুগ যুগান্ত পরে কি আমরা দাবি করতে পারি  আমাদের রক্তের সেই সুপ্রাচীন অবিমিশ্র পরিশুদ্ধতা ? আমাদের পুরাণ কাহিনীগুলির উদাহরণ দিয়ে দেখানো যায় কতকাল আগে থেকে আমরা আর্য ও ন-আর্যর  মিলিত, মিশ্রিত রক্ত বহন করে চলেছি। তারপর তো এই ভারতের মহামানবের সাগরতীরে 'শক্ হুনদল, পাঠান মোগল এক দেহে হোল লীন'। আবার দু'শ বছরের ইংরেজ আধিপত্য (সর্বক্ষেত্রেই) এখনো অর্বাচীন, অমলিন।‌ আর বাঙলা ? সে তো ছিল 'ডাচ-ফরাসী-মগের মুলুক'।
তাহলে সনাতনী হিন্দু কাদের বলব ? নিরামিষাশী  বৈষ্ণবদের নাকি  আমিষাশী শাক্তদের ? (খাদ্যাখাদ্য নিয়ে বেশী কথা এখানে নয়, সে কথা রামায়ণের রামচরিত  আলোচনায় সবিস্তারে বিবৃত করেছি।)
তাই বেদ, ব্রাহ্মণ (বেদেরই অংশ), পুরাণ মন্থন করে এই মীমাংসকরা, নির্দিষ্ট করে‌ ধর্মধ্বজীরা বলতে পারবেন না, ভারতবর্ষে সনাতন কারা। বাংলায় তো, আমার মতে, সনাতনী সুদুর্লভ। 


                      (ক্রমশঃ)
(পরবর্তী পর্ব তিন। সে পর্বে রবীন্দ্র দর্শনে 'মানুষের ধর্ম ' ও বঙ্গবাসী।)
দুলাল চন্দ্র বন্দোপাধ্যায়
২৩/০৫/ ২০২৬
কলকাতা ।
_____________________________________

  





রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

বাঙলা ও বাঙালীর চিরন্তন দুর্গতি

বাঙলা ও বাঙালীর চিরন্তন দুর্গতি,---পর্ব ১ 

 ‌        (পরিমার্জিত সংস্করণ)


শিল্পবিশ্বের অবিস্মরণীয় ভাস্কর অগুস্ত রঁদা (Auguste Rodin, 1840--1917) চেয়েছিলেন --- 'ধর্ম নয়, রাষ্ট্র নয়, মানুষ --- ব্যক্তি মানুষ, তার মন, তার দুঃখ, তার আনন্দ, তার অন্তরের আলো আঁধারের অপার বিশ্বকে তিনি ধরে রাখবেন তাঁর সৃষ্টিতে।' ধরে রেখেছেনও। তাঁর‌ সৃষ্ট The Thinker, The Kiss, The Gates of Hell, Monument to Balzak, Adam -- এসকল ভাস্কর্যগুলি যাঁরা দেখেছেন তাঁরা জানেন কী আকাশ-উদার দৃষ্টিভঙ্গিতে তিনি জগৎ এবং এই জগতের একমাত্র চিন্তাশীল মানব নামক প্রাণীটিকে দেখেছেন।'
তেমন আকাশের মত উদার, সাগরের মত দৃষ্টিতে বাঙলার শিল্পী, সাহিত্যিক, দার্শনিকরাও তো 'জীবন, জগৎ, দেশ ও কাল'-কে ধরেছিলেন, ধরেছেন। ভুলে যাব কি জয়দেব-চণ্ডীদাসের আমল থেকে রবীন্দ্রনাথ- নজরুলের সময়কাল পর্যন্ত কবিদেরকে, ভুলে যাব কি মহাশিল্পী ধীমান ও ভিত্তিপাল থেকে থেকে আরম্ভ‌ করে রামকিঙ্কর বেইজ, মীরা মুখোপাধ্যায় ও শেলিম শেখের মত মহান শিল্পীদের।‌ সুর-সঙ্গীতের জগতে চিরস্মরণীয় হয়ে আছেন ও থাকবেন আলাউদ্দিন খাঁ, বড়ে গোলাম আলি, আলি আকবর খাঁ, পণ্ডিত রবিশঙ্কর, শিশিরকণা ধরচৌধুরী ; গোপেশ্বর বন্দোপাধ্যায় থেকে শুরু করে ভীষ্মদেব চট্টোপাধ্যায় ও দিলীপ রায়। এ সকলি তো গুটিকয় উদাহরণ মাত্র। আরো কত যে ছিলেন, কত যে রয়েছেন। ছিলেন লালন ফকির, হাসান রাজা, ছিলেন আব্বাসউদ্দিন, ভবা পাগলা।
রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি --- এই দুই সঙ্গীতধারা গঙ্গা-পদ্মার যুগ্মধারার মতো একই উৎসমুখ --- আবহমান কালের বঙ্গের হৃদয়গঙ্গোত্রী হতে উৎসারিত হয়ে, এপার ওপার দুপারের আনন্দবেদনার ঊর্মিমালা-মুখরিত কলকলোচ্ছ্বাস সৃজন করেছে, বহন করে চলেছে নিরন্তর, চলবেও অনন্তকাল ধরে। আমি রবীন্দ্র-নজরুল ভক্ত ঝাড়খণ্ডী, তাই নিরপেক্ষ বিচারে বলি, বাঙলা দেশে নজরুলের উপর যে গভীর ও শ্রদ্ধালু গবেষণা হয়েছে, হচ্ছে আজও এবং রবীন্দ্রনাথের ও নজরুলের গান যে আন্তরিক আবেগে গীত হয় তেমনটি আমি এপার বাঙলায় কম দেখি। বাঙলাদেশে এই দুই ধারার শিল্পসম্পদ এখনো তেমন দৃষ্টিকটুভাবে বানিজ্য্যকরণ প্রবনতার মধ্যে আসেনি। দু'দেশের পূর্বতন ও বর্তমানের অনেক মহান শিল্পীদের ক্ষেত্রে এমন সাধারণ বিচার খাটে না --- সে কথাও স্বীকার করি। যদিও বর্তমানে ধর্মীয় সংকীর্ণতামুক্ত সংগীত ও শিল্পচর্চা বাঙলা দেশে যথেষ্টই কুণ্ঠিত। 

দুই বাংলার রবীন্দ্র সঙ্গীত ও নজরুলগীতির এত বিপুল সংখ্যক মধুকণ্ঠ শিল্পী ছিলেন এবং এখনো আছেন যাঁদের নামের তালিকা এতই দীর্ঘ যে সকলের নামের উল্লেখ একটি সংক্ষিপ্ত নিবন্ধের পক্ষে দুর্বহ। অবশ্য এই নিবন্ধটির উদ্দেশ্যও তা নয়। 

আলোচনার প্রারম্ভেই বাঙলার শিল্পকলা বিষয়ে দু'কথা বলা এই কারণেই যে বাঙলা, এপার ওপার মিলিয়ে বাঙলার যে জাতিসত্তা ---- তার একটি অখণ্ড রূপ আছে, এবং একটি মানস-বিগ্রহ আছে। বাঙলার সে রূপের দেখা পাই ভৌগলিক সমতা বা সমরূপতার সৌন্দর্যে ; আর মানস-বিগ্রহের হৃদয়াবেগের অভিব্যক্তি অনুভব করি অবিভাজ্য শিল্প-চেতনায় --- সঙ্গীতে, সাহিত্যে, শিল্পকলায়, ঐতিহ্যে, কৃষ্টিতে ও সংস্কৃতির প্রকাশভঙ্গিমায়। এই যুক্তিতে মিল ও মিলন তো স্বাভাবিক ছিল। কিন্তু পরিস্থিতি তাহলে অস্বাভাবিক হয়েছিল, হয়েছে, হচ্ছেই বা কেন ? এই প্রশ্নের উত্তর সহজ নয়, জটীল। তাও আবার শব্দ প্রয়োগে সামান্য অসতর্ক হলে যাচিত বিড়ম্বনায় জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনাও আছে।
সে কথা মনে রেখেই বলি, পরিস্থিতির অস্বাভাবিকতার মূল কারণ ধর্ম। বঙ্গভূমির যে ভৌগলিক বিভাজন ঘটেছে তার কারণ ধর্ম, আর একই জাতি সত্তার বিভাজনের কারণও ধর্ম বা ধর্মধারণার ভিন্নতা। এই ধর্মধারণার ভিন্নতা হেতু ধর্মাচরণের মত পথ ও আচরিত সংস্কার আলাদা আলাদা --- মসজিদ ও মন্দির, ভগবান ও আল্লাহ। এই আপাত ভিন্নতার গভীরে, ধর্মীয় দর্শনের অন্তঃস্তলে কোন ভিন্নতা নাই। শুধু মহান ইসলাম বা মহান  হিন্দুধর্ম নয় পৃথিবীর সকল ধর্মের শেষ গন্তব্য সেই নিখিল পরিব্যপ্ত সর্বময় মহাসত্তা, জগৎস্রষ্টা। তাঁকে যে সম্বোধনেই ডাকি না কেন --- তিনিই পূজার্হ, তিনিই প্রার্থিত, তিনিই অভীষ্ট, তিনিই প্রারম্ভ, তিনিই অন্তিম এবং শেষ গতি।

ধর্ম নিয়ে আলোচনা বা বিশ্বের শ্রেষ্ঠ দুটি ধর্মদর্শনের ব্যাখ্যা করবার উদ্দেশ্যও এই প্রবন্ধটির নয়। উদ্দেশ্য বাঙালী জাতির অহেতুক অন্তর্দ্বন্দ্ব বিষয়ে দু'কথা বলা। ১৯৩৫ সালে রবীন্দ্রনাথ গবেষক চিন্তাবিদ ও প্রাবন্ধিক আবদুল ওদুদকে একটি চিঠিতে একটি মর্মান্তিক প্রশ্ন করেছিলেন, "আমরা দুইটি সম্প্রদায় কি সর্বনাশের শেষদিন পর্যন্ত পরস্পর বিদ্বেষ করেই যাব ?"


                      দুই 


প্রথম বিশ্বযুদ্ধের (১৯১৭ থেকে ১৯১৯) ভয়াবহতা লক্ষ্য করে বিশ্বের সারস্বত সমাজের বহু মানুষ রবীন্দ্রনাথ, রোমা রঁলা, আইনষ্টাইন, হারম্যান হেসে, স্টিফেন জিউইগ, সিগমুন্ড ফ্রয়েড, জরজেস ধূমেল প্রভৃতি. ... যুদ্ধের বিরুদ্ধে প্রচার করে গিয়েছেন অনলসভাবে। আন্তর্জাতিক সমিতি গঠন করেছিলেন, পরস্পর পত্রালাপ ও বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের কাছে দরবার করে যুদ্ধের অমানবিক নিষ্ঠুরতার দিকটি উন্মোচিত করে মরণ ও মারণলিপ্সা থেকে মানুষকে বাচাঁনোর চেষ্টা করেছিলেন, যুদ্ধ নামক নেশা (warphobia) থেকে যুদ্ধবাজ দেশগুলিকে বিরত থাকার কাতর আবেদন করেওছিলেন ("The Project of Declaration of Independence of The Spirit") ; কিন্তু তাঁদের সমস্ত প্রয়াস ব্যর্থ করে দ্বিতীয় মহাসমরের  (১৯৪৯-১৯৪৫) অনিবার্যতাকে স্বীকার করে নিতে হয়েছিল মানব সভ্যতাকে। 'সভ্যতার সঙ্কট' লিখতে হয়েছিল রবীন্দ্রনাথকে। 

"আজ আমার বয়স আশি বৎসর পূর্ণ হোল,..." জীবনের শেষ জন্মদিনে কবি লিখছেন, (শাশ্বত সত্যের সাধক, সত্যদ্রষ্টা ঋষিকবির অন্তর্দৃষ্টিতে ধরা পড়েছিল কি ১৯৪৬--'৪৭-য়ের তাঁর সোনার বাঙলার আসন্ন নারকীয় আত্মহননের দৃশ্য, কুরুক্ষেত্রের যুদ্ধারম্ভের প্রাককালেই কৃষ্ণ যেমন অর্জুনকে দেখিয়েছিলেন যুদ্ধের অন্তিম পরিণাম ?)
"সভ্যশাসনের চালনায় ভারতবর্ষের সকলের চেয়ে যে দুর্গতি আজ মাথা তুলে উঠেছে সে কেবল অন্ন বস্ত্র শিক্ষা এবং আরোগ্যের শোকাবহ অভাব মাত্র নয় ; সে হচ্ছে ভারতবাসীর মধ্যে নৃশংস আত্মবিচ্ছেদ, যার কোন তুলনা দেখতে পাইনি ভারতবর্ষের বাইরে মুসলমান স্বয়ত্বশাসন-চালিত দেশে। কিন্তু এই দুর্গতির রূপ ক্রমশই প্রকট হয়ে উঠেছে, সে যদি ভারতের ঊর্দ্ধ্বস্তরে কোন এক গোপনকেন্দ্রে প্রশ্রয়ের দ্বারা প্রোষিত না হোত তাহলে কখনোই ভারত-ইতিহাসের এতবড়ো অসভ্য, কুৎসিত পরিণাম ঘটতে পারতো না।"

দুটি নিদারুণ ও মর্মান্তিক সত্যের বাক্যবন্ধ ---
'অতি নৃশংস আত্মবিচ্ছেদ' এবং "ভারতশাসন-যন্ত্রের ঊর্দ্ধ্বস্তরে কোন এক গোপন কেন্দ্রে-- বাঙলার, বাঙালীর দেহ ও আত্মা ব্যবচ্ছেদের ষড়যন্ত্র !" সেই নির্মম রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিষময় পরিণতি হাতে হাতে। উন্মাদ উন্মত্ত সাম্প্রদায়িক তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল যুগ যুগ সাধিত মানবতার পাদপিঠ। বঙ্গজননীর শ্যামলাঞ্চলে রক্তের লাঞ্ছনা। শুধু মানচিত্রে নয়, চিত্তপটেও আঁকা হয়ে রয়ে গেল বিভেদের, বিচ্ছিন্নতার, বিদ্বেষের চিরকলঙ্কের রেখা।

স্বাধীনতা এল বাঙলার দেহ দ্বিখণ্ডিত করে, শোণিতসিক্ত, শব-আকীর্ণ বাঙলার মেঠোপথ ধরে। লক্ষ লক্ষ ভ্রষ্টনীড়, নষ্টমূল, হৃতগৌরব, দিশাহীন মানুষের ক্লান্ত মিছিল এসে পৌঁছাল শিয়ালদায়, কুপার্স, ধুবুলিয়ায়, রানাঘাটে। গড়ে উঠল ক্যাম্প --- জীবন্ত নরক।
এখানেই যদি বাঙলার বাঙালীর দুর্গতির অবসান হোত ! না, তা যে হবার নয়। কেননা বাঙলার দুর্দৈবের ইতিহাস যে চলমান। সেই দূর অতীতে তার আরম্ভ। লক্ষ্মণ সেনের রাজত্বের সময়কাল থেকেই যদি ধরি --- তুর্কীদের সর্বধংসী আক্রমণ, ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর হাতে সিরাজদ্দৌলার পতন, ছিয়াত্তরের মন্বন্তর, বর্গী আক্রমণ --- আরো কতই না। তারপর এই তো অদূর অতীতে, দাঙ্গা, দুর্ভিক্ষ, দেশভাগ, ওপারের ক্রমান্বয়ে রাষ্ট্রীয় শাসন-তান্ত্রিক  আলোড়ন। রক্তক্ষয়ী ভাষা আন্দোলনের পর থেকে রাষ্ট্ৰীয় মুক্তি সংগ্রামের সূচনা। গত শতকের সত্তরের দশকে বাঙলার মুক্তিযুদ্ধের ইতিহাসও রক্তস্নাত। তখনো ওপার থেকে এপারে এসেছিলন কয়েক লক্ষ শরণার্থী। তাঁদের হৃদয়বিদারী দুর্ভোগের দৃশ্য আমাদের চোখে দেখা। তবে মুক্তিযুদ্ধের সৈনিকদের মধ্যে সম্প্রদায়গত বিভাজন ছিল না। তাই সেই মুক্তিসংগ্রামে মুসলমান এবং অমুসলমানের একটি ঐতিহাসিক মিলন সুদীর্ঘ কালের ইপ্সিত অসাম্প্রদায়িক সমাজচেতনার জন্ম দিয়েছিল। ধন-মান-প্রাণের ক্ষত-ক্ষতি-ক্ষয়ের মূল্যেও ওপার বাঙলায় সৃষ্টি হয়েছিল একটি উদার, ধর্ম-সম্প্রদায়-নিরপেক্ষ নূতন রাষ্ট্র ও রাষ্ট্রচেতনা। এপার বাঙলার জনমানসেও তার প্রভাব পড়েছিল। প্রভাব পড়েছিল সাহিত্যে শিল্পে -- সংস্কৃতির সমস্ত শাখায়, ভাব ও ভাবনার আদান প্রদানের মধ্য দিয়ে জেগে ওঠেছিল ভৌগলিক গণ্ডীবদ্ধতাহীন নবতর বঙ্গ জাতিসত্তার মানসমূর্তি। স্বস্তি পেয়েছিলাম আমরা যারা গত শতাব্দীর পঞ্চাশ-ষাটের অনটন, সত্তরের সংগ্রাম, প্রতিবেশী দুই রাষ্ট্রের শাসনতান্ত্রিক অস্থিরতা দেখে দেখে ক্লান্ত। কিন্তু 'অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়'। চিরদিনের ভাগ্যবিড়ম্বিত এই ভূখন্ডের, এই জাতির ললাট লিখন দুর্মোচনীয়। সুস্থ, সুন্দর, সুস্থিত ওপার বাংলায় আবারও অস্থিরতা, রাষ্ট্রীয় ও সামাজিক উপপ্লবের ঘোর ঘনঘটা। এখন কিছুটা মেঘছেড়া রোদ্দুর এলেও যে কোন দিন আবারো ধর্মান্ধ দ্বন্দ্বের অন্ধকার নেমে আসতে পারে। 


রাষ্ট্রের শাসনতান্ত্রিক অস্থিরতা একটি ইতিহাস-সিদ্ধ প্রক্রিয়া। সেই ইতিবৃত্তই মানব সভ্যতার ক্রমবিবর্তনের সত্যরূপ --- একথা ঐতিহাসিকেরা অস্বীকার করেন না। সেই বিবর্তন কখনো কখনো মানব সমাজের মঙ্গলের জন্যে আলোকিত পথের দিশা নির্ধারণ করে (The way to enlightenment) এবং সেই পথ ধরেই আমরা রাজতন্ত্র - অভিজাততন্ত্র- একনায়কতন্ত্রের পর্যায়ক্রমিক ব্যবস্থা পেরিয়ে এবং  ইউটোপিয়ান সর্বহারার একনায়কতন্ত্রের দুষ্প্রয়োগের বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করে গণতন্ত্র বা সমাজতান্ত্রিক গণতন্ত্রের পথ অবলম্বন করেছি যে পথে সমস্ত মানুষকে নিয়ে, ধর্ম-বর্ণ-জাতি-সম্প্রদায় নিরপেক্ষ রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি আছে। এই রাষ্ট্রভাবনা ভারতবর্ষে আছে এবং যে সময়ে ভারতের প্রতিবেশী দেশগুলিতে 'ধর্ম'বিশ্বাসকে কেন্দ্রস্থলে রেখে রাষ্ট্রযন্ত্র চালানোর ব্যবস্থা কায়েম হয়েছে তখনো ভারতরাষ্ট্র 'গণতান্ত্রিক প্রজাতন্ত্র' (Democratic Republic) রূপেই আপন সার্বভৌম সত্তা প্রতিষ্ঠিত করেছে। এই রাষ্ট্রব্যবস্থায় জনগণ সরাসরি, প্রত্যক্ষে বা পরোক্ষে অংশগ্রহন করেছে এবং করে চলেছে। এবং রাষ্ট্র পরিচালনায় ধর্ম বা সাম্প্রদায়িকতা যখনি মাথা তুলবার চেষ্টা করেছে তখনই দেশের জণসাধারণ যুগপৎ সংবিধান ও সংবিধান-সংরক্ষক বিচার ব্যবস্থা তেমন প্রচেষ্টাকে দৃঢ়তার সঙ্গে নস্যাৎ করে দিয়েছে। তাই ভারত রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হিসাবে এপার বাঙলা বা পশ্চিম বাঙলার সমাজিক পরিবেশে এখনো সাম্প্রদায়িক অস্থিরতার সৃষ্টি হয়নি। কিন্তু বহির্বঙ্গ হতে ভেসে আসা একটি অপরিচিত রণহুংকার আসন্ন একটি সর্বনাশা ঝড়ের ইঙ্গিত পশ্চিম বাংলার আকাশে প্রতিয়মান হয়ে উঠেছে ।

 যেহেতু ওপার বাংলার সঙ্গে এপার বাঙলার ওতপ্রোত সম্পর্ক তাই বর্তমান বাঙলা দেশের সম্প্রদায়গত সঙ্কট গভীর দুশ্চিন্তার। তবু বিবেকের বাণী বেশিদিন রুদ্ধ হয়ে রইবেনা, এমন আশাকে প্রাণপণে রক্ষা করতেই হবে। এদেশ আউল, বাউল, ফকির, পীর- দরবেশ-মুর্শেদ আর সর্বধর্ম সমন্বয়ী সহজিয়া বৈষ্ণব, সুফী সাধকদের দেশ। এদেশ রবীন্দ্র নজরুল আর সংখ্যাতীত মানবতাবাদী মণীষী, সাহিত্যসাধক, কবিদের দেশ। একদিন মানবীয় চৈতন্যের আলোয় আলোকিত বঙ্গবিবেক এই ধ্রুবতা উপলব্ধি করবেই,
"সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই।"
যে সর্বদ্রষ্টা ঋষিকবির অন্তর্দৃষ্টিতে-ধরা অন্তিম বাণী নিয়ে কথকথা আরম্ভ করেছিলুম তার অমৃতময় উচ্চারণ স্মরণ করে আমিও বলি, ----

"আজ পারের দিকে যাত্রা করেছি ---- পিছনের ঘাটে কী দেখে এলুম, ইতিহাসের কী অকিঞ্চিৎকর,  উচ্ছিষ্ট সভ্যতাভিমানের পরিকীর্ণ ভগ্নস্তূপ ! কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব।"  

মৃত্যুপথযাত্রী মানুষ আর ওষুধটুকুও খেতে চায় না, অসাড় হাত সামান্য তুলে বলতে চায়, "না না।" ঠোঁট দুটো ফাঁক করে জল চায় এক গণ্ডূষ। মানবতাহীন মানব সভ্যতার আজ তেমনই পরিণাম। হাজার হাজার বছরের চর্চিত, লালিত দর্শন, বিজ্ঞান, সাহিত্য, শিল্প ; প্রেম, সুকুমার প্রবৃত্তি, প্রাণদায়ী বৃত্তি ; মৈত্রী, করুণা, সৌভ্রাতৃত্ব --- সমস্ত মৃতসঞ্জীবনী ঔষধি আজ ব্যর্থ হয়েছে, বিফল হয়েছে। ইস্রায়েল, The promised Land for the Zews, দাবি করে সমস্ত মধ্যপ্রাচ্য, (stretching from The Nile to the Euphrates, and including parts of Egypt, Soudi Arabia and Iraq.) ইহুদিদের জন্য ঈশ্বর (Jehovah) নির্ধারণ করে গিয়েছেন। অপরদিকে ইসলাম ধর্মধারণায় সমগ্র বিশ্ব বা মহাবিশ্ব মহান আল্লাহর সৃষ্টি। 

আশ্চর্যের বিষয় এই যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম -- এই তিনটি ধর্মধারণারই মূল উৎস একেশ্বরবাদী আব্রাহামিক ধর্মচেতনা --অর্থাৎ নবীশ্রেষ্ঠ ইব্রাহিম বা আব্রাহাম- এর বংশধারা ও ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত ; কিন্তু তবুও এই তিন ধর্মের অনুসারীদের মধ্যে পরস্পর শোণিত-সিক্ত আত্মঘাতী সংগ্রাম ও স্বজাতিহনন হাজার হাজার বছর ধরে মানব সভ্যতার স্বর্গারোহনের পথ বন্ধ করে দিয়ে প্রায়শই মানবজাতির অধোগতি পথ প্রশস্ত করে দিয়েছে। এই প্রসঙ্গে আমার সদ্য প্রকাশিত 'বিন্দুতে সিন্ধু দর্শন'' গ্রন্থে' 'ধর্মসংকটের বলি মানবতা' প্রবন্ধে সবিস্তারে আলোচনা করা হয়েছে। 

                           (ক্রমশঃ) 

দ্বিতীয় পর্ব একদিন পর প্রকাশিত হবে।

দুলাল চন্দ্র বন্দোপাধ্যায় 
০৮/১২/২০২৪
কলকাতা। 
_________________________________________



সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

সুগভীর প্রজ্ঞার একটি ঐতিহাসিক গ্রন্থ ---তিন


সুগভীর প্রজ্ঞার একটি ঐতিহাসিক গ্রন্থ --- তিন

রবীন্দ্র সৃষ্টিতে শাক্যমুনি তথাগত
বিশ্বকবি রবীন্দ্রনাথের সৃষ্টি জুড়ে, বিশেষ করে বিশ শতকের প্রথম দশকের পর থেকে তাঁর রচিত কাব্যে, সঙ্গীতে, প্রবন্ধে এবং অভিভাষণে প্রত্যক্ষে বা প্রচ্ছন্নভাবে বৌদ্ধ দর্শনের প্রভাব লক্ষণীয়ভাবে প্রতীয়মান। এই বিষয়টি এতই বৃহৎ, এতই অতলান্ত যে ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি প্রবন্ধে তার সম্যক পরিচয় দেওয়া দুরূহ এবং আমার মতো একজন স্বল্পজ্ঞাত রবীন্দ্র ভক্তের কাছে প্রায় তা 'নুনের পুতুলের সাগরের তল মাপতে যাওয়ার দুস্পর্ধার' সামিল। তবুও 'কথাবলা মুখ আর পথচলা পা' যেমন থামতে চায় না, তেমনি হাতে কলম আর সামনে সাদা পাতা দেখলে আর মন মানতে চায়না। 'মনে হয় লিখি যা-তা, পুরানো খাতার পাতা ভরে দি' বৃথা শব্দজালে।'

রবীন্দ্রনাথ গৌতম বুদ্ধের জীবনী, বৌদ্ধ ধর্ম ও দর্শন এবং বৌদ্ধসাহিত্যের প্রতি কী গভীর অনুরাগ পোষণ করতেন তার নিদর্শন ছড়িয়ে আছে তাঁর সৃষ্টিসৌধের অঙ্গে অঙ্গে।
১৯২৪ সালে, জাপান ভ্রমনের সময়কালে ত্রিপিটকের একটি বাণী "অক্কোধেন জিনে কোধং" (অক্রোধ দিয়ে ক্রোধ জয় করা যায়), সিল্কের কাপড়ের উপর লিখে সেখানকার দর্শনের অধ্যাপক তাকাসুকুকে উপহার দিয়ে ছিলেন।
১৮ই মে ১৯৩৫ সালে কোলকাতার মহাবোধি সোসাইটি হলে বৈশাখী পূর্ণিমা উজ্জাপনের সময় 'বুদ্ধদেব' শিরোনামে কবি একটি দীর্ঘ অভিভাষণ পাঠ করেন। পরে সেই অভিভাষণটি প্রবাসী পত্রিকায় (১৩৪২) প্রকাশিত হয়। কবি লিখছেন,
"আমি যাঁকে  অন্তরের মধ্যে শ্রেষ্ঠ মানব বলে উপলব্ধি করি আজ বৈশাখী পূর্ণিমায় তাঁর জন্মোৎসবে তাঁকে প্রণাম নিবেদন করতে এসেছি।"
এই বাণীর তাৎপর্য্য গভীর। রবীন্দ্রনাথ বুদ্ধদেবকে ঈশ্বর রূপে বা পূজার্হ দেবতারূপে দেখেননি, দেখেছেন শ্রেষ্ঠ মানব রূপে।
পরিশেষ কাব্য গ্রন্থে জটীল বাক্যগ্রন্থনে 'প্রার্থনা' কবিতায় কবি লিখছেন, 

".....আত্মজাতি মাংসলুব্ধ মানুষের প্রাণনিকেতন
উন্মিলিছে নখে দন্তে হিংস্র বিভীসিকা ; চিত্ত মম
নিস্কৃতি সন্ধানে ফিরে পিঞ্জরিত বিহঙ্গম সম,
মুহূর্তে মুহূর্তে বাজে শৃঙ্খল-বন্ধন-অপমান
সংসারের। হেনকালে জ্বলে ওঠে বজ্রাগ্নি সমান
চিত্তে তাঁর  দিব্যমূর্তি, সেই বীর রাজার কুমার
বাসনারে বলি দিয়া বিসর্জিয়া সর্ব আপনার
বর্তমান কাল হতে নিষ্ক্রমিলা নিত্য কাল মাঝে
অনন্ত তপস্যা বহি' মানুষের উদ্ধারের কাজে
অহমিকা বন্দিশালা হতে। --- ভগবান বুদ্ধ তুমি,
নির্দয় এ লোকালয়, এ ক্ষেত্রই তব জন্মভূমি।"
                           (প্রার্থনা /পরিশেষ কাব্যগ্রন্থ ) 


রবীন্দ্র সৃষ্টির দেউলে দেউলে উৎকীর্ণ আছে এমন সব
কত না বুদ্ধবন্দনার ভাষামূর্তি, কত শ্রদ্ধার্ঘ্যের শব্দকুসুম, ঠিক যেমন আছে বুদ্ধমন্দিরের, স্তুপের, মঠের, চৈত্যের, অজন্তা ইলোরার গূহামন্দিরের দেওয়ালে দেওয়ালে তপোসিদ্ধ, তপোমগ্ন ভগবান বুদ্ধ ও মহাভিক্ষু-ভিক্ষুণীদের তপোস্নিগ্ধ প্রতিমাগুলি।
বিশ্বপথিক কবি যখন প্রাচী ধরিত্রীর দ্বীপময় ভূখন্ডে গিয়েছিলেন, দেখেছিলেন কম্বোজের (কম্বোডিয়া) অঙ্কোরভাট মন্দির‌। ইতিহাস বলে বিশ্বের সর্ববৃহৎ ওই মন্দির গঠিত হয়েছিল দ্বাদশ শতাব্দীতে, খেমের সাম্রাজ্যের রাজা সূর্য বর্মনের সময়কালে। দেবতা বিষ্ণুর নামে উৎসর্গিত এই মন্দির ধীরে ধীরে, বৌদ্ধধর্মের উচ্ছলিত, উচ্ছ্বসিত ধারা যা অধুনা উত্তরপ্রদেশ, বিহার,  বৃহত্তর বাংলা (আসাম, মণিপুর, ত্রিপুরা, সমগ্র বঙ্গভূমি) প্লাবিত করে' যখন দক্ষিণপূর্ব দ্বীপময় ভূমিখণ্ডে প্রবেশ করেছিল, সেই প্রথম সহস্রাব্দের শেষভাগে শ্যামদেশ, কম্বোজ, (বর্তমান ভিয়েৎনাম, কম্বোডিয়া, লাউস, বালি, সুমাত্রা, বোর্ণিও, থাইল্যান্ডসহ দ্বীপপুঞ্জ) প্রভৃতি দেশে ততকালীন সম্রাট ও রাজাদের পৃষ্টপোষকতায় হিন্দু দেবমন্দির গুলি বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয়ে যায়। সেখানে ভগবান বুদ্ধের মূর্তি ছাড়াও বজ্রযানী বৌদ্ধ ভিক্ষু, ভিক্ষুণীদের আরাধ্য কিছু দেব দেবীর বিগ্রহ উৎকীর্ণ বা সংস্থাপিত করা হয়। এ সকল মন্দিরের মধ্যে সর্ববৃহৎ, বিস্ময়কর মন্দির কম্বোডিয়ার সিয়াম রিপে অবস্থিত অঙ্কোরভাট মন্দির যেটি দ্বাদশ শতাব্দীতে রাজা সূর্যবর্মন দ্বারা প্রতিষ্ঠিত এবং চতুর্দশ শতাব্দীতে বুদ্ধ মন্দিরে রূপান্তরিত। 

এই যে 'বজ্রযানী বৌদ্ধ ভিক্ষু'  

অন্য একটি বৃহৎ মন্দির বরভূধর বা বরোবুদুর, যেটি আনুমানিক নবম শতাব্দীর সময়কালে নির্মিত। এই মন্দির প্রথমাবধি মহাযান বুদ্ধ মন্দির, যেখানে সাকুল্যে ৫০৪টি বুদ্ধ মূর্তি এবং ২৬৭২টি খোদাইকরা প্যানেল রয়েছে। ঐতিহাসিকেরা বলেন বঙ্গদেশের স্থপতিরাই ওই আশ্চর্য স্থাপত্যের  মন্দিরগুলি  নির্মাণ করেছেন।
"স্থপতি মোদের স্থাপনা করেছে বরভূধরের ভিত্তি,
শ্যাম কম্বোজে ওঙ্কারধাম মোদেরি প্রাচীন সৃষ্টি।"
                                     ---------সত্যেন্দ্রনাথ দত্ত 

যাই হোক্, আমরা কিছুটা প্রসঙ্গান্তরে চলে এসেছি শুধু এইটুকু বলবার জন্য যে রবীন্দ্রনাথ তাঁর ভ্রাম্যমান জীবনপথে যেখানেই দেখেছেন তাঁর‌ অন্তরদেউলে স্থিরস্থিত মানব-ভগবানের মূর্তি সেখানেই তিনি মুখর হয়েছেন তাঁর (বুদ্ধের) স্তবগাথায়,
"ত্রিশরণ মহামন্ত্র যবে
বজ্রমন্দ্ররবে
আকাশে ধ্বনিতেছিল পশ্চিমে পূরবে
মরুপারে শৈলতটে, সমুদ্রের কূলে উপকূলে
দেশে দেশে চিত্তদ্বার দিল যবে খুলে
আনন্দমুখর উদ্বোধন. ...
.................................................................
পাষাণের মৌনতটে যে বাণী রয়েছে চিরস্থির
কোলাহল ভেদ করি শত শতাব্দীর
আকাশে উঠিছে অবিরাম 
অমেয় প্রেমের মন্ত্র বুদ্ধের শরণ লইলাম।"
                               ----- 'সিয়াম'--- রবীন্দ্রনাথ।‌‌

জৈনমুনি মহাবীর (৫৯৯ খ্রী: পূ:) এবং শাক্ত্যমুনি সিদ্ধার্থ (৬২৩খ্রী: পূ:) আবির্ভাবের কাল থেকে প্রায় তিন হাজার বছর ধরে শুধু ভারতবর্ষে নয়, সমগ্র এশিয়া মহাদেশ জুড়ে এক মহান ধর্মান্দোলন সংঘটিত হয়ে চলেছে এবং এই ঐতিহাসিক আন্দোলন বহুমাত্রিক ও বহুমুখী --- যার অভিব্যক্তি ও প্রকাশ জীবনাচরণের, জীবনছন্দের বাইরে শিল্প সংস্কৃতির মধ্য দিয়েও বিকাশলাভ করেছে। শত সহস্র মন্দির, মঠ, স্তুপ প্যাগোডা এমনকি গিরিবর্ত্ম ও গিরিগূহাতেও ভগবান বুদ্ধের (কোথাও কোথাও মহাবীর বর্ধমানেরও) মূর্তি ক্ষোদিত হয়েছে , নির্মিত হয়েছে, অঙ্কিত হয়েছে বিস্ময়কর তক্ষণ ও শিল্প দক্ষতায়। (অজন্তা, ইলোরার গূহামন্দিরের, বামিংহাম গিরিপথের দৃষ্টান্ত স্মরণে আসে।)
শুধু কি তাই, ভারতবর্ষের, যুগপৎ বহির্বিশ্বেরও এমন হিন্দু (অ-হিন্দুও নাত্যল্প) ঘর কমই আছে যেখানে একটি, ছোট বা বড়, শাক্যসিংহের ধ্যানমগ্ন মূর্তি পাওয়া যাবে না।
আমাদের কবি যিনি বিশ্বেরও কবি, তাঁর চৈতন্যমুকুরে ধরা পড়েছিল অখিল নিরঞ্জন বুদ্ধের এই জগৎব্যপ্ত মহামানবীয় রূপ। তিনি সাক্ষী ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের, তিনি দেখেছিলেন ইউরোপের তথাকথিত উন্নত জাতিগুলির সাম্রাজ্যবাদী আগ্রাসনের অমানবিক হিংস্রতা, তিনি দেখেছিলেন জালিয়ানাবাগের নিষ্ঠুর নরহত্যা, তিনি দেখেছিলেন স্বদেশের স্বজাতির বিভেদের,  সাম্প্রদায়িক বৈষম্যের রূপ !
"....... দেখি ধিক্কারে ভরিয়া ওঠে মন,
আত্মজাতি মাংসলুব্ধ মানুষের প্রাণনিকেতন
উন্মীলিছে নখে দন্তে হিংস্র বিভীসিকা।"
এবং তাই আন্তরিক আশ্রয় প্রার্থনা করেছিলেন নরশ্রেষ্ঠ
নরদেবতার কাছে,
"ভরসা হারালো যারা, যাহাদের ভেঙেছে বিশ্বাস,
তোমারি করুণাবিত্তে ভরুক তাদের সর্বনাশ, --
আপনারে ভুলে তারা ভুলুক দুর্গতি।" 

এতক্ষণ রবীন্দ্র মানসে বুদ্ধদেব এবং বৌদ্ধ ধর্মের, বৌদ্ধ দর্শনের অভিঘাত নিয়ে কিছু বলা হোল, কিন্তু যা বলা বাকী রইল তা হোল বুদ্ধভাবনার তাঁর সৃষ্টিসমুহের কথকথা। এই কথকথা আরম্ভ করলে কথক বলতে পারবেন না, 'অদ্য শেষ রজনী'। তাঁর রচনার 'নৈবেদ্য কাব্যগ্রন্থ'-পরবর্তী সময়ের ( এই বিচারও প্রশ্নের উর্ধৈ নয়) সমস্ত লেখায় প্রত্যক্ষে বা পরোক্ষে অমিতাভ নিরঞ্জনের মানবতাবাদী দর্শনের উপস্থিতি লক্ষণীয়ভাবে সুপ্রকাশ।
প্রত্যক্ষরূপে পাই কথা ও কাহিনী কাব্যর একাধিক কবিতায়,--
অভিসার, (বোধিসত্তাবদান কল্পলতা)।
পূজারিণী, (অবদান শতক)।
নগরলক্ষ্মী, (কল্পদ্রুমাবদান)।
সামান্য ক্ষতি, (দিব্যাবদানমালা)।
পরিশোধ, (মহাবস্ত্বাবদান)।
শ্রেষ্ঠভিক্ষা, (অবদানশতক)।
রবীন্দ্রনাথ গ্রন্থশেষে লিখছেন,
"এই গ্রন্থে যে সকল বৌদ্ধকথা বর্ণিত হইয়াছে তাহার রাজেন্দ্রলাল মিত্র সংকলিত নেপালী বোদ্ধ সাহিত্য সম্মন্ধীয় ইংরেজি গ্রন্থ হইতে গৃহীত। মূলের সহিত কিছু কিছু প্রভেদ লক্ষিত হইবে।" 


কবির এই সমাপ্তি বাক্যটি অনুধাবনীয়।
এবং তেমনধারাই সৃজনকর্ম তাঁর। বৌদ্ধ কাহিনীর চরিত্রগুলি, এমনকি বুদ্ধদেব স্বয়ং রবীন্দ্রনাথের লিখনলেখায় নবরূপ, নবতর চরিত্র-সুষমা লাভ করেছে। পরিশোধ কাহিনী-কবিতার বজ্রসেন, শ্যামা ও উত্তীয়---
এই ত্রিকোন প্রেমের পরিসমাপ্তি একটি অসামান্য রাবীন্দ্রিক ছোট গল্পের অনবদ্য উদাহরণ।
".....পরক্ষণে
ভূতলে রাখিয়া জানু যুবার চরণে
প্রণমিল ---- তারপরে নামি নদীতীরে
আঁধার বনের পথে চলি গেল ধীরে .."
শ্যামার এই অন্তিম যাত্রা, এই বিষাদময় বিচ্ছেদ দুর্বিসহ। শ্যামা, বজ্রসেন ও উত্তরীয় ---- মাঝখানে মানবীয় প্রেম কামনা করেছিল ক্ষমা। 


এই ভাবেই তিনি যখন গীতিনাট্য ও নৃত্যনাট্য রচনা করেছেন তখনো আমরা লক্ষ্য করেছি রবীন্দ্রনাথ বৌদ্ধদর্শন-সঞ্জাত মানবীয় প্রেম, মানবীয় আবেগ ও মননকে সঞ্চারিত করেছেন প্রকাশে, অভিব্যক্তিতে, উপস্থাপনায় ও রসসঞ্চারে। এই রসাবেসের দৃষ্টান্ত আছে মালিনী, রাজা, অচলায়তন, গুরু, অরূপরতন, নটীর পূজা এবং সবিশেষভাবে চণ্ডালিকায়।
একইভাবে বিশ্বের সমস্ত মনীষী---- সাহিত্যসাধক,  সমাজ সংস্কারক, রাষ্ট্রনায়ক, বিভিন্ন বিষয়ের পণ্ডিত, গবেষক --- যারাই স্যার এডুইন আর্নল্ডের The Light of Asia বা প্রাচী ধরিত্রীর আলো পাঠ করেছেন তাঁদের কর্মে, ধর্মে, সৃজনে, মননে মানব-ধর্মের মূর্ত রূপ ভগবান তথাগত গৌতমবুদ্ধের জীবনবোধের অনির্বাণ আলোকরশ্মি প্রতিফলিত হয়েছে, প্রতিবিম্বিত হয়েছে। 


ঋণ স্বীকার:
The Light of Asia -- Sir Edwin Arnold,
রবীন্দ্র রচনাবলী,
সত্যেন্দ্রনাথ দত্ত,
The Light of Asia: The Poem that Defined
The Buddha --- Joyram Ramesh.
('রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ মানব' -- এই বিষয়টি নিয়ে একটি দীর্ঘ প্রবন্ধ অনতিবিলম্বে প্রকাশিত হবে।)
_____________________________________________








বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

সুগভীর প্রজ্ঞার একটি ঐতিহাসিক গ্রন্থ --- দুই



সুগভীর প্রজ্ঞার একটি ঐতিহাসিক গ্রন্থ 


                            দুই 


গ্রন্থটির শেষ, অষ্টম সর্গের শেষাংটি আবেগময়তায়  অত্যন্ত হৃদয়দ্রাবী। 

Here endth what I write
Who love the Master for his love of us
A little knowing little I have told
Touching the Teacher and the Ways of Peace.
Fifty five years thereafter showed he those
In many lands and many tongues gave
Our Asia Light, that still is beautiful
Conquering the World with spirit of strong grace
All which is written in holy books. ...... 

যে ভালোবাসা দিয়ে বেসেছেন তিনি ভালো,
সে ভালোবাসার সামান্য জেনেছি আমি।
পরশ পেয়েছি সে মহাগুরুর স্বর্গীয় করুণার,
দিয়েছেন তিনি সান্ত্বনা আর শান্তি-পথের দিশা।
তেমনিভাবেই প্রাচী ধরিত্রীর কত বিভিন্ন দেশে,
কত বিচিত্র ভাষায় জ্বেলেছেন তিনি জ্ঞানের দীপ্ত শিখা,
জয় করে' সারা বিশ্বভূবন অপরাজেয় সাধনার মহিমায়।
লেখনীতে লেখা, তুলিকায় আঁকা সেই দিব্য জীবনকাহিনী
আজও সত্য, আজও সুন্দর নরদেবতার বাণী।
                                                (ভাবানুবাদ মৎকৃত।) 


তারপর, পুস্তকসমাপ্তির ঠিক উপসংহারে, পরম শ্রদ্ধালু  লেখক অখিল নিরঞ্জন তথাগত বুদ্ধের উদ্দেশে যে স্তবগাথা গেয়েছেন তার তুলনা শুধুমাত্র আছে শ্রীমদ্ভগবদ্গীতায় --- যেখানে অর্জুন সারথী কৃষ্ণকে বলছেন, 

"নষ্টোমহো স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত।
স্থিতোহস্মি গতসন্দেহঃ করিষ্যে বচনং তব।।"
                                         অষ্টাদশ অধ্যায় ।।৭৩।।
"...... Ah ! Lover ! Brother ! Guide ! Lamp of Law !
I take my refuge in thy mame and Thee
I take my refuge in thy 0rder ! OM !"
হে আমার প্রিয়তম, ভাই, বন্ধু, জীবন পথের সাথী,
হে আমার মুক্তিপথের আলো, আমার শেষের আশ্রয়,
"তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা", ওঁ ।। 

গ্রন্থশেষের এই স্তবগাথাটি দশটি অসামান্য পংক্তিতে রচিত। (আমার পাঠকদের কাছে এই প্রার্থনা রইল যাঁরা এই অপূর্ব কাব্যটি পান নি, পড়ার সুযোগ যাদের আসেনি  তাঁরা অবশ্য অবশ্যই পাঠ করবেন)। 


কিষাগৌতমীর উপাখ্যান 


উপাখ্যানটি সকলের জানা। বুদ্ধদেব কি ভাবে মৃতসন্তান, শোকদগ্ধা মাতা কিসাগৌতমীকে জীবনের পরম সত্যের সন্ধান দিয়েছিলেন। তাকে বলা হয়েছিল, মৃত্যু যে ঘরে জীবনাবসান ঘটাতে পারেনি, সেই ঘর থেকে একমুঠো সর্ষে আহরণ করতে, স্পর্শে যার মৃত সন্তান পুনর্জীবন লাভ করবে। -- তাই নিয়েই এই কাহিনী। মৃতবৎসা  কিষাগৌতমীর আর্তনাদ, 

I went, my Lord, clasping to my  breast0
The babe, grown colder, asking at each hut ---
Here in the jungle, and towards the town ---
'I pray you, give me mastered, of your grace,
A tola black ; and each who had it gave,
For all the poor and piteous to the poor ;
But when I asked, in my friend's household here
Hath any peradventure ever died
Husband or wife, or child, or slave ? they said:
'O Sister, what is this you ask ? the dead
There are very many, and the living few.' 

লেখকের বর্ণনায় ভাষার যে পেলবতা, ঘটনার যে শোকাতুর, মর্মস্পর্শী ছবি ফুটে উঠেছে, তাতে মনে হয় তিনি যেন এই সজল শ্যামল দেশের কোমলহৃদয় এক কবি। আমাদের মন পড়ে কবি করুণা নিধান বন্দোপাধ্যায়য়ের 'জীবন ভিক্ষা' কবিতাটি,

"দেউলে দেউলে কাঁদিয়া ফিরি গো দুলালে আগলি বক্ষে
উষ্ণ-বিয়োগ-উৎস-সরিত দরদবিগলিত চক্ষে।
শত চুম্বনে মেলে না নয়ন  চুরি গেছে মোর আঁচলের ধন,
অভাগী বিহগী আজিকে আহত মরণ শ্যেনের পক্ষে।
...........................................….......................
জানি প্রভু তব পাণির পরশে  ননীর পুতুল জাগিবে হরষে
কোন পাষাণের বিষবাণে তার নয়নের মণি ভিন্ন ?"
....................................................................
অচঞ্চল বুদ্ধ যেন মূর্ত বিগ্রহ করুণার। কিষাদেবীকে বললেন, "

"থাকে যদি কোথা অশোক নিলয় ভিখ মাগি আন সর্ষপচয়---

পরশে তাহার দুলিয়া উঠিবে পরাণ-মৃণাল-ভগ্ন !" 

শোকার্ত মা কোথাও পেলেন না তেমন এক ঘর যেখানে মৃত্যুর চরণচিহ্ন আঁকা হয়ে যায়নি কখনো।
অবশেষে কিষাদেবী ত্রিতাপহারী ভগবান বুদ্ধের শ্রীচরণে আশ্রয় নিলেন, বললেন, 

"জীয়াতে চাহিনা তনয়ে আমার  ভবনে ভবনে উঠে হাহাকার,
হরো' জগতের বিরহ-আঁধার দাও গো অমৃত দীক্ষা।"

এই সুললিত কাব্যে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ দর্শনের সহজ সরল, মানবীয় দৃষ্টিভঙ্গিতে বর্ণনা ও সম্যক ব্যাখ্যাও আছে। যেমন ত্রি-তাপ দুঃখ, শীল, সমাধি, প্রজ্ঞা, অষ্ট- নীতি এবং সর্বজনীন তিন সত্য। এই তিনটি সত্য বৌদ্ধদর্শনের চুড়ান্ত পরম প্রতিপাদ্য বিষয়। যা বৌদ্ধধর্মের নিরীশ্বরবাদের প্রধান ও অন্তিম সিদ্ধান্ত। 

প্রথম সত্য অসারত্ব (সংঘঠিত বা ঘটমান ঘটনাগুলির কোন অস্তিত্ব নেই)।
দ্বিতীয় সত্য অনস্তিত্ব  (অস্তিত্ব থাকলেও তা সাময়িক)।
তৃতীয় সত্য মধ্যপথ ( ঘটনাগুলির বিচার করতে হবে স্থায়িত্ব ও অস্থায়িত্বর মধ্যবর্তী ধারণায়)।
এইভাবে বুদ্ধের ধর্মমতের ও ধর্মদর্শনের নীতি, সত্য, বিচার, মত ও পথের বিবরণ যা ত্রিপিটক পুস্তকে লিপিবদ্ধ আছে, সেইসব সমস্ত বিবরণ ছাড়াও দুই সহস্রাব্দের অধিক কালে ধরে অসংখ্য পুঁথিতে যা কিছু লিপিবদ্ধ হয়েছে সে সবেরই একটি অতি সংক্ষিপ্ত সংস্করণ  আর্নল্ড সাহেবের এই Light of Asia বা 'প্রাচী ধরিত্রীর আলো' গ্রন্থটি। 

 
প্রভাব 

রাজকুমার সিদ্ধার্থের জন্ম থেকে তাঁর সাধনা ও আত্মোপলব্ধির বা বুদ্ধত্ব লাভের সময়কাল বাদ দিলে থাকে তাঁর ধর্মপ্রচারের কয়েকটি বছর। ঊনপঞ্চাশ বছর অব্যাহত ছিল এই মহাতীর্থঙ্করের ধর্মপ্রচার যাত্রা সেই সময়কালে তিনি ভারতীয় (অখণ্ড) উপমহাদেশের উত্তর ও উত্তরপূর্বের সুবিস্তীর্ণ অঞ্চলের বহু জনপদে পরিভ্রমণ করেন এবং ধর্মপ্রচারে আত্মসমর্পণ করেন। সারনাথ থেকে যাত্রা আরম্ভ করে গয়া, শ্রাবস্তী, বৈশালী, বিদিশা, কৌশাম্বী, উজ্জয়িনী প্রভৃতি রাজ্যের বিস্তৃত অঞ্চলে বিচরণ করেন, রাজপুরীর উপকণ্ঠে অবস্থান করেন। রাজা ও সম্রাটগণও তাঁর মানব-চৈতন্য-উন্মেষকারী দার্শনিকতায়, অহিংসা মন্ত্রে মুগ্ধ হয়ে তাঁর দীক্ষালাভ করেন। সম্রাট অশোক, বিম্বিসার, অজাতশত্রু, প্রসেনজিৎ ছাড়াও অসংখ্য রাজা ও রাজন্যবর্গ বৌদ্ধ ধর্মের পৃষ্টপোষকতা করেছিলেন এবং বৌদ্ধধর্ম প্রচার, বৌদ্ধমঠ, চৈত্য, বৌদ্ধবিহার, বৌদ্ধস্তুপ নির্মাণে সাহায্য করেছিলেন। বুদ্ধের জীবনকালে এবং তাঁর মহাগতি প্রাপ্তির পরও প্রায় এক হাজার বছর ধরে চলেছিল বৌদ্ধ ধর্ম সংস্থাপনের এরূপ মহাযজ্ঞ। বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে এশিয়া মহাদেশের সর্বত্র। চিন, তিব্বত, জাপান এবং শ্রীলঙ্কাসহ সুদূর দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার দ্বীপময় ধরিত্রীর প্রান্তে প্রান্তে। যুদ্ধজয়ের পরিবর্তে ধর্মবিজয়ের পথ অবলম্বন করে সম্রাট অশোক ইতিহাসে অমর হয়ে আছেন।
আনুমানিক খ্রীষ্টপূর্ব ৪৮৩ অব্দে, আশি বৎসর বয়সে, কুশীনগরে এই মহাতীর্থঙ্কর মহাপরিনির্বাণ লাভ করেন।
বৌদ্ধধর্ম সংক্রান্ত পুঁথি --- ত্রিপিটক, পালি ত্রিপিটক, প্রজ্ঞাপারমিতা --- অজস্রবার লিপিবদ্ধ ও প্রচারিত হয়েছে এই সময়কালের মধ্য। 


Light of Asia বা 'প্রাচী ধরিত্রীর আলো' কাব্যগ্রন্থটির স্বতন্ত্র প্রভাব। 


এশিয়া মহাদেশের প্রায় সর্বত্র বৌদ্ধ ধর্ম প্রচারিত ও প্রসারিত হলেও ইউরোপ ভূখন্ডে তার তেমন প্রভাব ছিল না। কিন্তু ১৮৮৯ খ্রীষ্টাব্দে স্যার এডুইন আর্নল্ডের এই 'Light of Asia' কাব্যটি প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে ইউরোপ ও আমেরিকার সারস্বত সমাজের গৌতম বুদ্ধের বিষয়ে ঔৎসুক্য অকস্মাৎ চরম আকার ধারণ করে এবং মাত্র কয়েক বছরের মধ্যে গ্রন্থটির ন্যূন্যাধিক আশিটি সংস্করণ প্রকাশিত হয়। শুধু পশ্চিমের দেশগুলিতেই নয়, সারা বিশ্বের ঐতিহাসিক, গবেষক, চিন্তাবিদ, নোবেল পুরস্কারজয়ী সাহিত্যসাধক, বিজ্ঞানী, দেশনায়কদের ভাবনার জগতেও আলোড়ন সৃষ্টি হয়। তাঁদের মধ্যে ছিলেন রবীন্দ্রনাথ, আইনষ্টাইন, কিপলিং, ইয়েটস ; ছিলেন চার্চিল, মহাত্মা গাঁধী, জওহরলাল নেহরু, ভি আর আম্মেদকর।
অস্কার ওয়াইল্ড (Oscar Wilde)-য়ের বিখ্যাত উপন্যাস দি পিকচার অব ডোরিয়ান গ্রে, (The Picture of
Dorain gray). উপন্যাসের চলচিত্রায়নে দখানো হয়েছে  প্রধান চরিত্র  বিধস্ত-জীবন, কারারুদ্ধ ডোরিয়ানকে তার বন্ধু Light Of Asia বইটি উপহার দিয়ে তাকে সুন্দর জীবনে ফিরে আসতে সাহায্য করেছিল। 
১৯৫৫ সালে উইনস্টন চার্চিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুকে লিখছেন, 


"I hope You will think of the phrase , 'The Light Of Asia'. It seems to me that you might be able to do what no other human being could in giving India the lead, at least in the realm of thought, throughout Asia, with the freedom and dignity of the individual as the ideal rather than communist party drill book." 


এই ঐতিহাসিক চিঠির প্রাসঙ্গিকতা ও তাৎপর্য্য গভীর। একজন ইতিহাসের ছাত্র হিসাবে আমার মনে হয়েছে ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তির আত্মসম্ভ্রম রক্ষা করবার  জন্যে তথাগত বুদ্ধের জাতি-ধর্ম-বর্ণ-সম্প্রদায় ও শ্রেণী-নিরপেক্ষ দর্শন ও আদর্শের যে মূল ভাবনা তার অনুসরণের মধ্যে দিয়েই সমগ্র এশিয়ার মুক্তি ও সামাজিক উন্নতি সম্ভব। জহরলাল নেহেরুর পক্ষেই সেই চিন্তার দীপশিখা প্রজ্বলন করা সম্ভব ( যে হেতু Light Of Asia -- এই শব্দবন্ধটি, phrase, তিনি জানেন ; সাম্যবাদী মতবাদে (Communist drill book) যা নেই। 

এখানে মনে করা যেতেই পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমগ্র পৃথিবীর রাষ্ট্রগুলি, উত্তর ও দক্ষিণ গোলার্ধের ছোট বড় সমস্ত দেশ দুই ক্ষমতাকেন্দ্রে (Power Bloc) ভাগ হয়ে গিয়েছিল --- সোভিয়েট ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র (The USSR & The USA). গঠিত হয়েছিল যথাক্রমে NATO ( North Atlantic Treaty Organisation) আর WARSW pact অনুযায়ী সোভিয়েত ইউনিয়ন ও তার অন্য সাতটি দেশের বন্ধুত্বের চুক্তি)। জওহরলাল নেহেরু এবং ভারতের আরও কয়েকটি বন্ধুরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, যাঁরা‌ কোন ক্ষমতার ভরকেন্দ্রেই থাকতে চাইলেন না, তাঁরা গড়ে তুললেন ওই জোট নিরপেক্ষ একটি অহিংসপন্থী আন্দোলন, বা Non Aligned Movement. এই আন্দোলনের অগ্রদূত ছিলেন জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ন, যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট জে বি টিটো, মিশরের প্রেসিডেন্ট জি এ নাসের এবং ঘানার প্রেসিডেন্ট কুয়ামি কুরমা।
কিন্তু তবুও জওহরলাল নেহরু যেহেতু সমাজতান্ত্রিক চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন এবং প্রায় প্রতিবেশী দেশ সোভিয়েত ইউনিয়নের দিকে তাঁর স্বাভাবিক ঝোঁক (inclination) ছিল ---- সে বিষয়ে অবহিত হয়েই চার্চিল সাহেব তাঁকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন জনগণতান্ত্রিক আদর্শ ভারতের ঐতিহাসিক ধারনাতেই বিদ্যমান ; কমিউনিষ্ট চিন্তাধারাতে নয়। 


যাই হোক্, এ-সব ইতিহাসের তথ্য ও তত্ত্ব আমাদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে এইটি অনুধাবন করবার জন্য যে ওই স্যার এডুইন আর্নল্ডের লেখা কাব্য  'The Light Of Asia' বা 'প্রাচী ধরিত্রীর আলো'-র‌ প্রভাব কী গভীর ও পরিব্যপ্ত ছিল ঊনবিংশ শতকের শেষভাগ থেকে বিংশ শতকের মধ্যভাগ পর্যন্ত এবং যা আজিও প্রাসঙ্গিক। গ্রন্থটির ক্রমবর্ধিষ্ণু লোকপ্রিয়তা তাই প্রমাণ করে। 


                        (ক্রমশঃ)
____________________________________________





রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সুগভীর প্রজ্ঞার একটি ঐতিহাসিক গ্রন্থ --- এক



সুগভীর প্রজ্ঞার একটি ঐতিহাসিক গ্রন্থ।

"The time may come, I hope, when this book and my Indian Song of Songs 

and Indian Idylls will preserve the memory of one who loved 

India and the Indian people."
                     --------------- Sir Edwin Arnold

                     এক

সভ্যতার ক্রমবিবর্তনের সঙ্গে সঙ্গে মানব চেতনার ক্রমবিকাশও অঙ্গে অঙ্গে বাঁধা পড়ে আছে। প্রথমটি জ্ঞানের, উপলব্ধির ও অভিজ্ঞতার প্রায়োগিক দিক, আর দ্বিতীয়টি মুক্তি ও মোক্ষলাভের পথ। এই মুক্তি ও মোক্ষলাভ কোন বিশেষ একটি ধর্মধারণায় বিচার্য নয়। এটি মানুষের জাগতিক জীবনের অনিশ্চয়তা, শোক দুঃখ বেদনা বিষাদ --- যা অবশ্যম্ভাবী, অনিবার্য, তাই থেকে মুক্ত হবার, সকল দুর্গতি ও বিপর্যয়কে স্বীকার করেও শান্ত সুন্দর এবং 'আনন্দময়' জীবন অতিবাহিত করবার সাধনা। সমস্ত ধর্মের মূলগত সাধনার হদিশ মানুষ প্রথম পেয়েছিল আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে শেষ তীর্থঙ্কর বা প্রথম পূর্ণরূপে-সিদ্ধ সাধক, শাক্যমুনি  তথাগত গৌতম বুদ্ধের সাধনপথে ও বাণীতে। 


বুদ্ধদেব, বৌদ্ধধর্ম, তার প্রভাব, অনুশীলন-মার্গের ইতিহাস সুদীর্ঘ এবং সুগভীর। আজও সে সবের চর্চা, সেই ধর্মানুসরণ অব্যাহত শুধু ভারতবর্ষে নয়, বিশ্বের বহু দেশে। বিশেষ করে দক্ষিণপূর্ব এশিয়ায় --- চীন তিব্বত  জাপান শ্রীলঙ্কা হয়ে ইন্দোনেশিয়া, সুমাত্রা, জাভা, বোর্ণিও, বালি, থাইল্যান্ডসহ দ্বীপময় প্রাচ্যভূমির দেশে দেশান্তরে।
এহেন একটি জীবনাচরণ-সাধনার (নিরঞ্জন বুদ্ধের সাধনার পথ) মার্গ প্রদর্শকের আবির্ভাব ঘটেছিল আজ থেকে প্রায় তিনহাজার বছর আগে এই পুন্য ভারতভূমির উত্তরপ্রান্তে, হিমালয়ের কোলে কপিলাবস্তুর রাজ পরিবারে, রাজা শুদ্ধোদন ও রাণী মায়াদেবীর কোলে।
ভগবান বুদ্ধ ও বৌদ্ধধর্মের উপর অসংখ্য পুঁথি, অসংখ্য গ্রন্থ রচিত হয়েছে হাজার হাজার বছর ধরে  ; কিন্তু যে গ্রন্থটি সমগ্র বিশ্বের মানব-সমাজকে, মানব চেতনাকে আলোড়িত করেছিল, করে চলেছে, সেটি স্যার এডুইন আর্নল্ডের লেখা, The Light of Asia, or The Great Renunciation। এশিয়ার আলো বা মহা নিষ্ক্রমণ। আমি তার নামকরণ করেছি প্রাচী ধরিত্রীর আলো।
বইটি আটটি সর্গে (৫৩০০পংক্তি, ৪১০০ শব্দ) সম্পূর্ণ।
প্রথম সর্গ (Book the First)-- রাজপুত্র সিদ্ধার্থ বা গৌতমের জন্ম। তাঁর শৈশব ও কৈশোর।
দ্বিতীয় সর্গ ( Book the second)-- বিলাস, বৈভব ও ঈশ্বর্যের মধ্যে বেড়ে ওঠা। অষ্টাদশ বৎসর বয়সে যশোধরার সঙ্গে বিবাহ।
তৃতীয় সর্গ (Book the Third)-- পর্যাপ্ত সুখ ও বিলাস ব্যসনের মধ্যে জীবন অতিবাহিত হলেও রাজকুমারের অন্তরে কোথায়‌ যেন অতৃপ্তি, সংসারে নির্লিপ্ততা।
চতুর্থ সর্গ (Book the  fourth)-- রাজকুমার সিদ্ধার্থের মহানিষ্ক্রমণ।
পঞ্চম সর্গ ( Book the Fifth)-- আত্মগ্লানি-সঞ্জাত বিষাদ, নিরন্ন নির্জলা উপবাস, এক রাখালের দেওয়া দুগ্ধপান।
ষষ্ঠ সর্গ (Book the Sixth)-- সুজাতার পরমান্ন নিবেদন, 'মারী বা মার' দুর্গহের সঙ্গে সংগ্রাম, বোধিবৃক্ষের তলায় মহাধ্যানে লীন ও পরম সত্যের উপলব্ধি।
সপ্তম সর্গ (Book the Seventh)-- সন্তানের অদর্শনে পিতা শুদ্ধোদনের শোক, যুবরাজ্ঞী বিরোহিনী  যশোধরার নিরন্তর উদ্বেগ, সপ্তম বর্ষীয় বালক রাহুলের প্রশ্ন, 'পিতা কোথায়', অকস্মাৎ দুই ভিনদেশী বণিকের আগমন, তাদের মুখে বুদ্ধের বাণী। অতঃপর  সন্ন্যাসী বুদ্ধের স্বগৃহে আগমন, স্বাগত অনুষ্ঠান, স্ত্রী সহ পরিবারের সকলের বৌদ্ধধর্মে  দীক্ষালাভ।
অষ্টম সর্গ (Book the Eight)-- ভিক্ষু সম্প্রদায় গঠন, কিসা গৌতমীর উপাখ্যান।

সুধী পাঠকদের কাছে ভগবান বুদ্ধের জীবনীর এই সংক্ষিপ্তসার জানা, জানা অবশ্যপাঠ্য ইতিহাসের অংশ হিসাবে। কিন্তু সেই জীবনালেখ্য মানবতা, বিশ্বচেতনা ও জনগণতান্ত্রিকতার ক্রমোত্তরণের প্রচেষ্টায় কতখানি অনুঘটকের কাজ করেছে তা এই ঐতিহাসিক গ্রন্থটির বিপুল প্রচার ও প্রভাবের দ্বারা স্বীকৃত হয়েছে। প্রশ্ন উঠবে  'প্রাচী ধরিত্রীর আলো' বইটি প্রকাশিত হবার আগে বৌদ্ধ ধর্ম প্রচারিত, প্রসারিত হয়নি ? হয়েছিল। আড়ম্বরপূর্ণ   যাগ‌‌যজ্ঞের অগ্নিশিখার জ্যোতির্বলয়ের গন্ডীর মধ্যে থাকা অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও‌ বৈশ্য সম্প্রদায়ের বাইরের শূদ্র বা ন-আর্য জনগোষ্ঠীর 'আপামর' নরনারী বুদ্ধের সরল, সহজ ও মানবিক বাণীর আবেদনে বিমোহিত হয়ে সাড়া দিয়েছিলেন-- 'বুদ্ধং শরণং গচ্ছামি'।
সে যাই হোক্, আমরা ফিরে আসি 'প্রাচী ধরিত্রীর আলো' গ্রন্থটির প্রসঙ্গে। মুক্ত ছন্দের এই কাব্যটির আটটি সর্গের বর্ণিত আখ্যান সম্পূৰ্ণরূপে আলোচনার করবার প্রয়াস।   একটি দুর্বহ কর্মভার। (অদূর ভবিষ্যতে তাও পুস্তক আকারে প্রকাশিত হবে।) আমরা আলোচনা করি পূর্ণ আখ্যায়িকার কিছু খন্ডাংশ নিয়ে। 


কাব্যটির আরম্ভ হয়েছে এইভাবে, 


Book the First 

"The Scripture of the saviour of the World, 

Lord Buddha --- Prince Sidddrtha styled on earth --

In Earth and Heavens and Hell incomparable,

All- honoured, Wisest, Best, most pitiful ;  

The teacher of Nirvana and the Law." 


জগতের মুক্তিদাতা বুদ্ধদেব, সিদ্ধার্থ নাম নিয়ে
আবির্ভূত এই ধরাতলে। তুলনা নাইকো তার
ত্রিজগত মাঝে। শ্রদ্ধার দিব্যাসনে অধিষ্ঠান তার
পুরুষোত্তম, করুণাময়, জ্ঞানের আধার ---
বিশ্ববিধান আর মহাপরিনির্বাণের পথের দিশারী।    (অনুবাদ মৎকৃত) 


এখানেই  এডুইন আর্নল্ড মহাশয়ের লেখনীর মহিমা এবং  কথকথাটির আকর্ষণীয় গৌরচন্দ্রিকা। গৌতম বুদ্ধের প্রতি কতখানি শ্রদ্ধাবনত আত্মসমর্পণ, কী গভীর প্রেম ! মনে হয়না তিনি সাতসমুদ্র পারের কোন এক ভিনদেশী মানুষ। মনে হতেই পারে তিনি যেন এই ভারতভূমির একজন ভক্ত, ঈশ্বরে সমরর্পিত-প্রাণ বৈষ্ণব।
এবার দেখি সিদ্ধার্থের জন্ম লগ্নের বিবরণ, 


...That night The wife of King Suddhodana,
Maya, the Queen, asleep beside her Lord,  
Dreamed a strange dream ; dreamed that a star from heaven ----
Splendid, six-rayed in colour rosy-pearl,
Where of the token was an Elephant
Six tusked, and white as milk of Kamadhuk --
Shot through the void and sinking into her,
Entered her womb upon the right". 


যেন স্বর্গের আশীর্বাদ এল নেমে, মর্ত্য মানবী মায়ের বক্ষ পূর্ণ হোল দুগ্ধসুধায়, আলোয় আলোয় ভরে গেল  চরাচর। কম্পিত অরণ্য-পর্বত.... রাণীমার আনন্দ ছড়িয়ে পড়লো সর্বত্র। উদ্বেলিত হয়ে উঠল স্বর্গ মর্ত্য পাতাল ...। 


এইভাবে আরম্ভকাল হতে সমাপ্তি পর্যন্ত কথকের আবেগের, আনন্দের উচ্ছ্বাসে ভাব-সিক্ত এই কাহিনীকাব্যের সর্বাঙ্গ। সমস্তক্ষণ মনে হবে লেখক যেন বৈষ্ণবীয় ভক্তিরসে এবং ভারতীয় সভ্যতার, বিশেষ করে সাহিত্যরসে অভিসিঞ্চিত হয়েই এই গ্রন্থটি প্রণয়ন করেছেন। এক্ষেত্রে একটি সমগোত্রীয় বর্ণনা স্মরণে আসে, 


"কপিলাবস্তুর রাজবাড়ি। রাজরাণী মায়াদেবী ঘুমিয়ে রয়েছেন। ঘরের সামনে খোলা ছাদ, তার ওধারে বাগান। শহর মন্দির মঠ, আরও ওধারে দূরে হিমালয় পর্বতশ্রেণী --- সাদা বরফে ঢাকা। আর সেই পাহাড়ের উপরে আকাশ জুড়ে আশ্চর্য সাদা আলো। শুদ্ধোধন সেই আলোর দিকে চেয়ে আছেন, এমন সময় মায়াদেবী জেগে উঠে   বললেন, "মহারাজ, কি চমৎকার স্বপ্নই যে দেখলাম ! এতটুকু একটি সাদা হাতি, দ্বিতীয়ার চাঁদের মতন কচি কচি দুটো দাঁত, সে যেন হিমালয়ের ওপার থেকে মেঘের উপর দিয়ে আমার কোলে নেমে এল। তারপর সে কোথায় গেল দেখতে পেলেম না। "
                                                ---------অবনীন্দ্রনাথ 


কালি-কলম ও রঙ-তুলির এমন যুগলবন্দি আমাদের বিস্মিত করে। চোখে দেখি ছবি আর অন্তরে অনুরণিত হয় পণ্ডিত রবিশঙ্কর আর ইহুদী মেদুইনের সেতার ও বেহালায় প্রাচ্য পাশ্চাত্যের মিলনসঙ্গীত। অবিশ্বাস্য হলেও সত্য কেননা লেখক ভারতের পুনেতে ডেকান কলেজের অধ্যক্ষ পদে আসীন ছিলেন এক সময়ে।

                        (ক্রমশঃ)
______________________________________________
                                          

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

সহাস্য বিষন্নতা ও কবি জীবনান্দ

                          

সহাস্য বিষন্নতা ও কবি জীবনান্দ 

 এক 


হঠাৎই মনে হতেই পারে এমন একটি বিরোধাভাস অলঙ্কারের বাক্যবন্ধ দিয়ে কবি জীবনান্দের উপর আলোচনার সূচনা করা হোল কেন ? কেননা জীবনান্দের প্রায় বেশীরভাগ কবিতার আন্তর আবেদনে একটি সকরুণ সুর বেজে ওঠে। সে সুর জীবনদ্বন্দ্বের, সে সুর 'অতীতের' অবর্তমানতার, সে সুর 'সুন্দরের' ক্ষয়মানতার।
আবার সমকালিক অনেক বাঙলার আধুনিক কবি তাঁর কাব্যকে পরাবাস্তবতার অভিব্যক্তি বলেও চিহ্নিত করেছেন।
সত্যই কি জীবনান্দ পরাবাস্তববাদী কবি ? 
পরাবাস্তবতার সামান্য পরিচয় পাবার পর আমরা দেখি তার কাব্যদর্শন পরাবাস্তবতার মধ্যে পড়ে কি না।
এই পরাবাস্তববাদী আন্দোলন সূচিত হয় প্রথম  বিশ্বযুদ্ধের সময়কালে মূলত ইউরোপখণ্ডের ফ্রান্স, স্পেন, বেলজিয়াম --- এইসব দেশে। পরাবাস্তববাদী সাংস্কৃতিক আন্দোলনের প্রথম উদ্গাতা হলেন কবি, শিল্পী, সমালোচক আঁদ্রে বেঁত।‌ তার সঙ্গে আরো যাঁরা ছিলেন তাঁদের মধ্যে সালভাদর দালি, ম্যাক্স আর্নষ্ট, রেনে মাগ্রিত উল্লেখযোগ্য। বিষয়টি বেশ জটীল। তবু সামান্য একটু সহজ করে বলা যেতেই পারে।
আন্দ্রে বেনট বলছেন,
"পরাবাস্তববাদ স্বপ্নের সর্বশক্তিতে বিশ্বাসের উপর ভিত্তি করে খেলা করে, চিন্তার অনির্দেশিত খেলায়। "
ঠিক কথা। মানব মনের উপরিতলের পরিচয় সহজেই, নিজের ক্ষেত্রে কিছুটা বোঝা যায় বা অন্যকে বোঝানোও যায় ; কিন্তু অন্তঃস্তলের পরিচয়, আপনার ক্ষেত্রেও মাঝে মাঝেই দুর্বোধ্য ঠেকে,
"আপনাকে এই জানা আমার ফুরাবে না।"
                                               ---- রবীন্দ্রনাথ।
আর অপরের মনের সন্ধান পেতেই তো যুগ যুগ ধরে এত
ডুবুরী, এত অভিযাত্রী ---- হোমার, ভার্জিল, তাসো, দান্তে  সেক্সপিয়ের ; ব্যাস, বাল্মীকি, ভবভূতি, কালিদাস, রবীন্দ্রনাথ। (এই নামগুলি প্রতিষ্ঠান অর্থে এখানে উল্লেখিত)।
‌আবার ব্রেনট এবং তাঁর সঙ্গীরা যেহেতু ফ্রয়েড মহাশয়ের (Sigmund Freud) অনুগামী, তাই তারা মনোবিজ্ঞানের গভীরে ডুব দিয়ে তাঁদের মতবাদের যুক্তি সাজিয়েছেন। তাদের শিল্প সৃষ্টিতেও 'সাইচিক' অভিব্যক্তি।
আমরা বেশ দূরে চলে গিয়েছিলাম। প্রয়োজনও আছে ; কেননা যে কবি 'হাজার বছর ধরে' পৃথিবীর পথে পথে  হাঁটছেন, সুদূর ধূসর অতীতের ইতিহাসের ধংসস্তুপে মনে মনে বা স্বপ্নাচ্ছন্নতায়, তাঁর অবচেতনের সুলুক সন্ধান না করলে তাঁর সৃষ্টির অন্দরমহলের খবরই বা পাব কেমন করে ? এখানে ব্রেনট আরো একটি কথা বলেছেন,
"অবচেতন মনের ক্রিয়াকলাপকে উদ্ভট ও আশ্চর্য সব রূপকল্প দ্বারা প্রকাশ করা" যা পরাবাস্তবতার অন্যতম লক্ষণ --- তাই তো  আমরা জীবনান্দের সৃষ্টির মধ্যে লক্ষ্যে করে থাকি।
এবার কবি জীবনান্দের কাব্যগ্রন্থের তালিকা যা বেশ
দীর্ঘই ---
ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, সাতটি তারার তিমির, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, রূপসী বাঙলা, সুদর্শনা, মনবিহঙ্গম, আলোপৃথিবী, ছায়া আবছায়া, কৃষ্ণা দশমী, জীবনান্দ দাশের দীর্ঘ কবিতা।‌
এসকল কাব্যগ্রন্থের মধ্যে অনেকগুলিই কবির তিরোভাব হবার পর প্রকাশিত হয়েছে। সেগুলি সম্পাদনা করেছেন আবদুল মান্নান সৈয়দ, দেবীপ্রসাদ বন্দোপাধ্যায়, ভূপেন্দ্র গুহ, ফয়জুল লতিফ, গৌতম মিত্র প্রভৃতি লেখক ও আলোচকবৃন্দ।
                            ক্রমশঃ 

সহাস্য বিষন্নতা ও কবি জীবনান্দ

                      দুই


তাঁর কাব্যগ্রন্থগুলির বিশদে আলোচনা করবার প্রয়াস রয়েছে অপর একটি গ্রন্থে ('বিন্দুতে সিন্ধু দর্শন--দ্বিতীয় খণ্ড)। বর্তমানে তাঁর বনলতা সেন কাব্যগ্রন্থটির বহুপঠিত এবং বহুচর্চিত কবিতা 'বনলতা সেন '  সম্মন্ধে আলোচনা করবার চেষ্টা করব।
কবিতাটির প্রথম প্রকাশ বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায়, ১৯৩৫ খ্রীষ্টাব্দের ডিসেম্বরে। পরে 'বনলতা সেন' কবির তৃতীয় কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল। আবারো সেটি 'মহাপৃথিবী' কাব্যগ্রন্থে স্থান লাভ করে।
কবিতাটির প্রথম পংক্তি পাঠককে ঝাঁকুনি দেয়।
'হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে' --- সিংহল সমুদ্র, অন্ধকারে ঢাকা মালয় সাগর, বিম্বিসার অশোকের ধূসর জগৎ। এসেছে বিধর্ভ নগর, নিশার তিমিরাচ্ছন্ন বিদিশা নগরী--- কবির এহেন অতীতচারী কল্পনার অভিযাত্রার সঙ্গী হবে যে পাঠক তারও তো মনে ক্লান্তিভার আসবেই নেমে। হাজার বছর ধরে দূরে, দূরান্তে পদচারণায় ক্লান্তি-শিথিল জীবনের পরমতম আশ্রয়--  একটি নিশ্চিন্ত আশ্রয় প্রেম। কোথায় সে, কি রূপ তার ? 


উত্তর ---  নাটোরে, বনলতা সেন। অন্ধকারে ঢাকা বিদিশা নগরীর রাত্রির মত তার কেশরাশি, শ্রাবস্তী নগরীর কারুকলার সৌন্দর্য দিয়ে গড়া তার মুখশ্রীমায়া। অকূল সমুদ্রের দিকভ্রষ্ট অভিযাত্রীর  অকস্মাৎ দেখা সবুজ দারুচিনি দ্বীপ খুঁজে পায়, তেমনি সেই আশাময়ী ভাষাময়ী প্রেমময়ীর আবির্ভাব, আশ্রয়দানের অর্ঘ্য (নীড়) সাজিয়ে চিরপরিচয়ের নির্ভার নির্ভরতায় আমন্ত্রণ জানিয়ে বলে, ''এতদিন কোথায় ছিলেন ?"
তারপর শ্রান্তিহরা, শান্তিময়ী 'অনন্ত' বিশ্রাম। অশ্রুত শব্দের শিশির-পতনের নৈশব্দমাখা সন্ধ্যায়, যখন রৌদ্রের আভাটুকুও মিলিয়ে যায় আকাশবিহারী চিলের ডানায়, কূলায়ে ফিরে পাখী, নদী তার ক্লান্তি ঢালে সাগরসঙ্গমে, সমস্ত রঙ একাকার হয়ে যায় সান্ধ্য অন্ধকারে, অস্তগত দিনের গল্পের পাণ্ডুলিপি লেখে ঝিলমিল জোনাকীর আলো --- সেই দিনশেষের, (জীবন শেষের!) একান্ত, একমাত্র অবলম্বন বনলতা সেন। সেই কি চিরন্তন নারীত্বের কল্পমূর্তি --- "the Eternal feminine" ? 


কবিতাটিতে কবি এক অত্যাশ্চার্য প্রেমের কল্পচিত্র অঙ্কন করেছেন। কবির মানসী, নাটোরের 'বনলতা সেন',  নাটোরের রাজপুরীর রাজকন্যা নয় ; যদি হোত তবে আমরা বাঙলা সংস্করণের পেত্রার্কার লরা, বা দান্তের বিয়াত্রিস, বা লিওর্নাদো 'দ্য ভিঞ্চির মোনালিসাকে পেতাম। দেহসুষমার গঠনে মানবী রূপের চিহ্নগুলি সংরক্ত আবেগের কলমের তুলি দিয়ে আঁকা হোত। কিন্তু এ কী! কোন্ সে সুদূর অতীতের, বিস্মৃতির ছায়াময়ী অস্পষ্টতায় হারিয়ে যাওয়া 'বিদিশা'র তমসাময়ী রাত্রি এসেছে সে নারীর চুলের উপমা হয়ে, মুখের আদলের উপমায় এসেছে 'শ্রাবস্তীর' কারুকার্যময়তা। আবার তার সঙ্গে কবির অন্তিম দেখা দিনান্ত বেলার 'অন্ধকারে'।
অবচেতন মনের অন্তঃস্তল থেকে, কোন্ সে বিষাদমগ্নতা  হতে উঠে এসেছে মিলনহীন প্রেমের কামনা। সফেন জীবনসমুদ্র পাড়ি দিয়ে দু' দণ্ড শান্তির প্রত্যাশা ! কবি বলছেন, 'দিয়েছিল' ; কিন্তু জীবনের 'সব লেন দেন' ফুরায় যখন, যখন থাকে শুধু অন্ধকার ?
পাঠককে এমনই এক বিশ্বাস অবিশ্বাসের আলো ছায়ায় অমোঘ আকর্ষণে টেনে আনতে পারেন যে শিল্পী তাকে তো বলতেই হবে পরাবাস্তবতার স্রষ্টা।
"Surrealist artists have drawn inspiration from mysticism, ancient cultures and indigenous art and knowledge as a way of imagining alternative realities."

ইংরেজি সাহিত্যের কবি এবং অধ্যাপক জীবনান্দ দাশের এই কবিতার সঙ্গে (Edgar Allen Poe) এডগার এলান পো-র 'To Helen' কবিতাটির মিল বিস্ময়কর। কয়েকটি লাইন উদ্ধার করি,
"Helen, thy beauty is to me
Like those Nicean barks of yore,
That gently, over a perfumed sea,
The weary way-worn wanderer bore
To his own native shore.''
Nicean barks, perfumed sea, way-worn wanderer, to his native shore -- এ সকল সমাসবদ্ধ শব্দগুলি যেন এই মাত্র জীবনান্দের 'বনলতা সেন' কবিতায় পড়ে এসেছি --- মনে হোল। তারপর ঐ,
"Thy hyacinth hair, thy classic face,
And naiad airs have brought me home
To the beauty of fair Greece,
And the grandeur of old Rome."
"চুল তার কবেকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য ;"
"Thy hyacinth hair, thy classic face."
What a parallel !The person, the object -- 

those are, as if, depicted similar to one another. 


এ তো গেল 'বনলতা সেন' কবিতাটির কথা।
এর পরও আসে তাঁর রূপসী বাঙলা', যে কাব্যগ্রন্থটি  তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়। জন্মভূমির সমস্তকে, (তার ইতিহাস-ভূগোল, তার অতীত, তার বর্তমান, তার পুরাণ (mythology), তার শিল্পকলা, সাহিত্য, লোকাচার, লোকসংস্কৃতি, লোকসঙ্গীত) চির অমলিন, চির অক্ষয় করে গিয়েছেন এই মরমীয়া কবি -- হাস্যরসের উচ্ছ্বাসে নয়, বেদনার অশ্রুজলধারায় অভিসিঞ্চিত করে।
দান্তের পোর্টেট দেখে কার্লাইল বলে ছিলেন, 


"I think it is the mournfulest (old english) face that ever was painted from reality, an altogether tragic, heart-affecting face." 


আমরাও কবি জীবনান্দের হাস্যোজ্জ্বল মুখ কখনো দেখিনি ; দেখেছি সদাবিষন্ন, ছায়াচ্ছন্ন এক বেদনাতুর মুখাবয়ব। 


(কিন্তু বন্ধুমহলে তাঁর হাস্যরসাত্মক মন্তব্যগুলি বহুচর্চিত।‌
সে কাহিনী বারান্তরে।)

ঋণ স্বীকার
বুদ্ধদেব বসু
ভূমেন্দ্র গুহ
সুজিত সরকার
সমকালিক দেশ পত্রিকা।
দুলাল চন্দ্র বন্দোপাধ্যায়
১৫ -১১ - ২০২৪
কলকাতা।
                             সমাপ্ত

সহাস্য বিষন্নতা ও কবি জীবনান্দ

                      দুই 


তাঁর কাব্যগ্রন্থগুলির বিশদে আলোচনা করবার প্রয়াস রয়েছে অপর একটি গ্রন্থে ('বিন্দুতে সিন্ধু দর্শন--দ্বিতীয় খণ্ড)। বর্তমানে তাঁর বনলতা সেন কাব্যগ্রন্থটির বহুপঠিত এবং বহুচর্চিত কবিতা 'বনলতা সেন '  সম্মন্ধে আলোচনা করবার চেষ্টা করব।
কবিতাটির প্রথম প্রকাশ বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায়, ১৯৩৫ খ্রীষ্টাব্দের ডিসেম্বরে। পরে 'বনলতা সেন' কবির তৃতীয় কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল। আবারো সেটি 'মহাপৃথিবী' কাব্যগ্রন্থে স্থান লাভ করে।
কবিতাটির প্রথম পংক্তি পাঠককে ঝাঁকুনি দেয়।
'হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে' --- সিংহল সমুদ্র, অন্ধকারে ঢাকা মালয় সাগর, বিম্বিসার অশোকের ধূসর জগৎ। এসেছে বিধর্ভ নগর, নিশার তিমিরাচ্ছন্ন বিদিশা নগরী--- কবির এহেন অতীতচারী কল্পনার অভিযাত্রার সঙ্গী হবে যে পাঠক তারও তো মনে ক্লান্তিভার আসবেই নেমে। হাজার বছর ধরে দূরে, দূরান্তে পদচারণায় ক্লান্তি-শিথিল জীবনের পরমতম আশ্রয়--  একটি নিশ্চিন্ত আশ্রয় প্রেম। কোথায় সে, কি রূপ তার ? 


উত্তর ---  নাটোরের বনলতা সেন। অন্ধকারে ঢাকা বিদিশা নগরীর রাত্রির মত তার কেশরাশি, শ্রাবস্তী নগরীর কারুকলার সৌন্দর্য দিয়ে গড়া তার মুখশ্রীমায়া। অকূল সমুদ্রের দিকভ্রষ্ট অভিযাত্রীর  অকস্মাৎ দেখা সবুজ দারুচিনি দ্বীপ খুঁজে পায়, তেমনি সেই আশাময়ী ভাষাময়ী প্রেমময়ীর আবির্ভাব, আশ্রয়দানের অর্ঘ্য (নীড়) সাজিয়ে চিরপরিচয়ের নির্ভার নির্ভরতায় আমন্ত্রণ জানিয়ে বলে, ''এতদিন কোথায় ছিলেন ?" 


তারপর শ্রান্তিহরা, শান্তিময়ী 'অনন্ত' বিশ্রাম। অশ্রুত শব্দের শিশির-পতনের নৈশব্দমাখা সন্ধ্যায়, যখন রৌদ্রের আভাটুকুও মিলিয়ে যায় আকাশবিহারী চিলের ডানায়, কূলায়ে ফিরে পাখী, নদী তার ক্লান্তি ঢালে সাগরসঙ্গমে, সমস্ত রঙ একাকার হয়ে যায় সান্ধ্য অন্ধকারে, অস্তগত দিনের গল্পের পাণ্ডুলিপি লেখে ঝিলমিল জোনাকীর আলো --- সেই দিনশেষের, (জীবন শেষের!) একান্ত, একমাত্র অবলম্বন বনলতা সেন। সেই কি চিরন্তন নারীত্বের কল্পমূর্তি --- "the Eternal feminine" ? 


কবিতাটিতে কবি এক অত্যাশ্চার্য প্রেমের কল্পচিত্র অঙ্কন করেছেন। কবির মানসী, নাটোরের 'বনলতা সেন',  নাটোরের রাজপুরীর রাজকন্যা নয় ; যদি হোত তবে আমরা বাঙলা সংস্করণের পেত্রার্কার লরা, বা দান্তের বিয়াত্রিস, বা লিওর্নাদো 'দ্য ভিঞ্চির মোনালিসাকে পেতাম। দেহসুষমার গঠনে মানবী রূপের চিহ্নগুলি সংরক্ত আবেগের কলমের তুলি দিয়ে আঁকা হোত। কিন্তু এ কী! কোন্ সে সুদূর অতীতের, বিস্মৃতির ছায়াময়ী অস্পষ্টতায় হারিয়ে যাওয়া 'বিদিশা'র তমসাময়ী রাত্রি এসেছে সে নারীর চুলের উপমা হয়ে, মুখের আদলের উপমায় এসেছে 'শ্রাবস্তীর' কারুকার্যময়তা। আবার তার সঙ্গে কবির অন্তিম দেখা দিনান্ত বেলার 'অন্ধকারে'।
অবচেতন মনের অন্তঃস্তল থেকে কোন্ সে বিষাদমগ্নতা  হতে উঠে এসেছে মিলনহীন প্রেমের কামনা। সফেন জীবনসমুদ্র পাড়ি দিয়ে দু' দণ্ড শান্তির প্রত্যাশা ! কবি বলছেন, 'দিয়েছিল' ; কিন্তু জীবনের 'সব লেন দেন' ফুরায় যখন, যখন থাকে শুধু অন্ধকার ?
পাঠককে এমনই এক বিশ্বাস অবিশ্বাসের আলো ছায়ায় অমোঘ আকর্ষণে টেনে আনতে পারেন যে শিল্পী তাকে তো বলতেই হবে পরাবাস্তবতার স্রষ্টা।
"Surrealist artists have drawn inspiration from mysticism, ancient cultures and indigenous art and knowledge as a way of imagining alternative realities."

ইংরেজি সাহিত্যের কবি এবং অধ্যাপক জীবনান্দ দাশের এই কবিতার সঙ্গে (Edgar Allen Poe) এডগার এলান পো-র 'To Helen' কবিতাটির মিল বিস্ময়কর। কয়েকটি লাইন উদ্ধার করি, 


"Helen, thy beauty is to me
Like those Nicean barks of yore,
That gently, over a perfumed sea,
The weary way-worn wanderer bore
To his own native shore.'' 


Nicean barks, perfumed sea, way-worn wanderer, to his native shore -- এ সকল সমাসবদ্ধ শব্দগুলি যেন এই মাত্র জীবনান্দের 'বনলতা সেন' কবিতায় পড়ে এসেছি --- মনে হোল। তারপর ঐ, 

"Thy hyacinth hair, thy classic face,
And naiad airs have brought me home
To the beauty of fair Greece,
And the grandeur of old Rome."
"চুল তার কবেকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য ;"
"Thy hyacinth hair, thy classic face."
What a parallel !The person, the object -- those are, as if, depicted similar to one another.
এ তো গেল 'বনলতা সেন' কবিতাটির কথা। 

এর পরও আসে তাঁর রূপসী বাঙলা', যে কাব্যগ্রন্থটি  তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়। জন্মভূমির সমস্তকে, (তার ইতিহাস-ভূগোল, তার অতীত, তার বর্তমান,  তার পুরাণ (mythology), তার শিল্পকলা, সাহিত্য, লোকাচার, লোকসংস্কৃতি, লোকসঙ্গীত) চির অমলিন, চির অক্ষয় করে গিয়েছেন এই মরমীয়া কবি -- হাস্যরসের উচ্ছ্বাসে নয়, বেদনার অশ্রুজলধারায় অভিসিঞ্চিত করে।
দান্তের পোর্টেট দেখে কার্লাইল বলে ছিলেন, 

"I think it is the mournfulest (old english) face that ever was painted from reality, an altogether tragic,  heart-affecting face." 

আমরাও কবি জীবনান্দে হাস্যোজ্জ্বল মুখ কখনো দেখিনি ; দেখেছি সদাবিষন্ন, ছায়াচ্ছন্ন এক বেদনাতুর মুখাবয়ব। 


(কিন্তু বন্ধুমহলে তাঁর হাস্যরসাত্মক মন্তব্যগুলি বহুচর্চিত।‌
সে কাহিনী বারান্তরে।)

ঋণ স্বীকার
বুদ্ধদেব বসু
ভূমেন্দ্র গুহ
সুজিত সরকার
সমকালিক দেশ পত্রিকা।
দুলাল চন্দ্র বন্দোপাধ্যায়
১৫ -১১ - ২০২৪
কলকাতা।
                             সমাপ্ত

বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সহাস্য বিষন্নতার কবি জীবনানন্দ

                           

সহাস্য বিষন্নতা ও কবি জীবনান্দ 

এক 


হঠাৎই মনে হতেই পারে এমন একটি বিরোধাভাস অলঙ্কারের বাক্যবন্ধ দিয়ে কবি জীবনানন্দের উপর আলোচনার সূচনা করা হোল কেন ? কেননা জীবনান্দের প্রায় বেশীরভাগ কবিতার আন্তর আবেদনে একটি সকরুণ সুর বেজে ওঠে। সে সুর জীবনদ্বন্দ্বের, সে সুর 'অতীতের' অবর্তমানতার, সে সুর 'সুন্দরের' ক্ষয়মানতার।
আবার সমকালিক অনেক বাঙলার আধুনিক কবি তাঁর কাব্যকে পরাবাস্তবতার অভিব্যক্তি বলেও চিহ্নিত করেছেন।
সত্যই কি জীবনান্দ পরাবাস্তববাদী কবি ? 
পরাবাস্তবতার সামান্য পরিচয় পাবার পর আমরা দেখি তার কাব্যদর্শন পরাবাস্তবতার মধ্যে পড়ে কি না।
এই পরাবাস্তববাদী আন্দোলন সূচিত হয় প্রথম  বিশ্বযুদ্ধের সময়কালে মূলত ইউরোপখণ্ডের ফ্রান্স, স্পেন, বেলজিয়াম --- এইসব দেশে। পরাবাস্তববাদী সাংস্কৃতিক আন্দোলনের প্রথম উদ্গাতা হলেন কবি, শিল্পী, সমালোচক আঁদ্রে বেঁত।‌ তার সঙ্গে আরো যাঁরা ছিলেন তাঁদের মধ্যে সালভাদর দালি,ম্যাক্স আর্নষ্ট, রেনে মাগ্রিত উল্লেখযোগ্য। বিষয়টি বেশ জটীল। তবু সামান্য একটু সহজ করে বলা যেতেই পারে।
আন্দ্রে বেনট বলছেন,
"পরাবাস্তববাদ স্বপ্নের সর্বশক্তিতে বিশ্বাসের উপর ভিত্তি করে খেলা করে, চিন্তার অনির্দেশিত খেলায়। "
ঠিক কথা। মানব মনের উপরিতলের পরিচয় সহজেই, নিজের ক্ষেত্রে কিছুটা বোঝা যায় বা অন্যকে বোঝানোও যায় ; কিন্তু অন্তঃস্তলের পরিচয়, আপনার ক্ষেত্রেও মাঝে মাঝেই দুর্বোধ্য ঠেকে,
"আপনাকে মোর জানা আমার ফুরাবেনা।"
                                               ---- রবীন্দ্রনাথ।
আর অপরের মনের সন্ধান পেতেই তো যুগ যুগ ধরে এত
ডুবুরী, এত অভিযাত্রী ---- হোমার, ভার্জিল, তাসো, দান্তে  সেক্সপিয়ের ; ব্যাস, বাল্মীকি, ভবভূতি, কালিদাস, রবীন্দ্রনাথ। (এই নামগুলি প্রতিষ্ঠান অর্থে এখানে উল্লেখিত)।
‌আবার ব্রেনট এবং তাঁর সঙ্গীরা যেহেতু ফ্রয়েড মহাশয়ের (Sigmund Freud) অনুগামী, তাই তারা মনোবিজ্ঞানের গভীরে ডুব দিয়ে তাঁদের মতবাদের যুক্তি সাজিয়েছেন। তাদের শিল্প সৃষ্টিতেও 'সাইচিক' অভিব্যক্তি।
আমরা বেশ দূরে চলে গিয়েছিলাম। প্রয়োজনও আছে ; কেননা যে কবি 'হাজার বছর ধরে' পৃথিবীর পথে পথে  হাঁটছেন, সুদূর ধূসর অতীতের ইতিহাসের ধংসস্তুপে মনে মনে বা স্বপ্নাচ্ছন্নতায়, তাঁর অবচেতনের সুলুক সন্ধান না করলে তাঁর সৃষ্টির অন্দরমহলের খবরই বা পাব কেমন করে ? এখানে ব্রেনট আরো একটি কথা বলেছেন,
"অবচেতন মনের ক্রিয়াকলাপকে উদ্ভট ও আশ্চর্য সব রূপকল্প দ্বারা প্রকাশ করা" যা পরাবাস্তবতার অন্যতম লক্ষণ --- তাই তো  আমরা জীবনান্দের সৃষ্টির মধ্যে লক্ষ্যে করে থাকি।
এবার কবি জীবনান্দের কাব্যগ্রন্থের তালিকা যা বেশ
দীর্ঘই ---
ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, সাতটি তারার তিমির, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, রূপসী বাঙলা।





বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

চৈতন্যময়ী

চৈতন্যময়ী 

"আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, 
তোর ভাব সাগরে ডুবে আমি হব মা তোর পদাশ্রয়ী।।" 
                             সাধক কবি রাম প্রসাদ। 

"তোমাদের চৈতন্য হোক্।" 
          ‌                       ঠাকুর শ্রীরামকৃষ্ণ। 

মাতৃ সাধনার এই দিব্য বাণী, এই কথামৃত 
স্তবগাথা সত্য হোক্, ধন্য হোক্ আলোর উৎসব। 
বিশ্বব্যাপি অমঙ্গল রক্তবীজরূপে উন্মত্ত তান্ডবে 
সৃজন করেছে বীভৎসার অন্ধকার। সেখান রয়েছি 
আমি, তুমি --- নিভায়েছি মঙ্গল আলোক। 
মানুষ এসেছে বহুকাল, তবু মনুষত্ব আজও অধরা। 
এবার সময় হোল --- জ্যোতির্কণা মানবের 
আত্ম-অন্বেষণে জ্বালাও প্রেমের আলো, মিলাক আঁধার।
জ্বলুক্ অনন্ত দীপ চেতনার জ্যোতিঃ‌ পারাবার।‌

দুলাল চন্দ্র বন্দোপাধ্যায়  
দীপাবলি, ১৩৩১।
___________________________________________ 






 দুখির সুখের মরণ   


প্লাটফর্ম ছ’নম্বর  

শীতের সকাল। 

উন্মাদ মুখরতা, 

অস্থির পদভার জ্যান্ত জনতার।  

তার-ই মাঝে চিৎ মেরে পড়ে আছে দুখি – 

মরে গেছে ঠিক – তাইতো ! সঠিক ।  


আহা রে মরণ ! বিজয় কেতন জীবনের । 

‘ছিল’ বলে’ দু’দিনের চিহ্ন রেখে যাওয়া।

মুক্তির নিশ্চিত পরিণাম এবং এ আশায় বেঁচে থাকা ; 

সর্বরোগহর ভিষগ বটিকা  

যার জোরে এতকাল প্রাণ বয়ে চলা –  

ঝড়ে, জলে, তুষারে, বন্যায়, দাহে-দাবানলে, 

মহাঘোর অন্ধকার মেঘে প্রত্যাশার বিদ্যুৎ ঝলক। 


আহা মৃত্যু, স্বস্তির সরাইখানা পথভ্রষ্ট ক্লান্ত পথিকের । 

চরণের চারণের চরম বিশ্রাম। 

এক বিন্দু জল – চাতক-চাওয়ার, 

যদি ঝরে আকালের মেঘে,পড়ে ঠোঁটে ; 

তারপর অচল অনড় শুয়ে পড়া — 

শুধু ঘুম গভীর গহন ! 

দুঃস্বপ্নের ঘুম-কাড়া চাদরের ছেঁড়া ফাটা আলো 

ঢেকে দেয় কালো যমদূত। 



                           দুই  


ঊষালগ্নে শান্ত অন্ধকারে  

উলঙ্গ কাঠামো যাবে সরে। 

আবার চটের শয্যা পাতা পরিপাটি – 

দুঃখ-রাজার কোন উত্তরপুরুষ,নব অবতার। 

আবারো মরণ চেয়ে মহাপরিনির্বাণ।


মৃত্যু দেবতার দান , 

তাই তিনি শাশ্বত, মহান। 

‘মৃত্যু’ খাদ্যের ভান্ডার অফুরাণ ; 

ঢুকে যাও একবার, 

চাইতে হবে না আর, ‘দে মা খাবার।’ 

মরণ টাকার পুঁটলি ফকিরের, 

আরামের নন্দনকানন, 

স্বপ্নে-দেখা অমরার উন্মুক্ত দুয়ার।  

চির শান্তি, চির তৃপ্তি, চিন্তা-হরা সুখের আগার। 


মৃত্যুধনে ধনী ওরে রাজা, দুখি , 

শীতল চরণে তোর কোটি নমস্কার। 


দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়  

২৪-০৪-২০২২

কলকাতা । 


Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...