স্বাধীনতা কোথায় ?
স্বাধীনতা ? শাসনে পীড়নে ত্রাসনে,
স্বাধীনতা ? গৃহহারাদের কাঁদনে।
পথশিশুদের মুক্তি অকাল মরণে,
পথনারীদের মুক্তি রক্তক্ষরণে,
স্বেচ্ছা মরণে স্বাধীনতা সীমাহীন,
অকুণ্ঠ হননে স্বাধীনতা সমীচীন।
হিসাব হয়না বস্তিতে মরা প্রাণীদের,
হিসাব হয়না রক্তপিপাসু খুনিদের।
যেদিকে তাকাও বেহিসাবী অবলুণ্ঠন,
উলঙ্গ লালসা, নাই কোন অবগুণ্ঠন,
উধাও হয়েছে বনভূমি, পর্বত নিশ্চিহ্ন,
নির্মূল যত অরণ্যপ্রাণ মূলাধার হতে ছিন্ন।
স্বাধীনতা হেথা নিঠুর শোষণ যন্ত্রে,
স্বাধীনতা হেথা কাপালিকদের মন্ত্রে।
দুই
(অথ মহাভারত কথা)
স্বর্গ সভায় বসে দেবরাজ ইন্দ্র।
সভামাঝে আছে সব দেবদেবীবৃন্দ।।
ঘৃতাচী উর্বশীদের নৃত্য গীত শেষে।
মহেন্দ্র সবারে ক'ন মৃদু হাসি হেসে।।
মর্ত্যধামে মানুষেরা আছে না কি ভালো।
জ্বল জ্বল করে সেথা সভ্যতার আলো।।
মানুষে মানুষে নাকি নাই কোন ভেদ।
দ্বেষ হিংসা মুক্ত তারা মননে নির্বেদ।।
সত্যই এমন হোলে ঘোর পরিণাম।
ধরাধামে লুপ্ত হবে দেবতার নাম।।
কহিল নারদ তবে বাজাইয়া বীণা।
মানুষ দেবতা হোক সহিতে পারিনা।।
যে আলো দেখেন প্রভু নয় দিব্য আলো।
তাহার নিচেই আছে নরকের কালো।।
চেতনা নিয়েছি হরে অতি সুকৌশলে।
ধর্মান্ধ করেছি নরে নানা ছলে বলে।।
কামনা আগুন তার জ্বালায়েছি বুকে।
হিংসার হলাহল ঢালিয়াছি মুখে।।
কুরুক্ষেত্র নিরন্তর হবে ধরাতলে।
ধন, প্রাণ পুড়িবেক যুদ্ধের অনলে।।
সমর গৌরব গাথা গাহিবেক রাজা।
তাহাতেই মজিবেক প্রবঞ্চিত প্রজা।।
আত্মঘাতী অস্ত্রশস্ত্র করিয়া সৃজন।
মহোল্লাসে করিবেক আত্মহনন।।
আপনার কোন চিন্তা নাই দেবরাজ।
নরক সৃজনে নর দুর্নিবার আজ।।
নারদের কথা শুনে স্বর্গে মহোৎসব।
অপ্সরা সঙ্গীত সুরা হর্ষ কলরব।।
স্বাধীন জনতার কথা অমৃত সমান।
নরাধম কবি কহে শুনে পুন্যবান।।
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৫ই আগষ্ট ২০২২
কলকাতা।