কেন ?
কেন তোমরা এমন কর -- মার অথবা মর ?
ভালো কি লাগেনা সুখে বেঁচে বর্তে থাকা,
হাতে হাত রাখা, নগ্ন-ভগ্ন বুকে রেখে বুক
লাঞ্ছনার লজ্জাটুকু ঢাকা ? চেয়ে চেয়ে দেখা
শিশুদের লালাঝরা অসহায় মুখ, কত সুখ
মায়েদের, মাসীদের আঁচলের ছায়ে বসে থাকা
কর্মশ্রান্ত সান্ধ্য অবসরে ? সহবাসী, প্রতিবেশী,
আত্মীয় স্বজন ডাকা উৎসবের আনন্দ-প্রাঙ্গনে,
কিংবা ধর, শ্মশান-বন্ধু হওয়া পাড়ার দাদুর ?
চাটাই মাদুর পেতে বসে বটতলে গাওয়া তালকাটা
মুর্শেদী, বাউলের গান পাকাধান অনুষ্ণ অঘ্রানে ?
পরিবর্তে তার কেন এই শ্বাপদ হুংকার ? কেন --
ছুরি-ছোরা-তরবারি, রক্ত আঁখি, বারুদ আগুন ?
আঁখিজল অবলার, নির্বলা কনাদের করুণ কাঁদন,
বার্ধক্যের হাহাকার ! কেন আন অকাল মরণ
অকারণে ? মন্দির দুয়ারে মালা ছিন্নমস্তার !
কেন ?
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
১লা আগষ্ট, ২০২৩
ব্যাঙ্গালোর।