ফড়িংয়ের নাম ফুরফুরানি,
রেশমি - গুটিপোকা।
তাদের গল্প শোনাব আজ
আয় খুকু আয় খোকা।
সেই ফড়িং আর গুটিপোকা
একই গাছে থাকে।
ফুরফুরানি ফড়িং বলে
রেশমি পোকা টাকে -
"পাখনা ঢাকা আমার এরূপ
সবাই ভালো বাসে ,
বেঢপ তোর শরীর দেখে
বন্ধুরা সব হাসে।"
কথা শুনে রেশমি পোকার
দারুণ অভিমান -
"আমায় কেন এমন কুরূপ
দিলেন ভগবান !"
মরবে বলে গড়ল কুটীর
জানলা দরজা হীন -
রইলো ঢুকে উপোস দিয়ে
পাঁচ কুড়ি পাঁচ দিন।
তাই না দেখে ভগবানের
করুণা হল ভারি -
রংবাহারি পাখনা দিয়ে
পাঠিয়ে দিলেন পরী।
পরী রাণীর ছোঁয়ায় রেশম
হয়ে প্রজাপতি 🦋 -
গুটি ছেড়ে বেরিয়ে এসে
হল ফুলের সাথী।
হিংসে করে ফড়িং তাকে
দিয়ে গেল আড়ি।
প্রজাপতি ফুলের দেশেই
বানিয়ে নিলো বাড়ি।
দাদুর মুখে গল্প শুনে
খোকা খুকু অবাক -
"এমন কথা সত্যি ? নাকি ,
ভুল বকছো বেবাক ?"
দাদু বলে ," এসব খবর
আনতে গেলে দূরে ,
তোরাই ভাবিস দাদু বুঝি
আসবে না আর ফিরে।
সৃষ্টি ছাড়া কাহিনী কত
সৃষ্টি জুড়ে আছে ,
সত্যি মিথ্যা বেছে নিবি
আনলে তোদের কাছে।
জীবনপুরে বাস করি ভাই
গুটি পোকার পালে ,
তোমরা যখন প্রজাপতি
থাকবো না সেই কালে। "
(পরিমার্জিত রূপে পুনর্বার প্রকাশিত)
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৭/৭/২০২২
------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন