বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

কয়লা খাদানের মালকাটা

 কয়লা খাদানের মালকাটা    

(মরণের সাথে ঘর করে দুদিন বেঁচে নেওয়া। আলো নয়, অন্ধকার যাদের নিত্য সাথী ; স্বর্গ নয়, নরক যাদের ক্ষণ- জীবনের একমাত্র ঠাঁই -- জানতে চাও তাদের কথা ?)         

                                                 

আমি মালকাটা, মাল কাটি মরণ গুহায়।

কালো মাল, কালো অন্ধকার, টিম টিম বাতি, 

লাগে যেন রাহুমুখে ঢুকেছে জোনাকি।

দিন তো আসে না এইখানে – 

দিন কোথা কবর গাঁড়ায় ? গাঢ় রাত চিরকাল।  

আমার বাতির আলা চক চক জ্বলে 

সুড়ঙ্গের যেদিকে সেদিকে – মনে হয় 

চিতার ছাইয়ের গাদা, মাঝে মাঝে জ্বলন্ত আঙ্গার। 

মড়ার লালার মতো জলও ঝরে ; জল নয়,  

 কালো রক্তস্রাব সে যে মায়ের পেটের 

যখন সে জ্বলেছিল হাজার বছর ধরে একা – 

ফাটছিল, ফুটছিল নাঙ্গা সে গতর । 

 সেই চিতা, সেই লহু, আধমরা আগুনের হাসি – 


দেখি, ভয় পাই, গাঁইতি কাঁপে ডরে, কিন্তু নিরুপায়। 

মদ-মাংস কেনা, লছমীকে রাখা, এতটুকু বাঁচা – 

সকলই তো এই কালো মালে ; তারপরে  

পুড়ে’ পুড়ে’ কিংবা চাপা পড়ে’ পাতালেই থাকা। 

তবে বাবুরা তো বলে, খাদানে মরণ নাকি ভাল।  

তেনারা তো পুণ্যিবান, সত্যি হয় তেনাদের কথা – 

চিতার আগুন আর কবরের মাটি – দুইই পাওয়া হল। 


(পুনঃপ্রকাশিত)

 দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় 

২১-৭-২০১৮ 

কলকাতা ।


1 টি মন্তব্য:

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...