বিজয়া বিজয়িনী
(বিজয়ার পূর্বাহ্নেই যে হতভাগ্য জনক জননী বিজয়িনীদের হারিয়েছেন,
তাঁদের শোকবহ্নিদগ্ধ প্রাণ স্রষ্টার করুণা পায় যেন -- এই প্রার্থনা।)
যে প্রতিমা গড়া হোল সে কি শুধু মাটির পুতুল ?
তাই যদি হোত তবে নিরঞ্জন তার কেন আনে
চোখে সাত সাগরের জল, বুকে এত শোকের জোয়ার ?
বিরহের বেদনার মৌন হাহাকার অন্তর-মন্দিরে ?
মাটিতে মাখানো ছিল প্রেম। আবেগের তরলিত রসে
ভিজেছিল দুটি হাত, মনের মাধুরী ধূপে সুন্দরের
একান্ত সাধনা। বেদনার-সাথে-মেশা আনন্দের
কল্পনার ধ্যানে সৃষ্টি হোল যার, সে যে প্রাণময়ী ---
মর্মের আঁতুর ঘরে জন্ম তার মর্মভেদী গর্ভ যন্ত্রণায়।
আবরণ-আভরণে, কাজল-কুমকুমে সাজিয়েছি তাকে।
ছিল সেতো বিজয়িনী আমার দু চোখে, আমার সংসারে।
আমার নিখিল বিশ্বে ছিল তারই রূপ, তারই মায়া।
বিষাদ-মেঘের ছায়া কেন এল নেমে অকাল সন্ধ্যায় --
আমারে নিলে না কেন বিসর্জনে আকুল গঙ্গায় ?
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৪-১০-২০২৪
ব্যাঙ্গালোর।
ধন্যবাদ দাদা।
উত্তরমুছুন