রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২

মাতৃভাষা

২১শে ফেব্রুয়ারী

মা ও মাতৃভাষা 
________________

ওরে , মা বলেই ডাক‌ মা'কে । 
মা বলে ডাক্, মা বলেই ডাক্, মা বলে ডাক্ মা'কে । 

যেদিন থাকবে না ওই স্নেহের প্রতিমা , 
দুঃখ-তাপের রইবে না সীমা , 
পৃথিবীর কেউ দিবে নাকো সাড়া 'মা' 'মা' 'মা' ডাকে । 

ভাই , সে দিনের কথা ভাব একবার, ‌
যেদিন , খবর এসেছে ‌তোমার আসার , 
বিশ্বজগৎ ছিল একদিকে, একদিকে ছিল মা । 

চরম যাতনা পরমানন্দে সয়ে , 
দুর্বল দেহে রক্তপিণ্ড বয়ে , 
(তোমার) জীবন বাঁচাতে মৃত্যুর মাঝে জীবনের সাধনা । 

সে মায়ের ভাষা কণ্ঠে নে' তুলে , 
কেঁদে নে আবার 'মা মা' বলে , 
দরদে তোমার জননী যেন যন্ত্রণা ভুলে যায় । 

হৃদয় আবেগ বাদল ধারায় 
ঝরুক অঝোরে এই বাঙলায় , 
বাঙলার মাটি বাঙলার 'মা'-টি বেঁচে থাক্ মহিমায় । 

রাজরাজেশ্বরী বাঙলার ভাষা , 
 এতো প্রেম আছে এত ভালোবাসা 
ছন্দে , বাণীতে, সঙ্গীতে , সুরে বঙ্গভারতী শ্রীময়ী । 

রাখো তাঁরে বুকে ধরে' চিরদিন‌ , 
ঐশ্বর্য তাঁর অন্তবিহীন , 
(যার) ভাণ্ডার ভরা রত্ন মাণিক হবে সে বিশ্বজয়ী ।‌ 

সহস্র বর্ষ সাধনার ধনে,  
মহাকবিদের শব্দ সৃজনে, 
ভাষা শহীদের বুকের রক্তে গড়া সে দেউল খানি। 

রবি নজরুল কন্ঠের গানে,
আরো অসংখ্য চারণের তানে, 
গঙ্গা পদ্মা জোয়ারে ভাসুক অমর বঙ্গবাণী। 

(পরিমার্জিত রূপে প্রকাশিত। কবিতাটি আপনাদের সকল পরিচিত মানুষদের কাছে পৌঁছে যাক, এই কামনা করি।)

দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় , 
২১শে‌ফেব্রুয়ারী, ২০২৩। 
ব্যাঙ্গালোর ‌। 






৬টি মন্তব্য:

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...