প্রয়াণ
-----------------
ম্লানিমায় ঢাকা শীতের সন্ধ্যায় ,
হঠাৎই খবর এলো নাই , সে নাই ।
'নাই' তো ছিলেই তুমি শাঁওলী,
অকুণ্ঠিতা , তবু আত্ম-অবগুণ্ঠিতা।
দেখি তো নাই কতোদিন, শুনি নাই ওই বাণী,
ওই কণ্ঠস্বর, প্রকাশের ওই আভাষণ ,
ভঙ্গীর ইঙ্গিতে শব্দের শিঞ্জিনী ।
কথা কী সঙ্গীত হয় ?
থাকে সুর, ছন্দ, তাল, লয় ?
থাকে তায় হৃদয়ের স্পন্দিত মূর্ছনা ?
অনুরাগ -রাগ , সংরাগ-বিরাগ মূর্তি পায় তানে ?
সবই 'সত্য' করে গেলে জীবনের গানে ।
কাঁটাতারে ছেঁড়া শাড়ি , অশ্রু -ধোয়া মুখ ,
গৃহহারা বার বার, নির্বাসিতা সীতা --
'বঙ্গবালার' সেই অতলান্ত দুখ,
সেই অনির্বাণ চিতা -- শেষ শিখা দিয়ে তার
জ্বেলেছিলে যে প্রদীপ অন্তরে তোমার ,
তাই দিয়ে করেছো আরতি বঙ্গভারতীর।
সেই স্তোত্র , মৃদুতার মাধুর্যে সুন্দর ,
তবু মর্মদাহী। জীবনের রঙ্গমঞ্চে অভিব্যক্ত
মানুষের অব্যক্ত বেদনা, নদীস্রোতে বিসর্জিত
সকরুণ প্রতিমার মতো ভেসে ভেসে হয়ে গেছে হারা,
তার বিমূর্ত মূর্তি , শ্রীমুখের মায়া -- তাও দেখালেনা ?
ডুবে গেলে অন্ধকারে -- নিঃশব্দ, নীরব !
নাই ফুল , নাই মালা , ব্যর্থ অশ্রু, বৃথা শঙ্খরব !
---------------------------------------------------------------------
'আভাষণ' শব্দটি স্বল্প ব্যবহৃত ,
অর্থ --ডাক,কথোপকথন ,
(address or conversation)
দুলাল বন্দ্যোপাধ্যায়
১৮-০১-২০২২
ব্যাঙ্গালোর
----------------------------------------------------------------
Emon koreo bhaba jay !! Bhabnar notun digonto khule jay ...koto porecho bapi !!R saab kichu mone rekhe eto sundor kore take murti deoya!!!
উত্তরমুছুন