রবিবার, ২৫ জুলাই, ২০২১

বন্ধু মহল

"It makes us think of what we had 
And what we now deplore.
We almost wish those siren throats
Would go and sing no more ."

(The saddest noise and The sweetest noise . EMILI DIKINSON .)

                             বন্ধু মহল
হেমন্ত-হিম সইতে পারেনা কুমারী কমলকলিকা ,
চৈত্রের তাপে পুড়ে ঝরে যায় সোহাগী চম্পা বালিকা ,
আবার কিন্তু ফিরে ফিরে আসে শরৎ -বসন্ত সন্ধ্যা 
ফুল্ল কানন , মায়াভরা ‌রূপ কত ফুল মধূগ্ন্ধা ।

গত মধুমাসে যে ঘরে আমার ছিল হাসি রাশি রাশি ,
বৈঠকী ঘর বন্ধু-বাসর কথা গান বানভাসি ।
স্তব্ধ ভবন, কড়ি -কাঠ গুণে সময় কাটে না আর 
বাতাসের শ্বাসে কার আসার-আশে চেয়ে দেখি বারবার ।

মুক্ত দুয়ার ধূলা উড়ে আসে, নির্জন পথরেখা –
চরণচিহ্ন-হারানো সে পথে পথিকের নাই দেখা ।
নিশাচর পাখী দিনমানে উড়ে শ্বাপদ ‌শকুন ডাকে,
ভীতি পাণ্ডুর মনের ছায়ায় চন্দ্র সূর্য ঢাকে ।

যারা গেছে তারা আর আসে নাই হারা হোল চিরতরে –
আমি বসে একা , কাঁদে নিশীথিনী ঝাড়বাতি-নেভা ঘরে ।
শূণ্য এ ঘর খুলবো না আর বন্ধই  থাক্  তবে –
নূতন জীবন আসুক ধরায় নূতন মহল হবে ।।

কলকাতা      
দুলাল বন্দ্যোপাধ্যায় 
২৪-৭- '২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...