মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

আমার জন্মদিন

পূর্ব দিগন্তপারে,দূরে বহুদূরে-
জীবনের ঊষালগ্ন বিস্মৃত অতীত ।
কী‌ ছিল চাওয়ার ,পেয়েছি যা 
সবই কি তা প্রাপ্য ছিল,
ছিল প্রয়োজন ?

মনে হয় আজ,কিছু মিথ্যা সাজ ,
তুচ্ছ ‌অসার কিছু প্রাণহীন বস্তুর সম্ভার, কিছু ছায়া, কিছু মায়া,
রাগ- বিরাগ -সংরাগ মাখানো 
কিছু কায়া–হৃদয়ের কাছাকাছি
এসে,কখন যে মিলালো কোথায়!
হেসেছি সুখের হাসি, ভেসেছি
চোখের জলে সে-সবের মিলনে-
বিরহে । সে-জীবন মরীচিকা ,
গেছে সরে সরে দূর হতে দূরে
বছরে বছরে ।
আজ আমার আরো এক 
জন্মদিন । শ্রাবণ ধারায় সিক্ত
সজল বাতাস বয়ে আনে পুরাতন
প্রহরের সুপ্ত দীর্ঘশ্বাস ।জাগরণে
গেছে যত নিশা –শোকে  তাপে
অশ্রুজলে মেশা , তারাও তো হারা
বিস্মরণে । কেন যেন মনে হয়
সে দুখের রাত,তার-ও তো ছিল প্রাণের
আবেগ । 
আজ জন্মদিনে
হারানো কালের যত হারানো বেদনা–
স্রস্টার পূজার অর্ঘ্য করুক রচনা ।"

দুলাল বন্দ্যোপাধ্যায় 
কলকাতা
৩রা শ্রাবণ ,১৪২৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...