রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

জন্মাষ্টমী -- কানুর বিড়ম্বনা।



জন্মাষ্টমী -- কানুর বিড়ম্বনা।

মা আসেনি, একেলা তুই আসতে গেলি কেন ?
জানিস না তোর মাসিরা সব ছুঁতমার্গী হেন !
উলঙ্গ গা, দাঁড়ায় না পা, কটিতটের বসন
তাও খুলেছে দিতে হামা বাঁধেনি কেও তেমন।
কোলে নিয়ে এলোও যদি রাখলে আঙিনায়, 
কলস কলস আনলে জল ঢাললে মাথাটায়।‌
কাঁদলি কত -- নয়ন ধারা জলের ধারে ঢাকা।
ধুয়ে গেছে রসকলি, চোখের কাজল-আঁকা।
কি সকরুণ মলিন দেখায় প্রসুন-ওষ্ঠাধর,
শীতল বারি বিগলিত ননীর কলেবর।
কাতর 'মা-ডাক' যায়না শোনা গান বাজনের স্বরে,
'কে আছো গো, যাওনা ছুটে যশোমতীর ঘরে।'

জাহ্নবী যাঁর চরণ হতে নামেন ধরাতলে,
নাওয়াও তারে, ধোওয়াও তারে ঘটের গঙ্গাজলে ?

দুলাল চন্দ্র বন্দোপাধ্যায়
২রা ভাদ্র, ১৪৩২
ব্যাঙ্গালোর।

৩টি মন্তব্য:

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...