শুক্রবার, ২৮ জুন, ২০২৪

ফুরায় খেলার বেলা, ফুরায় না আলো

ফুরায় খেলার বেলা, ফুরায় না আলো 


কিশোরের দল ফিরে গেল ঘরে 
দিবসের খেলা শেষে, 
আমি আছি বসে মাঠে এক কোণে 
অফুরান অবকাশে। 
জীবনের খেলা হয়ে গেছে সারা 
জয় পরাজয় একাকার, 
সঙ্গী সুজন বন্ধুর মাঝে 
আজ বিচ্ছেদ পারাবার। 
এই নির্জন সান্ধ্য লগন 
কামনা বাসনা শূন্য, 
হৃদয়ে জেগেছে শান্ত ক্ষান্ত 
আকাশের ঔদাসীন্য। 
এতকাল ধরে বিপুল প্রয়াসে 
খেলাঘর গড়ে জীবনে  
যে খেলা খেলেছি, যে সুখ পেয়েছি 
নাই তাও আজ স্মরণে। 
নবতর খেলা, নব সঞ্চয়, 
নূতন প্রণয় বাসনা, 
কিছু নাই নাই ভাবে ভাবনায়, 
নাই সপ্নিল এষণা। 
নাই সংসারে কর্মের ভার, 
 নাই ডাক আগে পিছে। 
না আছে ঊর্ধে স্বপ্ন উড়ান 
না নামার টান নীচে। 
নিষ্প্রাণ এই স্থবিরতা যেন 
নিয়তির ইঙ্গিত --- 
দিক-দিশা মুছে কালো নিশা ঢাকে 
 জীবনের সংগীত। 
ভয়ে বিস্ময়ে দু-হাত বাড়াই 
শূন্যে দৃষ্টি মেলি --- 
কে ঢালো হোথায় তিমিরাঙ্গনে 
 আলোকের অঞ্জলি ? 

দুলাল চন্দ্র বন্দোপাধ্যায় 
২৮-০৬-২০২৪
ব্যাঙ্গালোর।
____________________________________






















৩টি মন্তব্য:

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...