দিবসের শেষে এ-দুয়ারে এসে
চাইল ভিক্ষা আনজন,
তখন আমার যা ছিল দেবার
ফুরায়ে গিয়েছে সব ধন।
ছিল প্রেম, ছিল প্রীতি ও প্রণয়
আবেগ-ভিজানো ভালবাসা --
সবই ক্ষয়ে ক্ষয়ে হয়েছে বিলয়
পড়ে আছে এই ভাঙাবাসা।
ভিখারিকে বলি, "কি দিব তোমায় ?"
বারে বারে বলে, "কিছুই কি নাই ?"
- "আমি শুধু আছি, একা একা বাঁচি,
বাঁচি আর মরি ভাঙা খাঁচায়।"
ভিখারির ঠোঁটে মৃদু হাসি ফোটে
লজ্জায় আমি মরে যাই।
বিপুল ভূবনে বিরাট জীবনে
সঞ্চয় তবে কিছু নাই ?
ভিখারির তবু রয়েছে যে পথ
এই দেশ হতে সেই দেশে --
আমি কোথা যাই, কিবা পেতে চাই
এ কী শূন্যতা চারিপাশে !
অস্ত অচলে দিনমণি ঢলে,
নেমে আসে কালো অন্ধকার।
মনে হোল ওই ভিক্ষুক নয়
আমিই পাত্র করুণার।
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৯/০৬/ ২০২৪
ব্যাঙ্গালোর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন