রবিবার, ১৬ জুন, ২০২৪

ভগ্নস্তুপ




ভগ্নস্তুপ (মহীশূর) 

 

বিশাল সে ভগ্ন প্রাসাদ অশ্বত্থের বটের শিকড়ে ঝুরিতে 

আষ্টেপৃষ্ঠে বাঁধা। অতীতের শাসন-শৃঙ্খল দেখি 

নব অবতারে, প্রকৃতির প্রতিহিংসার জাজ্বল্য প্রমাণ। 

জয় যেন পরাভূত, পরাভব জয়ের নিশান নিয়ে হাতে। 

রক্ত করবীর তরু ভাঙা পরিখার ধারে ধারে সার বেঁধে  আছে -- 

গুচ্ছ গুচ্ছ রাঙা রাঙা ফুল মাথায় মাথায় --- 

নিষ্পেষিত দুর্বলের দাসত্বের সকরুণ শোণিত-স্বাক্ষর। 

হেলে-পড়া পাঁচিলের ফাটলে ফাটলে সরীসৃপ --- 

ক্রূরতার জন্মান্তর। গভীর অন্ধ খাত এক কোণে, 

গলিত শবের পুঁতিগন্ধ আজও ওঠে ঊর্ধাকাশে 

বিচারের প্রার্থনায় অসহায় দেবতার কাছে। ইতিহাস 

মরেও মরেনা কেন ? পাপ কেন পড়ে থাকে কঙ্কালের পারা ? 

কালের ভ্রূকুটিভঙ্গে শাসনের নির্লজ্জ গরিমা 

শূন্যতায় করে হাহাকার ! কঠোর সত্যের এই পান্ডুলিপি 

বিকীর্ণ রয়েছে চতুর্দিকে ; তাই ভরসার শেষের আশ্রয় 

ওই বট, ওই অশ্বত্থের শিকড় কুণ্ডলী -- অতীতের  

শবের  উপর নূতনের প্রাণের নিশান, তাদের শীতল ছায়া 

অনুতপ্ত প্রেতাত্মার সান্ত্বনার মায়া। করবীর রক্তরাগ 

বন্দিনী রাজদুহিতার সংরক্ত হৃদয়ের ব্যর্থ পূর্বরাগ। 

দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৬/০৬/ ২০২৪
ব্যাঙ্গালোর।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...