"Divina Commedia"
. ------Dante Aligheri .
(বইটি যতবার পাঠ করেছি ততবারই আরও আরও বিস্ময়ে, বিহ্বলতায় নীরব, নির্বাক হয়ে গিয়েছি। এই কবিতাটি আমার সেই বিমুগ্ধ ভাব-বিহ্বলতার ভাষামূর্তি।)
আমার বিয়াত্রিস্
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঝলমল আলো নিয়ে এসেছিল শরৎ সকাল।
তৃণকোণে ফুলদলে এসেছিল নেমে
কিরণ হীরক কণা । সুরভিত প্রেমে
বয়েছিল যে বাতাস, তার সে ছোঁওয়ায়
চরাচর ভরেছিল মোহন মায়ায়।
ভোরের দীঘির জলে ভরে' ঘটখানি,
সেদিনের আমার আমিত্ব বিজয়িনী
শতদলদল হাতে সযতনে তুলে
একটি পদ্মের কুঁড়ি সাহসিকা ভুলে
আমার পথের ধারে গিয়েছিল রেখে
কি আশায়, কোন স্বপ্ন দেখে ?
যা ছিল আমার সমস্ত তাকে দিয়ে
মায়াভরা হাসিটুকু নিয়ে,
মরু কান্তার মেরু পারাবার পারায়ে,
জীবনের যত সুখ সান্ত্বনা হারায়ে
হৃদয়ের স্বর্ণ সিংহাসনে
প্রেমের আরতি যার, করেছি গোপনে,
এতদিন নিশিদিন স্মরণে সাধনে,
ঘুমে জাগরণে
ছায়া ছায়া দেখি শুধু তাকে।
"এসো, এসো", নিশিডাকে ডেকেছে আমাকে।
আজ, দিনান্তের আসন্ন আঁধারে
কামনার রশ্মি রেখা ডুবে যায় অস্তসিন্ধু পারে---
অকস্মাৎ মূর্ত মূর্তি তার
সহাস্যে দাঁড়াল এসে খুলি স্বর্গদ্বার।
পারিজাত মালা দেবী আজ যে সুদূর
ধরার কমলকলি থাক সুমধুর।
An endeavour to bring in a pinch of reflection from - Paradise (the Divine Comedy)
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৪/০৮/২০২২
কলকাতা।
অনবদ্য। সাধুবাদ জানাই।
উত্তরমুছুনভাষা নাই
উত্তরমুছুন