বুধবার, ২৫ আগস্ট, ২০২১

চাঁদ

চাঁদ
দুলাল বন্দ্যোপাধ্যায়

গত কাল ছিল রাখী পূর্ণিমা।
সোনার থালার মতো চাঁদ,
ফিনফিনে মেঘের আস্তরণে
মুখ ঢেকে বসল এসে 
পূব আকাশের ছাদনাতলার প্রান্তটিতে –
যেন লাজরাঙা কণেবৌ, লজ্জাবস্ত্রে মুখ ঢাকা,
জীবনের গোধূলী -বেলার মানসী সুন্দরী।
শুধু চেয়ে ‌দেখা , চেয়ে থাকা কিছুক্ষণ । 
কথা তো হোল না তার সাথে ।
 হবেই বা কেন ? কিন্তু হয়েছিলো ,একদিন নয় –
বহুদিন ধরে' , অস্তিত্বের প্রথম প্রহরে । 
ছিল না সে একা ,
আমিও না – দুজনার মাঝে ছিল
দূতী , হেমাঙ্গনা প্রেম ,সুর হয়ে বিনা তারে 
হৃদয় বীণায় তার সঙ্গীত- ঝঙ্কার।
উন্মনা,আনমনা সেই আমি
আজ আর নেই –তাই অকস্মাৎ,
অচেনার ছলে গেল চলে 
উড়ে-আসা মেঘের আড়ালে ।

আমার 'আমি'র এই জগত- সংসারে, 
বিশ্ব চরাচরে ,অন্ধকারে
 দাঁড়ায়ে রয়েছি আমি একা ।
যার পেতে দেখা 
এতো পথ দেওয়া হোল পাড়ি, 
 কামনার শিখা যেন আলেয়া-আগুন  
নিত্য জ্বালায়ে দুই চোখে,
মরীচিকা তৃষ্ণা নিয়ে বুকে , 
কোথায় সে হয়ে গেল হারা ! 
জীবনের সব চাওয়া ,
যতকিছু পাওয়া  শূণ্য করে'  লুকালো সে 
তামসী মায়ায় , কোথাও কী আছে
তার রাজসিংহাসন ? নাকি প্রবঞ্চনা নিয়তির ? 
নির্দয় ছলনা ! ভার বয়ে যার – 
পরিক্লান্ত  পথিকের মতো
পথ ও পাথেয়-হারা, দীন  – 
পথের বঞ্চনা সয়ে'  পথেই বিলীন ! 

দুলাল বন্দ্যোপাধ্যায় 
২২/৮/'২১
কলকাতা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...