রাত্রির পাপ মুছে দিনের উৎসব
অন্তিমের রাত্রি তার ভয়ঙ্কর, সঘন গহন অন্ধকার
ঢাকে দিক দিগন্তর, বিদ্যুতের দৃষ্টি দিয়ে শেষ বার
ঊর্দ্ধ্বে চেয়ে খুঁজে ধ্রুবতারা। বুকের অঙ্কুর-আশা
চোখ বোজে চির হতাশায়। কিছুই কি ছিলনা জেগে
তখনো-বা, অন্তরের অবিক্ষত শেষ বদ্ধশ্বাসে ?
ছিল প্রেম, ছিল সৃজনের লজ্জানম্র কামনার
আধফোটা কুসুমের কলি -- গন্ধ-বর্ণ-মধুবিন্দু-ভরা।
ধরিত্রীর সব বায়ু, জল, আলো-অন্ধকার মুহূর্তে নিঃশেষ।
যুদ্ধহীন এই পরাজয়, দ্বন্দ্বহীন প্রাণ-সমর্পণ, এই অনন্ত বিনাশ,
তার গ্লানি রবে নাকি পুরুষের সগৌরব আত্মশ্লাঘায় ?
জীবধাত্রী নারী, গঙ্গোত্রী ধারার মতো রক্তস্রাবে তার
সিক্ত হয় বসুন্ধরা। কাল থেকে কালান্তরে প্রাণের বিস্তার
সেই দিব্য স্রোতে। অন্তহীন দুঃখে তবু কেন তার চির পরাভব ?
কেন তার জীবনের বিনষ্টির শেষে শোক-ধোওয়া
ছলনার মরণ-উৎসব !
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৮-০৮-২০২৪
ব্যাঙ্গালোর।
______________________________________________
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন