কথা ছিল
কথা ছিল, রাত্রি শেষে আসবে ঊষার আলো,
মুছে যাবে কোণায় কোণায় লুকিয়ে থাকা কালো।
বিহঙ্গ গান, পুষ্প সুবাস, শীতল সমীরণে,
জুড়াবে প্রাণ, গলবে হৃদয় বৈতালিকের গানে।
কথা ছিল, আমার দুখের অশ্রুজল ধারা
তোমার বুকের স্পর্শসুখে হবে বাঁধনহারা।
তোমার সুখের দীপাবলি আমার প্রেমের শিখায়,
জ্বালায়ে নিত্য পোহাবো তাপ উষ্ণ প্রণয়-ছোঁয়ায়।
কথা ছিলেন, তোমার আমার মধুর ভালোবাসা,
বসুন্ধরার আঙিনাতে গড়বে মিলন বাসা।
কোথায় গেল সে-শপথের উদার অঙ্গীকার,
কোথায় গেল জীবন লীলায় মিলন পুষ্পহার।
অকাল মেঘে ছেয়ে গেল ভোরের নীলাকাশ,
ক্রূর কুটিল বিদ্যুৎ বান, মারণ বজ্রত্রাস।
মরে গেল ঊষা, ঢেকে গেল দিন রাত্রি-অন্ধকারে,
আশা-ভাষা-হারা জীবনকুসুম অকালে পড়ল ঝরে।
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৩/০৮/২০২৪
বাঙ্গালোর।
বাস্তব চিত্র ফুটে উঠেছে কবিতার লেখাই
উত্তরমুছুন