শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

জীবন লীলা

জীবন লীলা


কোন সে কিশোর কালে ফেলে আসা দিনে
কুয়াশার ঘোমটা-পরা শীতল সকালে
স্বচ্ছ নীল ক্ষীণস্রোত অজয়ের পাড়ে
বসে আছি একা। নৌকাটি রয়েছে বাঁধা
বালির চড়ায়, মাস্তুলে তার আছে বসে
মাছরাঙা, কী অপূর্ব রঙ ! গাঢ় নীল ডানা,
নীল পুচ্ছ জ্বল জ্বল প্রভাতী আলোয়।
নীল জলে ছায়া নাচে, নীলাকাশে মায়া
ভাসে তার।
                অকস্মাৎ ঝুপ করে ঝাঁপ, ডুব,
চঞ্চুপুটে মীন ছানা -- উড়ে গেল 'সুন্দর'
ওপারের শ্যাওড়ার ঝোপে। ভেবেছি সেদিন
কত ভালো হোত যদি ও 🐦 পাখির মতো
হতে পারি আমি। আজ মনে জাগে শিহরণ ---
কি করুণ ছবি জীবনের মরণের এক পটে বাঁধা !
সৃষ্টির নিষ্ঠুর সত্য প্রকৃতির অমোঘ বিধান
এক প্রাণ লুপ্ত হয় জাগে অন্য প্রাণ।

দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
০৩/১১/২০২৩
কলকাতা।









1 টি মন্তব্য:

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...