শুক্রবার, ২৩ জুন, ২০২৩

খুন --১

খুন ১ 

"বসো আসি দীর্ঘ যুগ মহাশত্রুসনে  
প্রিয়সম মিত্রসম এক দুঃখাসনে।" 
                         'নরকবাস' -- রবীন্দ্রনাথ। 

বড় বড় যুদ্ধগুলির কাহিনী তো লেখা হয়ে আছে ইতিহাসে, কাব্যে, মহাকাব্যে। ব্যাস, বাল্মীকি, হোমার, ভার্জিল, কোয়ার্তো তাসো অমর হয়ে আছেন, অমর হয়ে আছেন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আরও শত সহস্র মাঝারি, ছোট নরমেধ যজ্ঞের ইতিবৃত্ত রচয়িতারা। তা,  সে সকল গণহত্যার বা গণ-নরবলির কিছুটা পূর্ব প্রস্তুতি থাকে, সঙ্কল্প থাকে। বলির জন্য উৎসর্গকৃত প্রাণীদের কপালে আগেভাগে সিঁদুর, চন্দনের টিপ দিয়ে বরণ করা হয়।  আতপ চাল, বেলপাতা, দেবতার বা বকলমে রাজার পাদোদক খাইয়ে/পান করিয়ে উন্মাদ এবং জাগতিক মায়া থেকে মুক্ত করা হয়। তারপর " ক্লিব মাস্ম গম পার্থ"--- ঝাঁপিয়ে পড়, মার কিংবা মর। হারাবার কিছুই নাই। জয় লাভ করে সাম্রাজ্য ভোগ অথবা সমরাঙ্গনে 'বীরগতি' প্রাপ্ত হয়ে শোক-দুঃখ-বিষাদ বিহীন স্বর্গবাস -- অক্ষয় সুখ, অপরিমেয় ভোগ্যোপকরণ, সুরধুনীতীরে, চিরবসন্ত-বিরাজিত নন্দন কাননে অপ্সরা গন্ধর্বদের নৃত্যগীতে অ-মৃত সে জীবন ; ঠিক যেমনটি তোমার রাজা এই মর্ত্যধামে রসাস্বাদন করে চলেছেন। 
King is the representative of God. তিনিই তোমাকে recommendation দিয়ে সেই "ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে"
পাঠাচ্ছেন। 'যাও বৎস, পৃষ্ঠে যেন নাহি লাগে অস্ত্রের আঘাত।' 

সৈনিকগণ ভাগ্যবান, কিন্তু যারা ধর্মগুরুর সৈনিক,  রাজনীতির নেতাদের সৈনিক তাদের জন্য এই জীবন  এবং এই জগৎ ছাড়া তেমন কোন আনন্দময়  দিব্যস্থানের ঠিকানা তো জানা যায়নি। তাদের জন্য পাপ  বা পুন্য, পুরস্কার বা তিরস্কার -- ঠিক কতখানি জোটে  তারও তেমন বিবরণ কোন শাস্ত্রগ্রন্থে লেখা নেই। তাই,  আমার মতে এই যে ধর্মোন্মাদ ধর্মগুরুদের (যুক্তিহীন  সাম্প্রদায়িক বিষ-মেশানো ধর্মের সওদাগর),  রাজনৈতিক নেতাদের (কপট, প্রবঞ্চক জনগণের  মঙ্গলাকাঙ্ক্ষীদের) সৈনিক হিসেবে শুধুমাত্র 'খুনি' হয়ে  আত্মবিসর্জন দিয়ে দুকূল হারানোর মধ্যে না আছে 
পার্থিব, না আছে পরমার্থিব -- কোন সুচির আনন্দময় 
 প্রাপ্তি। বরং তার পরিণতি বেশ উদ্বেগের -- দৈহিক এবং
 মানসিক নরকবাস। 
বন্দীশালায় দেহ আর অনুতাপের কামারশালায় মন। 
মন কেবলই বলবে, 

"হে নরক, হেন দাহ কোথা আছে তোমার অনলে 
যে জিনিতে পারে এ সন্তাপ !" 

কিংবা Shakespeare -য়ের Macbeth যেমন বলেছেন, 
"Will all Neptune's ocean wash this blood
From my hand ?" 

অনেক রক্ত ঝরে গেল ভাই, 
ভাইয়ের বক্ষ হতে, 
এবার তো স্নেহের হাতখানি রাখ 
মৃত দেহটির ক্ষতে। 
তারপর দেখ নিজের সে হাত -- 
শোণিত সোহাগে লেখা, 
"তবে তাই হোক্, বন্ধু ব্রুটাস, 
নরকেই হবে দেখা !" 

দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৪/০৪/'২৩ 

______________________________________















২টি মন্তব্য:

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...