"খাঁচার ভিতর পাখীটি আমার কতই সুখে থাকে।
ভোর না হতেই কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা ডাকে।"
সত্যিই কি পাখী চেনে কৃষ্ণ কিংবা রাধা ?
সত্যিই কি পাখীর কণ্ঠ সাধন সুরে সাধা ?
হয়তো সে ডাক বিষাদ করুণ আশাহত ক্রন্দন !
হয়তো সে ডাকে তীক্ষ্ণ প্রশ্ন কেন এই বন্ধন ?
অবচেতনের অদেখা গহনে উঁকি দেয় বনভূমি,
হয়তো নিত্য মুক্তি সে চায় ঊষার চরণে নমি'।
শূন্য আকাশ সুচির বিরহী ইঙ্গিতে বলে, "আয়,
ডানার কাঁপন নাই ওরে পাখী, আমি কাঁদি বেদনায়।"
এমনি ভাবেই বাকহারা শত লক্ষ প্রাণের বুকে
না-বলা বাণীর অসহ বেদনা বৃথা মরে মাথা ঠুকে।
এমনি করেই সত্য হারায় মিথ্যার অপলাপে।
এমনি করেই দুর্বল মরে সবলের কৃত পাপে।
চিরসুন্দর রূপমনোহর বিশ্বভূবনময় --
কবে আর হবে অবিনশ্বর চিরসত্যের জয় ?
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৮/০৮/ ২০২২
কলকাতা।
Darun
উত্তরমুছুন