শনিবার, ১৭ মে, ২০২৫

দেশপ্রেম, শহীদ ও শিশু

দেশপ্রেম, শহীদ ও শিশু 

(ভয়ে বিস্ময়ে চেয়ে চেয়ে দেখে চার বছরের মণি। সে
বুঝতে পারে না ঠাম্মা, মা, দাদু কেন যে বাবার ছবিটা বুকে জড়িয়ে জড়িয়ে ধরছে, দেওয়ালে মাথাগুলো ঠুকছে। কখনো চিৎকার করে সব্বাই মিলে বাবাকে ডাকছে। বাবা কোথায় গিয়েছে !)

হাজার হাজার বছর ধরে এই ছবি দেখে মণিরা।
বুঝতে পারেনা, বোঝাতে পারেনা কী কষ্ট পায় তারা।
দুর্গম কোন্ সীমান্ত দেশে, দুর্বোধ্য কোন্ ডাকে,
যায়‌ যে বাবারা ফিরে না তো তারা মণিরা অনাথা থাকে।
কিসের যুদ্ধ, কে‌ কার শত্রু জানে জগতের রাজারা,
শুধু শুধু কেন না-জানা কারণে শোকে মরে সব শিশুরা ?
মরণোৎসবে বলি হয় যারা, না হয় 'স্বর্গে' গিয়েছে,
চিরদুঃখের নরক-আবাসে শিশুরা কি সুখ পেয়েছে ?
তাদেরই জন্য পৃথিবীটা নাকি হিংসামুক্ত করা,
তাদেরই জন্যে জগৎটা নাকি আশার আলোকে ভরা,
না থাকলে‌ তারা বৃদ্ধ-আবাস হয়ে যাবে সংসার ?
নির্জলা এক মরুভুমি হবে জীবনের পারাবার !
শিশুরাই নাকি বসুন্ধরার সোনার ভবিষ্যৎ  ?
কেন তবে এই অস্ত্র সৃজন, নিঠুর মারণ-ব্রত ?
যত কোটি প্রাণ সমরাঙ্গনে তোমরা দিয়েছ বলি,
তার সমগুণে অনাথিনী মা'র কোল হয়ে গেছে খালি,
অনন্ত কত অসহায় শিশু কেঁদে ফিরে দিশাহারা' ---
যুদ্ধকে যারা ধর্ম ভেবেছে নেবে কি সে দায় তারা ?

দুলাল চন্দ্র বন্দোপাধ্যায় 
১৭ই মে, ২০২৫
কলকাতা।
_____________________________________________




২টি মন্তব্য:

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...