শনিবার, ৬ জুলাই, ২০২৪

রথযাত্রা

রথযাত্রা 

গতির তরঙ্গভঙ্গে জেগেছে উচ্ছ্বাস দিকে দিকে 
আকাশে বাতাসে সাগরের উথালে পাথালে, 
তটিনীর দুরন্ত প্লাবনে, পাহাড়ের বুকফাটা 
 ঝর ঝর ঝর্ণায়, মেঘভাঙা বৃষ্টিধারে, অগ্নিস্রাবী 
বিদ্যুতের জ্বলন্ত আলোয়। নক্ষত্রের লক্ষ দৃষ্টিবানে 
শঙ্কিত যে রূঢ় অন্ধকার তা'রো আছে দ্রুতি। 
মহারথ জগত সংসার, গতিচক্রে নিত্য তার ধাওয়া 
সীমাহারা সীমা হতে অসীম অনন্ত কোন্ কালের গহ্বরে। 
রথ আছে, আছে রথি, সারথির পাইনি  ঠিকানা। 

আজ রথযাত্রা মহোৎসব, জনপদে জনপদে 
ভক্তদের উল্লসিত জয়ধ্বনি, "জয় জগন্নাথ"। 
রথরশি নররূপী নারায়ণ গণদেবতার হাতে। 
রথারূঢ় ভগিনী সুভদ্রাসহ কৃষ্ণ বলরাম --- 
অসম্পূর্ণ অঙ্গধারী কাঠের প্রতিমা। এতোক্ষণে 
'সারথির পেয়েছি ঠিকানা', অজানার মিলেছে সন্ধান। 
বিশ্বব্যপ্ত চৈতন্যের বিরাট পুরুষ লক্ষ কোটি জনতায় 
আছে অন্তর্লীন, সংসার রথের রশি তারই হাতে ! 
"জগতের নাথ কর পার হে", ওঠে ধ্বনি বর্ষণসন্ধ্যায়। 

দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় 
০৬-০৬-২০২৪
ব্যাঙ্গালোর।
_________________________________________















২টি মন্তব্য:

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...