শালুক বনের উপকথা।
শালুক ফোটে রাতের বেলা,
পদ্ম ফোটে দিনে।
রাতে-কানা ভ্রমরগুলো
সে কথা ঠিক জানে।
"A thing of beauty is a Joy forever."
Endymion, -- Keats.
______________________________________________
শালুক বনের উপকথা
লাল নীল সাদা শালুকের মেলা
দেখি নাই কতো দিন,
বন্ধু আমায় ছবি পাঠিয়েছে --
স্বীকার করেছি ঋণ।
ঘট পুকুরের স্বচ্ছ সলিলে
জল থৈ থৈ শরতে,
দেখার নেশায় ছুটে ছুটে গেছি
পাখি-ডাকা ভোর বেলাতে।
ধুয়ে মুখ তারা শিশির ফোঁটায়
হেসে হেসে মাথা দোলাতো,
ঘুম-ভাঙা চোখে বিমল রূপের
স্নিগ্ধ মাধুরী বিলাতো।
আলো ফুটতেই ভ্রমরের দল
গান শোনাবার ভানে,
পাপড়ি পিঁড়িতে বসতো, আসলে
মধুর গোপন টানে।
যাবার বেলায় হুলের আঘাতে
কোরক চূর্ণ করে'
কমলিকা খোঁজে বনের পুকুরে
বেমালুম যেতো উড়ে।
বিক্ষত বুক শাপলার দুখ
দেখেছি নিজের চোখে --
জলতলে ঢলে' লুকাতো শ্রীমুখ
গভীর বিষাদে শোকে।
হায়, তারা যেন ব্রজগোপীকুল,
প্রেমবঞ্চিতা বালা !
কৃষ্ণ-কাঁটায় বিদীর্ণ হিয়া--
মধুপুরে গেছে কালা।।
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
২২/১১/২০২৩
কলকাতা।
Khub sundar kabita ...palli kabi Jasimuddin ke mane pare galo
উত্তরমুছুন