রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

ডাক

ডাক  

                   "  ..........Last scene of all

That ends this strange eventful history, 

Is second childishness and mere oblivion ; 

Sans teeth, sans eyes, sans taste, sans everything."  

Shakespeare 

(As You Like It _ Act ।।, Scene v।।.)


ধরণীর রঙ্গমঞ্চে মাতৃ-অঙ্কে নন্দিত প্রবেশ।
তারপর কত যে পেয়েছি ডাক কত দিক হতে
জীবনের ঊষাকাল থেকে। স্নেহ সুধা মাখা ডাক,
"আয় বাছা ফিরে আয়, ফিরে আয় ঘরে।"
"এখনি যেয়ো না চলে", সুমধুর প্রণয় আহ্বান
গীতধ্বনিময়। "দিয়ে যাও", পরস্ব যা করেছ হরণ,
"নিয়ে যাও", তোমার যা আছে অধিকার,--
বিচারক নিরাবেগ দিয়েছে এমনি ডাক
সুকঠোর স্বরে কত শত বার -- নাই তার
হিসাব নিকাশ। এবার এসেছে ডাক তার,
বন্ধু যে আমার --- সুখে দুখে, আলোকে আঁধারে,
পথে ও বিপথে, বিরহ-মাথুরে কিংবা মিলন বাসরে,
"ফিরে এসো, মুছে দিয়ে ভ্রান্তির চরণচিহ্ন
ব্যাকুল সন্তাপে।" পঞ্চম অঙ্কের এই পালা
জীবন নাট্যের অবশিষ্ট রজনীর শেষ অভিনয়।
নিভু নিভু বাতি, ছায়া ছায়া মঞ্চজুড়ে একা আমি।
দর্শক আসন শূন্য, বিষন্ন বাঁশিতে বাজে মাড়োয়ার ধুন।
শিথিল হয়েছে সজ্জা, ঘামে ধুয়ে গেছে রঙ,
মুকুট পড়েছে ঢলে, অঙ্গে অঙ্গে ক্লান্তিভার ---
রাজবেশে পাট শেষে বিপন্ন প্রস্থান। 
ভুলের পায়ের ছাপ খুঁজি -- এ কী ! এ যে অগনন !
জীবনের সাজঘরে আরবার হবেনা কি ফেরা ? 


(উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি বিশেষ রাগ মাড়োয়া , রাগটি সান্ধ্যকালিন।  

সুতীব্র দুঃখের আবেশের শেষে বৈরাগ্যের প্রসন্নতা সৃষ্টি করে এই রাগাশ্রয়ী সঙ্গীত)।

দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৭/০৮/২০২৩
ব্যাঙ্গালোর।










1 টি মন্তব্য:

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...