মানুষই দেবতা গড়ে
নির্জন মন্দিরে, একা আছি বসে,
একটি প্রদীপ জ্বলে মন্দদীপ্তিশিখা।
দেববিগ্রহ, করুণামূর্তি, শ্রীমুখে অমল হাসি।
নিখিলের কোলাহল তন্দ্রাচ্ছন্ন স্তব্ধ মাঝখানে।
এমনিই কাটে যদি অবশিষ্ট কয়েকটি প্রহর ,
এ প্রাণের অর্থ কিছু পারি বুঝে নিতে।
মন্দির প্রাঙ্গন ছেড়ে অসীম সংসার--
সমুদ্রমন্থন। অমৃত লালসামত্ত যুদ্ধ দেবাসুরে।
বিষপায়ী নীলকণ্ঠ নিস্পন্দ শ্মশানে।
মানুষ কোথায় সেথা, কোথায় ঈশ্বর ?
যে মূর্তির এত রূপ, দিব্য ভাব, প্রশান্ত সুষমা,
সে কি সৃষ্টি মানুষের, না কি তার আছে বাস
মানব অন্তরে, মূর্তরূপে মন্দিরের আরাধ্য দেবতা ?
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
০৬/৮/২০২৩
ব্যাঙ্গালোর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন