Bird thou never wert,
That from Heaven, or near it,
Pourest thy full heart
In profuse strains of unpremeditated art."
"To a Skylark"
------ Percy Bysshe Shelley.
অবাস্তব
সোনালী ডানার চিল, কোথা তুমি ?
উড়ে গেলে দূরে, বহু দূরে,
দিগন্তরেখার ওই সীমান্তের পারে
গলিত সোনায় সিক্ত নিষ্কম্প ডানায়
কারে যেন ডাক দিয়ে তীক্ষ্ণ তীব্র স্বরে।
অস্তাগামী সবিতৃর কল্যাণ-সিন্দুরমাখা
তোমার ওই রূপ কী যে অপরূপ,
তুমি জানো কি বিহগ ? ম্লান হোল
সন্ধ্যার স্বর্ণাঞ্চলে মেঘেদের সুবর্ণ গৌরব।
দিনান্তের সান্ধ্যমায়া রাত্রির আঁধার হয়ে
নেমে এলো ধীরে। ফিরেছ, কি ফির নাই --
জানি না তা, জানতেও চাই না তা আমি।
সুদূরে হারালে কেবা আর আসে ফিরে ফিরে ?
এতো সুখ, আরাম বিশ্রাম, কামনা সঙ্গিনী,
বনস্পতি-বাস, সুশীতল সুরম্য জীবন
ছিল কি আবদ্ধ ক্লিন্ন ক্লিষ্ট বনবাস ? তাই--
মৃত্যুপণে মুক্তি চেয়ে 'ভ্রষ্টনীড়' অসীমে উধাও !
দৃষ্টির সীমান্তপারে আছো কি কোথাও
নভোচারী ? নাকি শুধু মুক্তপক্ষ বিমূর্ত উড়ান ?
দেহের বন্ধন-ছিন্ন বিহঙ্গের দৃষ্ট বর্ণ, শ্রুত কণ্ঠস্বর
জড়ের জড়ত্ব-মুক্ত, বিশ্বের চৈতন্য মাঝে রয়েছে অমর।
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
০২/০৬/২০২৩
কলকাতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন