সোমবার, ২৫ জুলাই, ২০২২

ভাঙনের তীরে (খণ্ডচিত্র)

নদীতীরে বসে আছেন বৃদ্ধ মহারাজ, যেন মূর্তি পাষাণের। 
 দীঘল শ্বেত পাথরের সিঁড়ি ভাঙছে, ডুবছে স্রোতে। 
ওই যে,  নাই সম্পূর্ণটাই ! স্নানঘর, শিবমন্দিরের চূড়া, 
মহিষীর কুসুম কানন, জলসাঘর, -- কোথায় যে হয়ে গেল হারা ! 
করাল জলতরঙ্গ, ঢেওয়ের পর ঢেও আছড়ায় 
অবিরত পাড়ে --- 
 সহস্রফনা বাসুকির ভীষণ ছোবল ! 
প্রাসাদের দিকে ছুটে যায় ঘুর্ণীবাত্যা-ক্ষুব্ধ জলোচ্ছ্বাস! 
অকস্মাৎ চিহ্নহীন হয়ে গেল রাজার প্রাসাদ, 
সাথে তার-- সঞ্চিত ঐশ্বর্য যত, সম্ভ্রম, গৌরব, দম্ভ, 
মান-অভিমান নিঃশেষে বিলীন। 
"ক্ষান্ত হও, স্পর্শ তুমি করো না আমায়," রাজার হুকুম। 
'খল খল' অট্টহাসি কালতরঙ্গের, ডুবে গেল রাজার 👑 মুকুট ! 

কীর্তিনাশা নদীতীরে সুসজ্জিত যাত্রার আসর ---  
রাজা মহারাজাদের সান্ধ্য অভিনয়। 
মহাকাল তরঙ্গের স্রোত দুর্নিবার, 
বৈভবের আবর্জনা মুহূর্তে বিলয়। 
ক্ষীণকণ্ঠ 'বিবেকের' গান ভাসে দূরে -- 
নির্মম নিয়তি হাসে রাত্রি অন্ধকারে।। 

দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় 
১৯/০৮/২০২২ 
কলকাতা।









২টি মন্তব্য:

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...