দীঘল শ্বেত পাথরের সিঁড়ি ভাঙছে, ডুবছে স্রোতে।
ওই যে, নাই সম্পূর্ণটাই ! স্নানঘর, শিবমন্দিরের চূড়া,
মহিষীর কুসুম কানন, জলসাঘর, -- কোথায় যে হয়ে গেল হারা !
করাল জলতরঙ্গ, ঢেওয়ের পর ঢেও আছড়ায়
অবিরত পাড়ে ---
সহস্রফনা বাসুকির ভীষণ ছোবল !
প্রাসাদের দিকে ছুটে যায় ঘুর্ণীবাত্যা-ক্ষুব্ধ জলোচ্ছ্বাস!
অকস্মাৎ চিহ্নহীন হয়ে গেল রাজার প্রাসাদ,
সাথে তার-- সঞ্চিত ঐশ্বর্য যত, সম্ভ্রম, গৌরব, দম্ভ,
মান-অভিমান নিঃশেষে বিলীন।
"ক্ষান্ত হও, স্পর্শ তুমি করো না আমায়," রাজার হুকুম।
'খল খল' অট্টহাসি কালতরঙ্গের, ডুবে গেল রাজার 👑 মুকুট !
কীর্তিনাশা নদীতীরে সুসজ্জিত যাত্রার আসর ---
রাজা মহারাজাদের সান্ধ্য অভিনয়।
মহাকাল তরঙ্গের স্রোত দুর্নিবার,
বৈভবের আবর্জনা মুহূর্তে বিলয়।
ক্ষীণকণ্ঠ 'বিবেকের' গান ভাসে দূরে --
নির্মম নিয়তি হাসে রাত্রি অন্ধকারে।।
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৯/০৮/২০২২
কলকাতা।
Eto sudor kore eto nirmom satter prokash.....Ekta bhoy o holo
উত্তরমুছুনDarun Darun
উত্তরমুছুন