পথশ্রান্ত উদাস পথিক।
ক্লান্তিভার অঙ্গে অঙ্গে, অহিফেন নেশার মতন।
স্বপ্ন, কল্পনা, চিন্তা, রাতের নর্তকী যারা,
নিয়েছে বিদায়।
শূণ্য প্রাণে বসে আছি একা।
এতদিন কোলাহলে উন্মুখর ছিল এ জীবন।
লক্ষ্যহীন পথে পথে দুর্লক্ষ্য প্রেমের খোঁজে
ব্যর্থ পরিক্রমা।
আজ সর্বনাশ হোক্ যা আছে আমার ।
মরণে মিলায়ে যাক্ আমার এই 'আমি' ।
সৃষ্টির আঁতুড় হতে, আকাশে আকাশে,
সীমাহীন সঞ্চরণ ; বহিরঙ্গ প্রজ্বলন শেষে
ওই আছে পড়ে উল্কাপিণ্ড --
নিথর, নিষ্কম্প, নিরাবেগ।
এমনিই অব্যর্থ হোক জীবনের মুক্তির প্রয়াস।
কেউ নেই, কারেও চাইনা আমি।
দেব, দেবী, দৈব-আশিষ কিংবা মোহ বিড়ম্বনা।
আমিত্ব-হারা জীবনের অন্তিমে আমার
আসুক ভূবনব্যাপী রাহুগ্রস্ত সবিতার নিরন্ধ্র আঁধার।
দুলাল বন্দ্যোপাধ্যায়
১৫/০৫/ ২০২২
শিলিগুড়ি।
Just asadharon. Speechless
উত্তরমুছুনঅনেক দূরের ভাবনা ___!
উত্তরমুছুন