মাতৃবন্দনা
জীবনদাত্রী, জীবনধাত্রী , প্রাণের প্রতিমা ।
মর্মে আমার কর্মে আমার ধর্মে আমার তিনি,
জীবন জুড়ে বিরাজ করেন জীবন প্রদায়িনী।
বিশ্বপ্রাণের ধারা যেমন অসীম উৎস হতে ,
আমার প্রাণের সুধার ধারা মাতৃবক্ষস্রোতে।
প্রেম-প্রীতি-স্নেহ, আনন্দ-বেদনা, অনুভূতি অনুভব
জননী হৃদয়ে সঞ্চিত ভাব আমার হয়েছে সব।
তাঁর দেওয়া চোখে জগৎ দেখেছি, তাঁরই মুখের বাণী,
কানে বাজে তারই সুর মূর্ছনা – চিন্ময়ী বীণাপাণি ।
একান্ন পিঠে পূজা দিয়ে ফিরি, ঘরে দি' জলধারা,
বৃদ্ধাশ্রমে কাঁদেন জননী যেন সন্তান হারা।
তবু শ্রবনেরা এখনো রয়েছে জনক-জননী পূজারী,
তিমির-বিলাসী অন্ধজনের ধর্মপথের দিশারী।
ভক্তিকুসুম দিতে পারি নাই যেদিন ছিলে গো প্রাণময়ী,
সন্তাপে মরি, ঝরে আঁখিবারি তুমি মা এখন চিন্ময়ী।
দুলাল বন্দ্যোপাধ্যায়
০৮/০৫/২০২২
শিলিগুড়ি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন