আমার গ্রাম
গোধুলির অস্পষ্টতা,
ক্লান্ত মেঘছায়া পড়ে ধীরে
আলয়ে কুলায়ে, হাটে-মাঠে-গোঠে,
দূরে নদীপারে নগরীর রাজপথে জ্বলে ওঠে আলো।
এমন প্রশান্তিময় সান্ধ্য অবকাশ ছিল –
নেই আজ আমার এই গ্রামে।
শহর এসেছে এইখানে নিয়ে তার সামান্যই ভালো,
কিন্তু তার অপর্যাপ্ত কালো – ভোগেচ্ছার উদগ্র কামনা,
ভুক্তাবশেষ বর্জ্য যত, লালসার অতৃপ্তির লালা,
ঊর্দ্ধশ্বাস দুর্লক্ষ্য ধূমকেতু গতি, যাত্রা অনিশেষ।
কীর্তনের সুর ছিল যে হরিসভায়, শীর্ষে তার ওড়ে দেখ সমর কেতন।
লাল, নীল, সবুজের দ্বন্দ্বময় বস্তুবাদ – সশস্ত্র সংগ্রাম।
অসহায় পল্লীমাতা রক্ত মোছে শ্যামল আঁচলে।
সান্ধ্যঘুম কমলের, চাঁদ আর শালুকের রাতের ছেনালি,
বৈরাগিনী বিশাখার 'রাই জাগো রাই জাগো'–
উঁকি দেয় বার্ধক্যের স্মৃতির অতলে।
কতো ভালো, কতো মন্দ জানে ভবিষ্যৎ ,
দুর্ণিবার বেগে ধায় সভ্যতার রথ।
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
০৪/০৫/২০২২
শিলিগুড়ি।
________________________________________
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন