দিনের আলো ওই ফুরালো
অস্ত- শিখর চূড়ায়,
ঘুম নেমে আয়, ঘুম নেমে আয়
সোনার চোখের পাতায়।
দিগন্তিকাও সোনার মেয়ে,
সোনার মেঘে গা ডুবিয়ে,
সন্ধ্যাতারার টিপ্ পরে' সে
'পূরবী' - সুরে গায় ।
পূবে যখন আঁধার কালো ,
অস্তাচলে শান্ত আলো ,
পথহারা এক ক্লান্ত পাখি
নীড়ের খোঁজে ওড়ে ।
একটি দুটি তারা ফুটে ,
চতুর্দশীর চন্দ্র ওঠে ,
দীঘির জলে শালুক ফোটে,
শিশির বিন্দু ঝরে।
ঘুম পাড়ানি মাসি পিসী
সবাই কেন গেলো কাশী ?
গল্প তাদের রাজারপুরের
ঘুম পাড়ানি গান --
কোথায় হারা তাঁদের গীতি,
দেব-দেউলে সন্ধ্যারতি,
খোল-করতাল,কাঁসর-ঘন্টা ,
খঞ্জনী কলতান।
কানন ছোঁওয়া শীতল বাতাস ,
সাথে নিয়ে শিউলি সুবাস,
নিঝুম রাতে সোনার সাথে
থাকুক সংগোপন।
আকাশ বেয়ে চাঁদের তরী,
আসবে সুখের স্বপন পরী,
জাগর -নিশা শিয়রে মা
রইবে অনুক্ষণ।
ঘুমায় সোনা, ঘুমায় মাণিক
ঘুমায় মায়ের কোলে।
হীরা পান্না হাসি কান্না,
আননে দেয়ালা দোলে।।
.................................................................
পূরবী রাগ ,
কোমল গীতিময়তার জন্য
শ্রুতিমধুর।
দুলাল বন্দ্যোপাধ্যায়
২৯/১১/২০২১
ব্যাঙ্গালোর ।
Nice
উত্তরমুছুনখুব সুন্দর হয়েছে!
উত্তরমুছুন