"চাঁপার কাঞ্চন আভা সে যে কার কণ্ঠস্বরে সাধা,
নাগ কেশরের গন্ধ সে যে কোন্ বেণীবন্ধে বাঁধা।
বাদলের চামেলী যে
কালো-আঁখি-জলে ভিজে,
করবীর রাঙা রঙ
কঙ্কণঝঙ্কারসুরে মাখা–
কদম্বকেশরগুলি নিদ্রাহীন বেদনায় আঁকা।।"
– রবীন্দ্রনাথ
আলোকের আভরণে দীপ্তিময়ী নববধূ সাজে
কে তুমি রক্তাম্বরী ! মরি আমি লাজে ।
পুষ্পবর্ণ-মুগ্ধ রাজকবি,শব্দরত্নহারে
যথাযোগ্য উপহার দিয়েছে সবারে।
আমি দীন–
ভাবহীন, ভাষাহীন।
রসেরও সে মন্দাকিনী কবে, কতো দূরে,
সংসারমরুর তীরে হারা হয়ে গেছে চিরতরে।
কেন তবে হেন, হে বর্ণসুন্দরী ,
সুন্দরের নর্ম সহচরী,
ভিখারী কবির ঘরে এসে,
অকারণে ভালোবেসে,
রঙের ঐশ্বর্য-সুরা দিয়ে গেলে দৃষ্টি-পাত্র ভরে।
অস্তরাগে-রাঙা জীবনের দিগন্ত-বাসরে কেন আজ
বাজে বাঁশী পূরবীর সুরে।।
রাজকবি?কে আর?
–বিশ্বকবি রবীন্দ্রনাথ।
ফুলের ছবি –
সৌজন্যে : ভাস্বতী বোন।
দুলাল বন্দ্যোপাধ্যায়
১৮/১১/'২১
ব্যাঙ্গালুরু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন