আমার ভিক্ষার ঝুলি কপর্দকহীন।
কী খুঁজে ফিরেছি আমি এতদিন,জীবনের হাটে?
কী চেয়েছি কার কাছে,হেথায় হোথায়,
ঘুরেছি কোথায়–কিছু নাই মনে।ওই দীন,
ভাঙা-চোরা-জড়ো-করা বুড়া, ওই ক্ষীণ
ভিখারিণী ,ভাঙ্গা বাটি, বসে আছে তে-মাথার মোড়ে।
তাদের সঞ্চয় বেশি নয় ; তবু ,যা পেয়েছে তা তাদের
বাঁচার সহায়।
আমি তো চাই নি কিছু যা চেয়েছে তারা –
অন্ন -জল ,বেশ -বাস ,ক্লান্তিহরা আরামের
নিশ্চিত আশ্রয়--নির্বিরোধ জীবন যাপন ,
সবই তো পেয়েছি আমি বাঁচার মতন ;
তাও এ কী তীব্র তৃষ্ণা সারাটি জীবন !
ঠিক কী যে চাই,তাও জানা নাই তো আমার।
তবে মাঝে মাঝে পড়ে মনে ,উদয়-দিগন্ত কোণে ,
বহুদূরে ফেলে-আসা, ভাসা ভাসা ঊষার আলোর মতো
আশা-- স্বপ্ন-সম্ভবা কিছু পাওয়ার দুরাশা ।
বর্ষা রাত্রে আলেয়া সে,মরীচিকা গ্রীষ্ম দ্বিপ্রহরে,
দিনমানে দৃষ্টির বিভ্রম ।যে দিকেই চাই দেখি,
'ওই' কি সে,যে রয়েছে মিশে সহস্রের অশ্রান্ত চলনে--
আবরনে,আভরণে সুন্দরের দূতি ;কিন্তু মুখোমুখী
পাই নাই তার পরিচয় যে আমার একান্ত আশ্রয় --
অনন্ত সুখের বা অসীম দুঃখের ,আর কল্পনার ,
সাধের রচিত মূর্তি-- মূর্ত কামনার !
দু'বাহু বাড়ায়ে ধাই ,বুকেতে জড়াতে চাই,
ছায়া হয়ে সরে যায় নিমেষে কোথায় !
হোল না, হোল না পাওয়া, যা ছিল একান্ত চাওয়া
ব্যর্থ জীবন লীন অব্যর্থ মায়ায় ।
২৪/১১/'২১
ব্যাঙ্গালোর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন