রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭

সভ্যতা


(১)

পঞ্চকোট পাহাড়ের ঢাল 
সেখানেই বনপাড়া গ্রাম -
মাঝিদের পুরানো সাকিন। 
ধক্কড়ের বেটার অসুখ। 
জ্বরে জ্বরে জর্জরে হয়ে আছে একমাস ধরে। 

"ডাইনীর কুনজর পড়েছে নিশ্চয়"
মার্ -মার্ বলে ওঠে মারাঙ গুনিন্। 

"তুর নাড় আমিই যে কেটেছিরে বাপ্  .....।
ও বাপ্ , ওরে বাবা মারিস না আর,
আমি ডাইন লই  ..... তুর ছিলা আমার যে লাতি। 
আমি কোলে নিয়ে যাব ডাক্তরের কাছে  ..........।"

কথা শেষ হলো না তখনও - পড়ে গেল দুখিনী মেঝান। 
তুলা - ধুনা ধুনুড়ির লাঠির নাচন 
যেমনটি হয় - ঠিক তেমন ভাবেই 
ধক্কড় দেখালো তার গতরের জোর। 

হাড়সার দুখিনীর রক্তই ছিলনা -
শুধু মুখ থেকে কস্ বেয়ে , চোখ থেকে চুঁইয়ে 
চার ফোঁটা পড়েছিল নিকানো উঠানে। 
শেষ জলও পেল না সে বিটিটর হাতে। 

মরেছে ডাইনী - বনপাড়ায়  উৎসব ;
তাড়ি আর হাঁড়িয়ায় চুর হল বেবাক যুবক। 

(২)

ওদিকে গাঁয়ের শেষে পলাশের বনে 
শহরের বাবুদের বসন্ত বরণ। 
জোড়া দশ তরুণী - তরুণ আবেগ - মাতাল 
বিলাতি বোতলে , ঠোকে তাল -
'হুল্লালা, হুল্লালা', সুর -বাণী -শরীরের উন্মত্ত নর্তন। 

সন্ধ্যা নামে , স্তব্ধ হয় সব কোলাহল -
মড়া ছুঁইয়ে কেউ নেই দুখিনীর কাছে - সে যে ঘৃণ্য, ডাইন। 
আছে একা কালু , পুরাতন সঙ্গী এই নির্বাক কুকুর 
মুখের রক্ত চাটে তার - বলে বুঝি অবলা শ্বাপদ -
"আজ কেন দিস্ নাই এক মুঠা ভাত ? "


----------------------------------------------------
"ডাইনী অপবাদে পিটিয়ে খুন আদিবাসী রমণী"
এই সংবাদের ভিত্তি তে কবিতা টি রচিত। 
স্থান কাল পাত্র - পাত্রী - সবই কল্পনা প্রসূত। 
বাস্তবের সঙ্গে যদি সাদৃশ্য ঘটে তবে তা কাকতালীয়।।  
Follows the English version soon!!!





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...