বুধবার, ২২ মে, ২০২৪

অসার ভূবনে ভবন বিলাস

মনের মত ঘর গড়েছি। জীবনের সকল সঞ্চয় ---
অর্থ স্বার্থ স্বপ্ন কল্পনাগুলি গাঁথা আছে প্রতি ইঁটে।
ভিতে আছে ভালোবাসা-রসে-মাখা সুরকি সিমেন্ট।
শতেক কুঠুরি তার, বিলাসী আসবাব। জ্বলে, ঝোলে
ঝাড়বাতি মাথার উপর, মখমল-কোমল কার্পেট
পদতলে-- সূর্যাস্তের রঙে রাঙা। জলসাঘরে সুর তোলে
সারেঙ্গী সেতার, দেওয়ালে দেওয়ালে আঁকা নর্তকীর
নৃত্যের তরঙ্গিত দেহের ভঙ্গিমা। আরাম কেদারা জুড়ে
বসে আছি একা। সখা ও স্বজন ছিল যারা নাই আজ ;
একে একে বিদায় নিয়েছে তারা, যেমন বিদায় নেয়
উৎসবের রাত্রিশেষে আহুত বা অনাহুত অভ্যাগত জন।
জনহীন কক্ষে আমি, নির্জন মনোভূমি, শূন্যতার অন্ধকার 
আলোভরা ঘরে।
'না, না', অন্তরাত্মা কেঁদে ওঠে শঙ্কিত বিলাপে।
'এসো, এসো', কে আছো কোথায়, দাও ডাক সোহাগের,
কও কথা মরমের, শরমের, সান্ত্বনার ; না হয় ভর্ৎসনার।
তবু কিছু বল, মানুষের কণ্ঠস্বর জীবনের শাশ্বত সঙ্গীত।

দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৩/৫/২০২৪
কলকাতা।
_____________________________________________

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...