নূতন বছরের প্রার্থনা
আজ আত্মোদবোধন, বন্ধন যুক্তির দিন নূতন বছর।
সংকীর্ণ ধর্ম হতে, নিষ্ফলা কর্ম হতে প্রাণের উদ্ধার।
মনের উন্মুক্ত গতি বিশ্বচরাচরে। স্থিত হোক্ প্রেম,
ভালোবাসা পৃথিবীর আন্তর প্রেরণা, মন্ত্র জীবনের।
অনেক হয়েছে যুদ্ধ। রক্তে ভেজা শ্যামল অঞ্চল
ধাত্রী ধরণীর, হাহাকার দুর্বলের, ধ্বংসস্তূপে লীন
সভ্যতার সহস্র সৃজন --- বিলুপ্তির আঁধারে বিলীন
শত মহামানবের মহাবাণী,ব্যর্থ যত সাধনার ব্রত
সত্য শিব সুন্দরের । চৈতন্যের জ্যোতির্ময়রেখা
প্রত্যুষের, সায়াহ্নের আলোক সম্পাতে, রাত্রির
চন্দ্রমায়, নক্ষত্রের অক্ষরে অক্ষরে আছে লেখা --
হয় নাই দেখা হিংস্রতার অন্ধ মূঢ়তায়। মানবতার
অবক্ষয়ে শক্তির নিষ্ঠুর অপব্যয় দিকে দিকে।
নববর্ষ, নব রবিকিরণে উদ্ভাসিত জগত সংসারে
বাজুক মঙ্গলতান, ঝরুক শান্তির বাণী অজস্র ধারায়
উদার মানবধর্মে, উদাত্ত আহ্বান গীতে, পরম ক্ষমায়।
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
৩রা জানুয়ারী, ২০২৪
কলকাতা।
_____________________________________________
আপনার নববর্ষের যে সঙ্কল্প বাস্তব হোক এটা আমারো প্রার্থনা
উত্তরমুছুন