প্রেম সর্বপাপঘ্ন
যদি আকাশে মেঘের দম্ভ না থাকে,
যদি কুয়াশায় আড়াল না করে পূর্বাশা,
ধোঁয়ায় যদি দৃষ্টি দূষণ না ঘটায়,
তবেই ঊষায় সূর্যোদয়টা দেখে নিও।
দ্যুলোক আলোর ঐশ্বর্যকে ধরে নিও,
পবিত্র তাপ সর্ব অঙ্গে মেখে নিও।
দেখো তারপর জীবনটা কেমন ভরে যায়,
সে পূর্ণতা ভোগ করো আর আমার জন্য রেখে দিও।
যদি গোধূলির ধূলি মলিনতা দূরে যায়,
যদি বোশেখের কালো মেঘখানা সরে যায়,
যদি পেছনের না-পাওয়া বিলাপ থেমে যায়,
তবে সন্ন্যাসী-বেশ সূর্যাস্তটা দেখে নিও।
শেষ আশীষের জ্যোতিঃ-কণাটি হাতে নিয়ে
আঁধার ঘরের প্রদীপ শিখাটি জ্বেলে নিও।
ক্ষমাসুন্দর সে মণিদীপ যে প্রেম দেয়
কিছুটা তার আমারও জন্য রেখে দিও।
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
২১/১২/২০২৩
কলকাতা।
খুবই ভালো
উত্তরমুছুন