শনিবার, ২৫ মার্চ, ২০২৩

ওই যে গাঁ'টি যায় না দেখা

আমার বুকের পাথর নিয়ে
বইছে অজয় জীবন ধুয়ে। 
                        (দুলাল চ. বন্দো.)



মনে হোল লিখি যা তা-- 
কবিতা খাতার পাতা 
ভরে তুলি বৃথা শব্দজালে। 

বসন্তের সমীরণ 
ঘরে ঢোকে অকারণ 
কাঁদে চিল দিকচক্রবালে। 

মন উড়ে যায় দূরে 
ফেলে আসা বনপুরে 
নদী ঝোরা পাহাড়ের দেশে। 

সেখানে পলাশ ফুলে 
মাতাল ভ্রমর দুলে 
মহুলের গন্ধ আসে ভেসে। 

সেখানে অজয় নদী 
বহে যায় নিরবধি 
ঝিরঝির শীর্ণ স্রোত তার। 

অদূরে পাহাড় চূড়া 
যেন সাঁওতাল বুড়া 
নাই তার বয়সের ভার। 

ছাগল গরুর পাল, 
চাষী চলে কাঁধে হাল, 
মহিষের পিঠে তার বেটা। 

ধার্মিক সাধুর বেশে 
খাল পাড়ে বক বসে 
কোন দিকে নাই তার চেঠা। 

মেঠো পথ গেছে দূরে 
কত দূর দূরান্তরে 
সীমাহারা রাঙা ডাঙা পারে। 

রাঙাধূলা মাখা পা'য় 
ত্বরায় পথিক ধায়-- 
ছোট গ্রাম আছে তেপান্তরে। 

জটেশ্বর বট গাছে 
পেত্নি শাঁকচুন্নি নাচে, 
ভুত ছোঁড়া বাজায় ঢোলক। 

শ্যাওড়া ঝোপের তলে 
নাগিনী মাণিক জ্বেলে' 
খোঁজে তার নাকের নোলক। 

শহর নগর ছেড়ে 
অরণ্য নদীর পারে 
আমার সে গাঁয়ে যাবি ভাই ? 

সেখানে কল্পনা আছে, 
স্বপ্নরা মরে' বাঁচে, 
মানুষ দানব সেথা নাই।। 

দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৫/০৩/২০২৩ 


'চেঠা' এটি ঝাড়খণ্ডী বাঙলা বা দাদরি। 
অর্থ -- চেতনা/ মন/ সংবিদ। 

২টি মন্তব্য:

  1. "অদুরে পাহাড়............ নেই তার বয়সের ভার। " অসাধারণ কল্পনা।

    উত্তরমুছুন
  2. Chirontan aakrittim prithibi r ektukro prattichabi vese uthlo
    chokher samne....kabiter madhurjo ekhanei....Anupam bangalore

    উত্তরমুছুন

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...