এস বসন্ত
কাঞ্চন ফুলের আভা মুখে, ওষ্ঠাধরে কিংশুক কুসুম,
কনক চাঁপার দ্যুতি দিব্য অবয়বে, কর্ণমূলে
কাঁঠালি চাঁপার দুল, মহুয়ার উগ্র গন্ধ থাক্।
আপাতত নাগকেশর, হেনা, নয়তো বা বেলি--
তাদেরই আতর মাখা, কৃষ্ণচূড়ার বর্ণছোপা
উত্তরীয় কটিতে জড়ানো। নাই বা গাইলে গান
কোকিলের স্বরে, তোমার চাঁচর কেশে রঙ তার
নিও চুরি করে। ছিন্ন-জীর্ণ শুষ্ক পত্ররাশি --
উড়ে যায় যাক্, ফাল্গুনী কিশোর, তোমার নিঃশ্বাসে।
নূতন পাতার কোলে অর্ধস্ফুট পুষ্পকলি,
মদালসা আঁখির গড়ন, শরম-মেদুর শুভদৃষ্টি,
থাক্ চেয়ে অপলক নবোদিত অরুণের চোখে।
এসো বসন্ত চিরসুন্দর, আনন্দ-আবির মেখে।
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
০২/০৩/২০২৩
অসাধারন
উত্তরমুছুন