ঝরা পাতা
"ঝরা পাতা গো, আমি তোমারি দলে।"
_____রবীন্দ্রনাথ
ঝরা পাতা
জীর্ণ যে পাতা ঝরে গেল আজ হিমেল আঁধার রাতে,
নববসন্ত সোহাগে শ্যামলী তরু কি খুঁজবে তাকে ?
পত্রগুচ্ছ আবরণ তার পুষ্পপুঞ্জ আভরণ,
সূর্য চন্দ্র প্রাণের বন্ধু আলোকের সাথে আলাপন।
মধুপের দল অতিথি কুটুম পাখীরা গায়ক গায়িকা,
মলয়ানিলে নাচে সে তরুণী বনসভা তলে নায়িকা।
খসে পড়া পাতা উড়ে গেছে ঝড়ে অথবা পুড়েছে আগুনে,
বৃদ্ধ নীরস বিবর্ণ মুখ-- কোন দাম নাই ফাগুনে।
এমনি ছন্দে লেখা হয়ে আছে জীবন পথের পাঁচালী;
এক তিল তার হবে না ভিন্ন ওঠে প্রাণ তবু আকুলি।।
মরে গেল যারা, ঝরে গেল যারা এতকাল ছিল কাননে;
বৈশাখী তাপ, শ্রাবণ শিহর সহেছিল স্মিত আননে।
দ্যুলোকের আলো, ভূলোকের রস নিয়ে নিজ মুঠিতলে,
মহাজীবনের অমৃতের ধারা ঢেলেছে সৃষ্টিমূলে।
নূতন কালের কেতন ওড়ায় নূতন পান্থদল।
বৈতালিকের ভৈরবী তানে ছন্দিত চঞ্চল।
নিঃশেষে ক্ষয়ে দিয়ে যেতে হবে যা আছে তোমার আপনার,
সঞ্চিত যত সম্পদ সব সারা জীবনের সাধনার।
এই দান তবু যায় না হারায়ে বিস্মরণের অতলে ;
নূতন কালের পাতায় পাতায় নূতন মুকুলে মুকুলে
বর্ণ গন্ধ রূপের মাধুরী ফিরে আসে মধুমাসে ।
নূতন জীবন নূতন আবেগ ছড়ায় আকাশে বাতাসে।
তবু হৃদয়ের অদেখা বৃন্তে থেকে যায় ক্ষতচিহ্ন,
ঝরাপাতাদের শেষ মর্মরে চৈতালি চাঁদ 🌒 ক্লিন্ন।
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
১২ ফেব্রুয়ারী, ২০২৩।
Kabi Gurur legacy apni agiea niea chalechen....sei chotto balai para kabita mane pare galo " esache sarat himer paras legeche hoer pare ....sakal balai gasher agai , sisirer rekha dhare...., amlako bon kape jano ter buk kare duru duru , peache khabar pata lasano r samai hoeache suru" Anupam Mondal Bangalore
উত্তরমুছুন