শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩

পৌষ সংক্রান্তির পাঁচালী

 বাঙলার পাড়াগাঁয়ে কাদা জলে ভিজে। 
লক্ষ্মীপুরে আসিলেন অন্নপূর্ণা নিজে।। 
লক্ষ্মীর লক্ষ ছেলে কেঁদে বলে, দিদা। 
কি দিয়ে মিটাই বল উদরের খিদা।। 
কান্নার ফল তারা পেল হাতে হাতে। 
বর দিল অন্নপূর্ণা, থাকো দুধে ভাতে।। 
সেই থেকে পরমান্ন আর পুলি পিঠে। 
বাঙলার ছেলে পুলে খায় চেটে পুটে।। 
ঘরে ঘরে পৌষালী আনন্দ অপার। 
"থাকো পৌষ বারমাস যেও নাকো আর।।" 
অন্নপূর্ণা মায়েদের চরণের রেখা। 
বাংলার মেঠোপথে নিত্য পাবে দেখা।। 
মাটিমাখা দুখানি পা, জলে ভিজা গা। 
বাঙলার প্রতি ঘর ডাকে , মা মা।। 
বর্ষায় সজল স্নেহ, শরতে অভয়া। 
হেমন্তে সোনার স্বপ্ন হিমাদ্রী তনয়া। 
পৌষে সোনার ধানে উঠান ভরায়। 
রসে বশে বঙ্গকবি পৌষ-পাঁচালী গায়।। 

(কবিতাটি পাঁচালীর ঢঙে লেখা, পাঁচালীর সুরে
পঠিতব্য।) 

দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
৩০ শেষ পৌষ, ১৪২৯। 

২টি মন্তব্য:

Recently published

অমূল্য

He ( Tagore) who sees all things in his own self and his own self in all things, he does not remain unrevealed.                     ...