(জয়দেব কেন্দুলির আখড়াতে এক বাউলের জীবনাচরণ খুব কাছ থেকে দেখেছি)
নিজেই নিজের জীবনটাকে দিয়ে গেলাম ফাঁকি।
জন্ম হোল আকাশতলে, শ্যামল মাটির কোলে,
কাটলো জীবন সুখের দুখের দোদুল দোলায় দুলে,
মন্দ ভালোর কান্না হাসির দিন ফুরালো সাঁঝে,
এখন এলো রাত্রি নেমে দূরের বাঁশী বাজে।
যতন করে দুহাত ভরে করেছি যা জড়ো,
সর্বনাশা প্রলয়ঝড়ে কাঁপছে থর থর।
মুক্ত উদার ওই যে আকাশ তারার প্রদীপ জ্বলে,
বিপুল বিরাট বসুন্ধরা শোভন ফুলে ফলে,
অথৈ জলের সাগর নীরে মুক্তা মাণিক ভরা,
পাহাড় হতে সহস্রধার নদী কলস্বরা।
অন্তবিহীন জীব-জীবনের জীবন-মরণ খেলায়,
আমিও আছি যুগে যুগে নিত্য প্রাণের মেলায়।
জোয়ার ভাটার নদীর কূলে কাদা মাটির ঘর
শ্রাবণ প্লাবন ধেয়ে আসে -- নিত্য ভাঙন-ডর।
যা আছে আজ, যেমন আছে তাকেই ধরি বুকে---
জীবন তরী যাক না বয়ে ক্ষণকালের সুখে।
''কিসের দুঃখ, কিসের বা শোক, কেন এত আশা ?
বাউল হয়ে বেড়াও ঘুরে, বিলাও ভালোবাসা।''
দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়
০৮/০৭/২০২২
শিলিগুড়ি।
____________________________________________
Super like
উত্তরমুছুনChokhe jol ese gelo ...khub satti
উত্তরমুছুন