এক
ভালোই হয়েছে বন্ধু এসেছে
চৈত্রের বেলা শেষে ,
ভালোই লাগছে বন্ধু এসেছে
প্রণয়ের হাসি হেসে।
সাজায়ে রেখেছি প্রেমের অর্ঘ্য
শিমুল পলাশ রাঙা
মহুলের বনে বাসর - শায়ান
বিয়া ছেড়ে আজ সাঙ্গা।
নিলাজ মনের মাধুরী ছড়াব
ভাদু আর টুসু গানে ,
ঝুমুর বোলের তুলে ঝংকার
ঘুঁঘুরের মিঠা তানে।
হলুদ পাখীর নরম গলায়
প্রেমের সুরভি বিলাব ,
চাঁদের আলাতে মাদলের তালে
অঙ্গে অঙ্গ মিলাব।
শাল পিয়ালের ছায়ায় ছায়ায়
লুকায়ে লুকায়ে খেলা
তুমি আমি জুটি কাটাব জীবন
বসাবো প্রাণের মেলা।
দুই
ভাঙল হটাৎ স্বপণের ঘোর
ভেঙ্গে গেল খেলাঘর
প্রণয়ী আমার ঘাতকের বেশে -
এ কোন মায়াবী বর ?
বিক্ষত করে অক্ষত বুক
নিঠুর নখর অঘাতে ,
সঞ্চিত চিত-সম্পদ সব
লুণ্ঠন করে দুহাতে।
ঘন বন-কেশ লালসা আগুনে
জ্বলে জ্বলে পোড়া চিতা -
পঞ্চকোটের পঞ্চবটিতে
আমি ধর্ষতা সীতা।
ঝুড়ি ঝুড়ি ভরা সহমর্মিতা
সমব্যথী কত আসে
মায়াকান্নার অভিনয় শেষে ,
পিশাচের হাসি হাসে।
বন্য প্রেমের মত্ত আবেগে
কারে যে ডেকেছি অবেলায় -
রূপের লালচে আসে নাই সে যে
এসেছে রক্ত পিপাসায়।
ঘরের মরদ যত কালো হোক
সে আমার মরমিয়া -
তারই হাতে থাক মরন বাঁচন
আমি সতী পুরুলিয়া ।
--------------------------------------------------------------------------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন