"ভালো আছেন কাকু ?"
দূরভাষে ভেসে এল ভুলে যাওয়া স্বর।
"কে তুমি মা , কি তোমার নাম ?"
"সমাদৃতা। "
হায় আমার নির্মম বিস্মৃতি !
স্নেহের সে সমাদৃতা , অনাদৃতা আজ ?
এই ভাবে ছেড়ে ছেড়ে আসি
আমার আত্মীয়কুল , প্রাণের দোসর ,
মানসী প্রতিমা , বাৎসল্য-রসসিক্ত জীবন্ত পুতুল।
আত্মসর্বস্বতা ঢাকে বিবেক, আবেগ।
এখন অন্তিম হাসে নিয়তি নিয়মে।
উপেক্ষায় চলে গেছে যারা বহুদূরে
তাদের করুণ ডাক, ছায়া ছায়া মুখ
ভেসে ওঠে অনুজ্বল, গ্লানিমাখা হৃদয়ের পটে।
'ফিরিবার পথ নাহি ' -
হাহাকার ধ্বনি বুকে ঝড় তোলে
ভস্মমাখা বৈশাখের দিনান্ত বেলায়।
আমি অসহায়।
(পরিমার্জিত)
দুলাল বন্দ্যোপাধ্যায়
০৪/০৪/২০২২
--------------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন